১২:৫২ পি.এম
আবাসন (ইকামা), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে এই সমস্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জন আবাসন আইন (ইকামা) লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন, ৪ হাজার ৫৭৬ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় এবং ২ হাজার ৮৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।
কর্তৃপক্ষের আরও তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
আরও পড়ুন: শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ৮০ জন আহত
এছাড়া, সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে যাওয়ার সময় ৫৪ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বা যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ বা অবস্থানকারী ব্যক্তিদের সহযোগিতা করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন রয়েছে।
নিরাপত্তা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য নাগরিক ও বাসিন্দাদের সন্দেহজনক কার্যকলাপ বা আইন লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: আরব নিউজ
আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে যেভাবে সহায়তা দেওয়ার প্রস্তাব দিলো পাকিস্তান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন