১১:৩৬ পি.এম
টাঙ্গাইলের মির্জাপুরে রবিউল হোসেন নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে বিকালে তাদের কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন—উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) এবং অপরজন একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।
আরও পড়ুন: লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ
এর আগে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায়, পুলিশ বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের লাশ উদ্ধার করে।
নিহত রবিউল ইসলাম পাশের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল সারেংয়ের ছেলে। তিনি মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ভগিনীপতি জহিরুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রোববার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় রবিউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর আড়াইপাড়া গ্রামের রাজীব চাঁনের বাড়িতে বাৎসরিক ওরশ উপলক্ষ্যে লালন সংগীতের আয়োজন করা হয়। সেখানে গান শুনতে রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে গান চলাকালে পাশের গেড়ামারা-গোহাইলবাড়ি গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই তরুণেরা রবিউল ও তার বন্ধুদের মারতে উদ্যত হন। তখন বন্ধুদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টাকালে রবিউল সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন ওরশের অনুষ্ঠানস্থলের প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রবিউলের লাশ শনাক্ত করেন। সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মামলার বাদী জহিরুল ইসলাম রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেফতার রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন গ্রেপ্তার
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার দুজনকে রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া আসামিদের রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন