ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিল্পীরা সাহস করে দাঁড়িয়েছিল বলেই রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে: রিজভী


শিল্পীরা সাহস করে দাঁড়িয়েছিল বলেই রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন যে, দেশের শিল্পীরা সাহসের সঙ্গে মাথা তুলে দাঁড়ানোর কারণে রাজনৈতিক পটপরিবর্তন সম্ভব হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রকৃত কবি সাহিত্যিকরা কখনোই কোনো শক্তির কাছে নিজেদের সত্তা বিসর্জন দেন না, তাই তারা যুগের পর যুগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

আরও পড়ুন: লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ

কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবন নিয়ে প্রশংসা করে তিনি বলেন, স্টালিনের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। প্রচণ্ড সামাজিক হওয়ার পরও, দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছে ফিরে যান। আড্ডার সময়েও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তার মনে থাকত। এটি তার অসাধারণ গুণের একটি উদাহরণ।

রিজভী আরও বলেন, স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ সৃষ্টি করেছেন, যা প্রতিটি অক্ষর ও বাক্যে প্রতিফলিত হয়। তিনি কখনোই নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেননি, যার ফলে তিনি নিজস্ব একটি কাব্যধারা গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরে ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


মির্জাপুরে ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

টাঙ্গাইলের মির্জাপুরে রবিউল হোসেন নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে বিকালে তাদের কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন—উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) এবং অপরজন একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায়, পুলিশ বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের লাশ উদ্ধার করে।

নিহত রবিউল ইসলাম পাশের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল সারেংয়ের ছেলে। তিনি মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন।

এই ঘটনায় নিহতের ভগিনীপতি জহিরুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় রবিউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর আড়াইপাড়া গ্রামের রাজীব চাঁনের বাড়িতে বাৎসরিক ওরশ উপলক্ষ্যে লালন সংগীতের আয়োজন করা হয়। সেখানে গান শুনতে রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে গান চলাকালে পাশের গেড়ামারা-গোহাইলবাড়ি গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই তরুণেরা রবিউল ও তার বন্ধুদের মারতে উদ্যত হন। তখন বন্ধুদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টাকালে রবিউল সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন ওরশের অনুষ্ঠানস্থলের প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রবিউলের লাশ শনাক্ত করেন। সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মামলার বাদী জহিরুল ইসলাম রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেফতার রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার দুজনকে রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া আসামিদের রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে ট্রেনযাত্রী সর্বস্বান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে ট্রেনযাত্রী সর্বস্বান্ত

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভেতর এক যাত্রী অপরিচিত ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন।

এই ঘটনা ঘটে রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টারের অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। তিনি অস্বাভাবিক অবস্থায় স্টেশন মাস্টারের অফিসের কাছে এসে হেলে দুলে পড়ার উপক্রম হন। এ সময় স্টেশন মাস্টার তাকে তার কক্ষে নিয়ে বসান।

স্টেশন মাস্টার ওই যাত্রীকে কিছুটা অস্বাভাবিক দেখে ধারণা করেন, তিনি হয়তো ট্রেনের ভেতর কোনো অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হয়েছেন। পরে তিনি তাকে আচার এবং টকজাতীয় দ্রব্য খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন।

একপর্যায়ে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে জানতে পারেন, তিনি চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। ট্রেনে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তি তাকে খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তিনি অস্বাভাবিক হয়ে পড়েন।

এই সুযোগে দুর্বৃত্তরা তার জ্যাকেটের পকেট কেটে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরে ট্রেনটি লাকসাম জংশনে যাত্রাবিরতি করলে ট্রেনের কয়েকজন যাত্রী তাকে স্টেশনে নামিয়ে দেন।

লাকসাম স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই যাত্রীর নাম ঠিকানা জানা যায়নি। তার বয়স অনুমান ৩৬ বছর।

ওই যাত্রীর বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে বসবাস করেন। চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ওই যাত্রীকে তুলে দেন।

ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য যাত্রীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান ওমর ফারুক ভূঁইয়া।

তিনি আরও বলেন, ভ্রমণের সময় প্রত্যেকের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর বয়স থেকেই রক্তদানের আহ্বান চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাবের ক্যাম্পেইনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


১৮ বছর বয়স থেকেই রক্তদানের আহ্বান চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাবের ক্যাম্পেইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব।

ক্যাম্পেইনে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

ক্যাম্পেইনে রক্তের গ্রুপ পরীক্ষা করানো একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়মান জানান, ‘অনেক আগে একবার রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছিলাম। তবে ক্যাম্পাসে বিনামূল্যে আবারও নিজের রক্তের গ্রুপ নিশ্চিত হতে পেরে খুব ভালো লাগছে। আমার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। তবে ১৮ হলে অবশ্যই নিয়মিত রক্তদান করব, ইনশাআল্লাহ।’

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে চবি বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ এস এম শিহাব বলেন, ‘আজকের ক্যাম্পেইনে আমরা শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতা তৈরি করা, যাতে তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই রক্তদানের আগ্রহ জন্মে। মানবিক ও সেবামূলক এ ধরনের কর্মসূচি আমাদের ক্লাব ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করে যাবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, দুর্যোগে ত্রাণ বিতরণ ও রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করে আসছে। ‘১৮তম জন্মদিনে রক্তদান’ সংগঠনটির একটি নিয়মিত উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবার কারখানা বানালেন আকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবার কারখানা বানালেন আকিব

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ ইয়াবা তৈরির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণসহ আকিবকে আটক করা হয়।

পুলিশের দাবি, আকিব পূর্বে স্বর্ণের দোকানে কাজ করতেন। পরবর্তীতে তিনি চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শিখে নেন।

গ্রেফতার হওয়া আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। তবে তিনি মা-বাবার সঙ্গে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুটি ইয়াবা ট্যাবলেটসহ আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের সময় কুয়াইশ এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আকিব জানান, তিনি মাস কয়েক আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মেশিনটি কিনেছিলেন। মেশিনের ডাইসটি বড় আকারের ট্যাবলেট তৈরির উপযোগী হলেও তিনি তা দিয়ে ছোট আকারের ট্যাবলেট তৈরির ডাইস বসান। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তিনি নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে কাজ নেন এবং কয়েক বছর পরে সেই চাকরি ছেড়ে দেন। এরপর কিছুদিন ধরে তিনি ময়দা, সুজি, রং, বেকিং সোডা ও মেনথল দিয়ে ইয়াবা তৈরির চেষ্টা করছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে আকিবের ভাড়া বাড়িতে ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি কতদিন ধরে এ কাজে সম্পৃক্ত এবং কোথাও কোনো ইয়াবা বিক্রি করেছেন কিনা—তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%