০৮:২৮ পি.এম
নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান উল্লেখ করেন, আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে গিয়েছিলেন। তাকে গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের যৌথভাবে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
তিনি জানান, অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে আটক করা হয়।
গ্রেফতারের পর আবু লালের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিনই দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন খাটেহারা এলাকার তার নিজ বাড়ির রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন