বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৯ পি.এম
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে অবস্থিত নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুত করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রভাবশালী বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন। তবে, সারগুলো বায়জাপ্ত করা হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তানোরের সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। অভিযানের সময় প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রহমান হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে সার মজুত করার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়, যার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এদিকে, স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে নায্যমুল্যে বিক্রির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা এক বস্তা সারও পাচ্ছেন না, অথচ কোল্ড স্টোরে বিপুল পরিমাণ সার মজুত করা হচ্ছে। তারা তদন্তের মাধ্যমে এসব সার কোথা থেকে এবং কার মাধ্যমে আনা হচ্ছে তা বের করার দাবি করেছেন। এছাড়াও, জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কৃষকেরা। এ বিষয়ে তানোরের সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক জানান, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে (আরইআরএমপি) লটারীর মাধ্যমে নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের উদ্যোগের কারণে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদীহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন। এই উদ্যোগের ফলে স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ বা দূর্নীতির মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারীর আয়োজন করা হয়।
লটারি প্রক্রিয়াটি ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, উপ-সহকারী প্রকৌশলী রাজিব আহমেদ প্রমুখ সহযোগীতা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী নিয়োগের জন্য আবেদন করেছেন। লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট একশ’ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে ছুটির দিন ব্যতীত প্রতিদিন কাজের জন্য তিনশ’ টাকা করে মজুরি পাবেন। এর মধ্যে একশ’ টাকা করে বাধ্যতামূলক ব্যাংক একাউন্টে সঞ্চয় করতে হবে। তিন বছর পর সঞ্চিত টাকা একসাথে উত্তোলন করা যাবে। এই উদ্যোগের ফলে ওইসব পরিবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আরইআরএমপি-রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ এবছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশ’ ২৩ দশমিক ১৫ কোটি টাকা। সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার চারশ’ ৬০ জন নারী শ্রমিক প্রকল্পের ৮৮ হাজার নয়শ’ ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন। হতদরিদ্র নারীপ্রধান পরিবারকে সহায়তা করা এবং সারাবছর গ্রামীণ সড়ক চলাচলের উপযোগী রাখার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার স্থানীয় জনগণের উদ্যোগে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানে করে সারের বস্তাগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের মাধ্যমে এনামুল হক নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সার স্থানীয় এক সার ডিলার মারফত বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁর সাপাহার উপজেলা থেকে অটোভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অবৈধভাবে ৩৪ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর অটোভ্যানের গতিবিধি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়।
এরপর তারা ভ্যানে থাকা বস্তাগুলো তল্লাশি করে সার পাচারের বিষয়টি নিশ্চিত করেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে অভিযুক্ত এনামুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত সারগুলো স্থানীয় সার ডিলার মজিবুরের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে লক্ষীপাশাস্থ দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। এরপর কালিয়া উপজেলার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। তিনি উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেবে। জোটগতভাবে ১১ দলীয় প্রার্থী হবে না। এর ফলে এনসিপির সাংগঠনিক পরিচিতি বৃদ্ধি পাবে। দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণা এগিয়ে যাবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, "আমড়া নতুন দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জন করতে পেরেছি। সাংগঠনিকভাবে দল এগিয়ে যাচ্ছে। নতুন দল হিসেবে আমড়া জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে।"
এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা আহবায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্মআহবায়ক আবুল বাশার, উজ্জ্বল মোল্যা, যুগ্মসদস্য সচিব সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জ্বল, জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর এবং নড়াইল সদরের এনসিপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ১২ নভেম্বর, ২০২৬ : কদমতলা বাজারের আশপাশে মাদক ব্যবসা বন্ধ করার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সচেতন মহল মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডা. মো. মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডা. হাসান সিদ্দিকী লাভু, আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়ারুল ইসলাম, ওষুধ ব্যবসায়ী আশরাফুজ্জামান এবং কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবু সাঈদ। এ সময় কদমতলা বাজার কমিটির সদস্যসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন যে, কদমতলা বাজারসংলগ্ন নলকুড়া গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তারা একাধিকবার মাদকসহ গ্রেফতার হলেও পুনরায় একই কাজে ফিরে আসছেন।
বাজার কমিটি এবং এলাকাবাসী তাদের প্রতিহত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও সফলতা অর্জন করতে পারেননি।
বক্তারা আরও অভিযোগ করেন যে, গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালানো হয়।
এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বক্তারা এ সময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ