১১:৪৬ পি.এম
রাষ্ট্রপতি ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এ সম্মতি প্রদান করেছেন, যা জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা গেজেটটি রোববার (২২ নভেম্বর) প্রকাশিত হয়।
নতুন আইনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা’ হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানির প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে স্থাপিত সর্বোচ্চ ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে উল্লেখ করা হয়েছে। এর অন্তর্ভুক্ত হবে সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, ইভি চার্জিং স্টেশন, চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমি, ভাসমান সৌরবিদ্যুৎ (ফ্লোটিং সোলার) এবং কৃষি সৌরবিদ্যুৎ (অ্যাগ্রো-ভোল্টাইক)। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা এই আইনের আওতায় পড়বে না।
আরও পড়ুন: নেত্রকোনার তিন উপজেলার মানুষ ৫০ বছর ধরে সেতুর অপেক্ষায়
আইনে উল্লেখ করা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ‘ওপেক্স মডেলে’ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন করা যাবে। এই মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে এবং উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে। তবে, নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে এমন প্রতিষ্ঠান ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় নিজস্ব অর্থায়নে ‘ক্যাপেক্স মডেলেও’ সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে।
সৌরবিদ্যুৎ স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে। চুক্তিতে ব্যবহৃত যন্ত্রপাতির গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ফেরত নেয়ার জন্য ‘টেক-ব্যাক স্কিম’ এবং ই-বর্জ্যের নিরাপদ সংগ্রহ ও পুনর্ব্যবহারের শর্ত রাখা হয়েছে। এছাড়া, কোনো গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের দ্বারা সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন