বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১১ পি.এম
গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার স্থানীয় জনগণের উদ্যোগে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানে করে সারের বস্তাগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের মাধ্যমে এনামুল হক নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সার স্থানীয় এক সার ডিলার মারফত বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁর সাপাহার উপজেলা থেকে অটোভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অবৈধভাবে ৩৪ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর অটোভ্যানের গতিবিধি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়।
এরপর তারা ভ্যানে থাকা বস্তাগুলো তল্লাশি করে সার পাচারের বিষয়টি নিশ্চিত করেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে অভিযুক্ত এনামুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত সারগুলো স্থানীয় সার ডিলার মজিবুরের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে লক্ষীপাশাস্থ দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। এরপর কালিয়া উপজেলার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। তিনি উল্লেখ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেবে। জোটগতভাবে ১১ দলীয় প্রার্থী হবে না। এর ফলে এনসিপির সাংগঠনিক পরিচিতি বৃদ্ধি পাবে। দলীয় প্রার্থীর প্রচার-প্রচারণা এগিয়ে যাবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, "আমড়া নতুন দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জন করতে পেরেছি। সাংগঠনিকভাবে দল এগিয়ে যাচ্ছে। নতুন দল হিসেবে আমড়া জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করছি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে হবে।"
এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা আহবায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্মআহবায়ক আবুল বাশার, উজ্জ্বল মোল্যা, যুগ্মসদস্য সচিব সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জ্বল, জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, বৃহস্পতিবার রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর এবং নড়াইল সদরের এনসিপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ