ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এ জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।

আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: টিআইবি: জামায়াতের গবেষণা প্রতিবেদন নিয়ে বিবৃতি বিভ্রান্তিমূলক

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে।’

তিনি বলেন, দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থানটি নির্বাচন করা হবে। এমন স্থান নির্বাচন করা হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন এবং খেলোয়াড়দের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়।

মো. আমিনুল হক বলেন, দক্ষিণ সুরমায় শুধু একটি মিনি স্টেডিয়াম নয় বরং একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গার প্রয়োজন। এ কারণে সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে, সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিতে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।’

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব

বিশ্বের ৫৭টি মুসলিম দেশের জোট ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ।

সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনেই হুসেইন ইব্রাহিমের স্থলাভিষিক্ত হন ইসমাইল উলদ শেখ আহমেদ। 

পরে সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে মহাসচিব হিসেবে শপথ নেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর ইসমাইল শেখ আহমেদ বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক জীবনে ওআইসির মহাসচিব হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে তিন দশকের বেশি সময় কাজ করার পর এই দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্বীকৃতি বলেও উল্লেখ করেন তিনি।

সদস্যদেশগুলো তার ওপর যে আস্থা রেখেছে, তাতে গর্বিত জানিয়ে ওআইসির নতুন মহাসচিব বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে তিনি এই আস্থার মর্যাদা রাখতে চান।

বিশেষ অধিবেশনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ড. ভারসেন আগাবেকিয়ান শাহিনও বক্তব্য দেন। সভা আয়োজনের উদ্যোগ এবং ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সভায় ফিলিস্তিনি এই মন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল এখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জবাবদিহির বাইরে থাকার সুযোগ পাওয়ায় ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডে আরও উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এসব কর্মকাণ্ডে অর্থায়নকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান ড. ভারসেন আগাবেকিয়ান শাহিন।

একইসঙ্গে আল-কুদস বা জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি অনুপ্রবেশ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাষ্য, এসব কর্মকাণ্ড জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের চেষ্টা। একইসঙ্গে এগুলো অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:মোঃআসাদুজ্জামান

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


শিবচরে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে বেগম খালেদা জিয়া স্মৃতি প্রমিলা (নারী) প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খেলায় শরীয়তপুর প্রমিলা ফুটবল একাদশ মাদারীপুর প্রমিলা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে।

এটি শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কুতুবপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। শেষ পর্যন্ত শরীয়তপুর প্রমিলা ফুটবল একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনা রহমান, জামিনুর রহমান মিঠু, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ মল্লিক, সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর হক এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দাতুন্নেছা রূপাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ডিবির অভিযানে ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


গাইবান্ধায় ডিবির অভিযানে ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির জন্য ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে। এই অভিযানের ফলে সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সবুজপাড়া এলাকায় অভিযান শুরু করে। অভিযানের সময় সাথী বেগমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় সাথী বেগমের স্বামী, যিনি কথিত মাদক ব্যবসায়ী, পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাথী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানার অভিযানে গ্রেফতার ২৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানার অভিযানে গ্রেফতার ২৯

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (৪৫), মো. সম্রাট মিয়া (১৯), মো. বাবু মিয়া (২৩), দুর্জয় সরকার (১৯), তানজিম ইসলাম (১৯), সোহেল মোল্লা (৪৫), মো. জুয়েল আহমেদ (২৪), লাল মিয়া (৩৫), মো. সুজন ইসলাম (২৯), মো. আরিফ (৩৩), বাবু (২৩), মো. সোহেল (২৫), নাজিম (২০), সাগর সিকদার (৩৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. আশিক (২০), আমির হামজা (২০) এবং মো. আরিফ খান (২৫)।

অন্যদিকে, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মিন্টু শেখ (৪৩), মো. এনামুল হক (৫৪), মো. আ. কাদের (৩৮), ছোলেমান বেপারী (২১), মো. ফরহাদ ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৫), সোহেল রানা (৪৭), মো. রবিউল ইসলাম (১৯), মো. শামীম (১৯) এবং মো. মাসুম বিল্লাহ (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%