ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

অভিষেকের আগেই গিমারায়েসকে নিয়ে দুশ্চিন্তায় আর্সেনাল


অভিষেকের আগেই গিমারায়েসকে নিয়ে দুশ্চিন্তায় আর্সেনাল

নতুন মৌসুমের শুরুতেই আর্সেনাল বড় ধাক্কার শঙ্কায় রয়েছে। শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের নতুন রেকর্ড সাইনিং ব্রুনো গিমারায়েসকে পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্ভব হয়েছে অনিশ্চয়তা।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারায়েস চলতি মাসের শুরুতে নিউক্যাসল ইউনাইটেড থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগদান করেন। রোববার অনুষ্ঠিত কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান তিনি। আর্সেনালের ৩-০ ব্যবধানে জয়ী হওয়ার ম্যাচে, খেলোয়াড়কে ঝুঁকি এড়ানোর জন্য প্রথমার্ধের খেলার শেষে মাঠ থেকে তুলে নেন কোচ মিকেল আরতেতা।

মাঠ ছাড়ার পর তাকে পায়ে বরফ দেওয়া অবস্থায় দেখা যায়। গিমারায়েসের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে আরতেতা জানান, ‘ভালোভাবেই এগোচ্ছে, তবে দেখা যাক।’

আরও পড়ুন: জুলাই হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড

গত মৌসুমেও আর্জেনটিনার দুর্ভাগ্যবশত আর্সেনাল চোটের কারণে বহু গুরুত্বপূর্ণ সময়ে কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছিল। কাই হাভার্টজ, মার্টিন ওডেগার্ড ও গ্যাব্রিয়েল জেসুসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে ছিলেন। এ কারণে এবার শিরোপা ধরে রাখার অভিযানে খেলোয়াড়দের ফিট রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করছেন কোচ আরতেতা।

আর্সেনাল কোচ বলেন, ‘আমরা যত বেশি আধিপত্য সৃষ্টি করতে পারব, আমাদের ব্যবধানও তত বাড়বে। এই ব্যবধান আরও বিস্তৃত করতে হলে, দলের বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের ফিটনেস ও প্রাপ্যতা উন্নত করতে হবে।’

১৫০ বছর আগে প্রতিষ্ঠিত আর্সেনাল, ইংলিশ শীর্ষ পর্যায়ে ১৪টি শিরোপা নিয়ে সর্বকালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তবে প্রিমিয়ার লিগ প্রকল্পের অধীনে তারা এখনও টানা দুই মৌসুম শিরোপা জিততে পারেনি। অবশ্য, ১৯৩০-এর দশকে তারা টানা তিনবার ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

নতুন মৌসুম সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে আরতেতা বলেন, ‘আমি ভালো অনুভব করছি। ভিন্ন রকম। আশা করি আরও ভালো। আগের চেয়ে বেশি রোমাঞ্চিত, আগের চেয়ে বেশি ক্ষুধার্ত।’

আরও পড়ুন: এমপিদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনের দিকনির্দেশনা সুপারিশ

খেলোয়াড়দের শিরোপা ধরে রাখার আকাঙ্ক্ষায় আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ। তিনি যোগ করেন, ‘আমার কোনও প্রশ্ন নেই যে আমাদের খেলোয়াড়দের সেই আকাঙ্ক্ষা আছে। এখন এটাকে প্রতিদিন কাজে পরিণত করতে হবে।’

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় আর্সেনাল ও কভেন্ট্রি সিটির ম্যাচ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে স্নাতকোত্তরে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করলেন ছাত্রদল নেতা আব্দুল হান্নান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


ঢাবিতে স্নাতকোত্তরে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করলেন ছাত্রদল নেতা আব্দুল হান্নান

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন আব্দুল হান্নান। এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতির পর তিনি ‘ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে।

আব্দুল হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ইউনিটের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে প্রতি সেশনে স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ পেয়ে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ‘ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক’ প্রদান করা হয়ে থাকে।

এই বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, আব্দুল হান্নানের এই গৌরবোজ্জ্বল অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ বছর পর পাকিস্তানে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী, আল-শারাকে আমন্ত্রণ শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


১৯ বছর পর পাকিস্তানে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী, আল-শারাকে আমন্ত্রণ শাহবাজের

সিরিয়ার সঙ্গে রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। খবরটি জানিয়েছে আনাদোলুর।

বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে শাহবাজ সিরীয় প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট আল-শারার প্রতি শুভেচ্ছা জানান।

এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ১৯ বছর পর কোনো সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর। এর আগে ২০০৭ সালে ওয়ালিদ আল-মুয়াল্লেম সর্বশেষ সিরীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তান সফর করেছিলেন।

শাহবাজ শরিফ সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি গোলান মালভূমি ইস্যুতেও পাকিস্তানের অবস্থানের কথা তুলে ধরেন।

দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পাকিস্তান ও সিরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে। পাশাপাশি সিরিয়ায় যেতে ইচ্ছুক পাকিস্তানি তীর্থযাত্রীদের যাত্রাও সহজ হবে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি আল-শাইবানির প্রথম পাকিস্তান সফর। বুধবার রাতে তিনি দুই দিনের সফরে ইসলামাবাদে পৌঁছান।

এছাড়া, তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে যৌথ বিনিয়োগ ফোরাম আয়োজনের প্রস্তাব দেন। পাকিস্তানও সিরিয়ায় বাণিজ্য ও ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানো এবং পাকিস্তান-সিরিয়া যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশ জ্বালানি, পরিবহন, কৃষি, শিল্প, আবাসন, ওষুধশিল্প, বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

বৈঠকে পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে সরকারি সফরে পাকিস্তান আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান শাহবাজ শরিফ।

গত জুনে একটি পাকিস্তানি প্রতিনিধিদলও সিরিয়ায় গিয়ে আল-শাইবানির সঙ্গে বৈঠক করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনমুখী সড়কে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ এম


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনমুখী সড়কে বিধিনিষেধ

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনমুখী সড়কে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় আমন্ত্রিত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় বহু সড়কে সাধারণ ও বাণিজ্যিক যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং কিছু রুটের বাস ও অন্যান্য যানবাহনকে বিভিন্ন বিকল্প পথে চলাচল করতে হবে।

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত সড়ক ও এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। তবে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের গাড়ির ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য নয়।

নির্দেশনা অনুযায়ী, শাপলা চত্বর থেকে আলিকো গ্যাপ হয়ে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সড়কে সব ধরনের গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে। ফলে ওই এলাকায় চলাচলকারী সাধারণ যাত্রী ও চালকদের অনুরোধ করা হয়েছে যাতে তারা আগে থেকেই বিকল্প পথ বেছে নেন।

এছাড়া, শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানমুখী সমস্ত বাসকে নির্ধারিত বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এসব বাস দৈনিক বাংলা থেকে ইউবিএল হয়ে প্রেস ক্লাবের দিকে চলাচল করবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সুবিধাজনক অন্য বিকল্প সড়কও ব্যবহার করা যাবে।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে যে, দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোন বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। তাই ওই সময় পণ্যবাহীসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক যানবাহনের চালকদের বিকল্প রুট ব্যবহার করতে হবে।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনের জন্যও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এসব গাড়িকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিংয়ের দিকে যেতে হবে।

বিকল্প চলাচলের জন্য ডিএমপি কয়েকটি রুটও নির্ধারণ করেছে। এদের মধ্যে রয়েছে—দৈনিক বাংলা থেকে শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং হয়ে নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাকের দিকের সড়ক ব্যবহার করে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

পুলিশ জানায়, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাময়িকভাবে এ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এর ফলে নির্ধারিত সড়ক ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হতে পারে।

এ কারণে সাধারণ চালকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব সড়ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ডিএমপি। একই সাথে যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রয়োজন হলে আগে থেকেই বিকল্প রুট ঠিক করে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামীকাল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ আগেই বিভিন্ন দায়িত্বে ছয়টি কমিটি গঠন করেছে। অনুষ্ঠানটির সমন্বয়, অতিথি তালিকা ও আমন্ত্রণ, আসন ব্যবস্থাপনা, অভ্যর্থনা এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণসহ বিভিন্ন বিষয় এসব কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে নগরবাসীর সামান্য অসুবিধা হতে পারে। এজন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ। সেই সঙ্গে নির্ধারিত সড়ক এড়িয়ে সুবিধাজনক বিকল্প পথে চলাচলের জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর সভায় একাধিক সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৫ এম


শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর সভায় একাধিক সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ৫ম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন। সভাপতি সহ ডাকসুর নির্বাচিত সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের সামগ্রিক অধিকার, ছাত্রকল্যাণ, ক্যাম্পাস অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৫ম কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:

১. ১২ সেপ্টেম্বর পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য উপাচার্যকে জোর দাবি জানানো হয়। উপাচার্য জানান, ডাকসু নির্বাচন বিষয়ে প্রাথমিক একটি সেল গঠন করা হয়েছে। দ্রুত তফসিল ঘোষণা করা হবে।

২. শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য জোর দাবি জানায় ডাকসু নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত তথ্য নোটিশ আকারে প্রকাশ করবে বলে উপাচার্য আশ্বাস দেন।

৩. শাহবাগ থানায় ছাত্রদল কর্তৃক ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগামী সোমবারের মধ্যে সন্তোষজনক অগ্রগতি পরিলক্ষিত না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে করণীয় ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভিসিকে জোর তাগিদ দেয় ডাকসু। ভিসি জানান, ইতোমধ্যে কয়েকজনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাকিদের ব্যাপারেও ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

৫. ডাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে প্রধান করে একটি অডিট কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এই ইন্টার্নাল অডিটের দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

৬. ডাকসুর নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে কার্জন হলে ক্যান্টিন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ভিসি মহোদয়। পাশাপাশি দ্রুত ক্যান্টিন স্থাপনের লক্ষ্যে মোকাররম ভবন ও অ্যানেক্স ভবনের স্পেস বরাদ্দের বিষয়ে স্পেস কমিটির সভা আহ্বানের প্রস্তাব দেয় ডাকসু। ভিসি মহোদয় সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেন এবং দ্রুত স্পেস কমিটির মিটিং আহ্বানের জন্য নির্দেশ দেন।

৭. শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফুড সেফটি কমিটি গঠনের জন্য ভিসি মহোদয়কে দাবি জানান ডাকসু নেতৃবৃন্দ। সেই সঙ্গে কমিটিতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক, ফুড সেফটি অথরিটির একজন প্রতিনিধি এবং ডাকসুর দুজন প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হলে ভিসি মহোদয় কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নীতিগত সম্মতি জানান।

৮. নারী শিক্ষার্থীদের হয়রানি কমাতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় করার জন্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ভিসি মহোদয়কে আহ্বান জানায় ডাকসু। ভিসি মহোদয় কমিটি কার্যকর করার প্রক্রিয়া চলছে বলে জানান এবং খুব দ্রুত এটি কাজ করবে বলেও আশ্বাস দেন।

৯. উপাচার্যের সঙ্গে ডাকসু ও হল সংসদের মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১০. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরমাণু শক্তি কমিশন সরিয়ে অন্যত্র নেওয়ার বিষয়ে জোরালো মতামত প্রদান করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভিসি মহোদয়কে আহ্বান জানানো হয়।

১১. বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত সকল ভবনের ছাদে হাইব্রিড মডেলের সোলার প্যানেল সিস্টেম স্থাপনের প্রস্তাব প্রদান করলে ভিসি মহোদয় এতে ইতিবাচক রেসপন্স করেন।

১২. কলা ভবন ও বিজনেস ফ্যাকাল্টির লিফট সংস্কারের ব্যাপারে জোর আলোচনা করা হয়। এতে বিজনেস ফ্যাকাল্টির লিফটের ব্যবস্থা ডাকসু করবে বলে ভিসিকে অবহিত করেন এবং কলা ভবনের লিফট সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায় ডাকসু। ভিসি মহোদয় ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

১৩. ডাকসুর জোর দাবির মুখে ক্যাম্পাসে কার্যকর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে ভিসি মহোদয় আলোচনা করবেন বলে সভায় জানান এবং করণীয় সম্পর্কে আরও বিস্তারিত অবগত হবেন বলে জানান তিনি।

১৪. শিক্ষার্থীদের জন্য একটি ONE DU APP তৈরির প্রস্তাব সবার সম্মতিক্রমে গৃহীত হয় এবং ভিসি মহোদয় এতে ইতিবাচক ব্ক্তব্য প্রদান করেন। উক্ত অ্যাপে হল (সিট বণ্টন, পেমেন্ট,হলের রেগুলার কাজ), ডিপার্টমেন্ট (কমপ্লিট একাডেমিক প্রোফাইল, কোর্স, টিচার ইভালুয়েসনসহ সকল রেগুলার কাজ) এবং সকল প্রশাসনিক কাজ (সকল স্টুডেন্ট সার্ভিস, ই-নথিসহ রেগুলার কাজ) ইনক্লুড থাকবে।

১৫. টিচার হু ইন্সপায়ার্ড মি থিমে শিক্ষার্থীদের ভোটিংয়ের মাধ্যমে বেস্ট টিচার অ্যাওয়ার্ডে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

১৬. প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে একটি ডিসএবিলিটি সাপোর্ট সেল কমিটি গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় ডাকসুর নেতৃবৃন্দ ভিসি মহোদয়কে এর কাছে গুরুত্ব তুলে ধরেন। এতে ভিসি মহোদয় নীতিগত সম্মতি জানান।

১৭. ডাকসু সংগ্রহশালার দ্রুত সংস্কার সম্পন্ন করে চলতি মাসের মধ্য উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৮. ডাকসুর উদ্যোগে পাওয়া বরাদ্দের দুই কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য জোর দাবি জানানো হয়।

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে সুনির্দিষ্টভাবে পাসের তারিখ ও প্রদানের তারিখ উল্লেখ না থাকায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের সার্টিফিকেটে তথ্যগুলোর (তারিখ) কারণে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। হয়রানি রোধে সার্টিফিকেটে পাসের তারিখ এবং প্রদানের তারিখ আলাদা আলাদা যুক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এবং ভিসি মহোদয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

২০. আবাসিক হলগুলোতে সিট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের অগ্রগতি তদারকির সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত তা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে ভিসিকে জোর দাবি জানায় ডাকসু। ভিসি মহোদয়ও এতে ইতিবাচক সম্মতি দেন।

২১. শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার ও গবেষণার পরিবেশ তৈরির লক্ষে প্রতিটি হলে আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং একজন করে অপারেটর নিয়োগের প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপাচার্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

২২. শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর অগ্রগতি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে উপাচার্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

২৩. নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে রিকশা চলাচল নিয়ন্ত্রণ, প্রবেশদ্বারে প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডিজিটাল গেট স্থাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে ডাকসু। এ ব্যাপারে ভিসি মহোদয় ইতিবাচক আশ্বাস দেন।

২৪. শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়নে হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়। ভিসি মহোদয় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশ্বাস দেন।

২৫. নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জিমনেসিয়াম চলতি মাসে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৬. অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে অনাবাসিক নারী শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার, আন্তঃহল যাতায়াতের সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে ডিজিটাল এন্ট্রি ও এক্সিট ব্যবস্থা চালুর জন্য বিগত সিদ্ধান্তের আলোকে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের জোরালো সহযোগিতা কামনা করা হয়। এ ব্যাপারেও ভিসি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

২৭. দীর্ঘদিন বন্ধ থাকা ই-লাইব্রেরির ডিটেইলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট পরবর্তী সুপারিশের আলোকে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে প্রশাসনের নিকট জোরালো দাবি জানানো হয় এবং ভিসি স্যার নিপা ভবনের সংস্কারের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

২৮. বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর প্রথম ধাপে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বাদ দেওয়া হয়েছে বলে আলোচনা করেন ডাকসু নেতৃবৃন্দ। আলোচনায় প্রথম ধাপে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসিক হল অন্তর্ভুক্তির ব্যাপারে ডাকসু ভিসি মহোদয়কে আহ্বান জানায়। ভিসি মহোদয় এতে ইতিবাচক মনোভাব পোষণ করেন।

২৯. শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ডাকসু নেতৃবৃন্দ। ভিসি মহোদয় দাবির প্রেক্ষিতে এটি বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করবেন বলে জনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%