০২:৪৫ পি.এম
হবিগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ঠেলে পাঠানো বা পুশ ইনের অপতৎপরতা মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়েছে। গত কিছুদিন ধরে সীমান্ত পাহারায় বিজিবির বাড়তি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা বাগানের কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।
আরও পড়ুন: জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে, নওগাঁ জেলা পুলিশের, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
বিজিবি জানায়, সম্প্রতি ভারত থেকে পুশ ইনের মতো অপচেষ্টা বেড়ে যাওয়ার কারণে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রমকে জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শক্তিশালী সমন্বয় গড়ে তোলা হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে যুক্ত হয়ে পুশ ইন প্রতিরোধে এবং এ সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে সক্রিয় অংশ নিচ্ছেন।
এই ঐক্যবদ্ধ হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশ ইন বা অনুপ্রবেশ ঘটতে সক্ষম হয়নি।
গত ২৭ ও ২৮ জুন ২০২৬ তারিখ রাত ও ভোরে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতে নিরাপত্তা লাইট বন্ধ করে একাধিক পুশ ইনের অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে। সীমান্তসংলগ্ন এলাকাবাসীর সতর্ক অবস্থান ও তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ মিলিত হয়ে একটি অটুট সেতুবন্ধন গড়ে তুলেছি।
ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, দেশের সীমান্ত রক্ষায় সব শ্রেণি পেশার মানুষের এই দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তের জন্য পাহারা দিচ্ছি। যেকোনো পুশ ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন