০৯:৪৩ এম
বাংলাদেশের পাঁচটি কয়লা খনিতে বর্তমানে মজুত রয়েছে প্রায় ৭৮০ কোটি টন উন্নতমানের কয়লা। এই কয়লার মূল্য টাকার হিসেবে ১৩০ লাখ কোটি টাকা, যা দেশের ১৫টি জাতীয় বাজেটের সমান। এই বিপুল প্রাকৃতিক সম্পদ মাটির নিচে রেখেই প্রতি বছর ২৪ হাজার কোটি টাকার কয়লা আমদানি করা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত বছরে ১,১৫০ মিলিয়ন টন কয়লা উত্তোলন করছে, যার ৯৬.৫ শতাংশই উন্মুক্ত বা ওপেনকাস্ট পদ্ধতিতে তোলা হচ্ছে।
বাংলাদেশের বার্ষিক উৎপাদন ভারতীয় উৎপাদনের ১,১৫০ ভাগের এক ভাগ তথা মাত্র এক মিলিয়ন টনের মতো, যা কেবল উন্মুক্ত পদ্ধতিতে যেতে না পারার কারণে। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। বিশেষজ্ঞদের আশা, সংশ্লিষ্ট পক্ষগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা গেলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা সম্ভব হবে, যা জ্বালানি সংকট দূরীকরণের পাশাপাশি আমদানিনির্ভরতা কমাবে এবং দেশের অর্থনীতি ও জিডিপির আকার বৃদ্ধি করবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের প্রতিটি প্রান্তে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালি ও বাব-আল মান্দেবে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হওয়ায় সংকট আরো ঘনীভূত হচ্ছে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে। ভারত তার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো শুরু করেছে। দক্ষিণ কোরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সীমা তুলে নিয়েছে। জাপানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় উৎপাদনে আনার প্রস্তুতি নিচ্ছে। থাইল্যান্ড ও ফিলিপাইনসহ বহু দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। বাংলাদেশকেও বৃহদাকার কয়লা উত্তোলনে মনোনিবেশ করতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে ৫৭২ মিলিয়ন টন উন্নতমানের বিটুমিনাস কয়লা মজুত রয়েছে। বাপেক্স কর্মকর্তাদের মতে, এর মধ্যে প্রায় ৪৭৫ মিলিয়ন টন উত্তোলনযোগ্য। খনিটি পূর্ণ সক্ষমতায় চালু হলে এখান থেকে বছরে প্রায় দেড় কোটি টন কয়লা উত্তোলন সম্ভব।
উত্তোলনযোগ্য দুই কোটি ৪০ লাখ টন
পেট্রোবাংলার তথ্যানুযায়ী, বাংলাদেশ বছরে প্রায় দুই কোটি থেকে দুই কোটি ২০ লাখ টন কয়লা আমদানি করে। ২০২৪-২৫ অর্থবছরে কয়লা আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১১৯ কোটি ডলার। দেশের প্রধান তিনটি খনি থেকে প্রতি বছর দুই কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব। ফুলবাড়ী থেকে দেড় কোটি টন আসতে পারে। বড়পুকুরিয়া নর্থ ও দিঘিপাড়া থেকে যথাক্রমে ৬০ লাখ ও ৩০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব।
আরও পড়ুন: সাবেক এমপি বদির ছেলে, দুই ভাই ও যুবলীগ নেতা গ্রেপ্তার
সংশ্লিষ্টদের ধারণা, ফুলবাড়ী খনি চালু হলে দেশের কয়লা আমদানির সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত স্থানীয় কয়লা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হবে। তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য খনি এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষকে পুনর্বাসন, কৃষিজমি, সুপেয় পানি সংরক্ষণ ও পরিবেশগত বাস্তুতান্ত্রিক প্রভাব সমন্বয়ের মতো জটিলতা রয়েছে। এ অবস্থায় সংবেদনশীল ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যালোচনা করে নিজস্ব খনিজসম্পদ ব্যবহারে কীভাবে সামনে এগোনো যায়, সেটিই এখন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
কয়লা উত্তোলনেই মুক্তি
জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, কয়লা উত্তোলনে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ঝুঁকি নিতে হবে। কারণ, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব কয়লা ব্যবহার জরুরি হয়ে উঠেছে। কাজেই মাটির নিচে গচ্ছিত না রেখে কয়লা উত্তোলনেই মুক্তি দেখছে সরকার। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দেশের জ্বালানি নিরাপত্তা, আমদানি হ্রাসের বিষয়গুলো বিবেচনায় নিয়ে স্থানীয় কয়লা উত্তোলনে জোর দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনের বিষয়টি প্রাথমিক অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে।
খনিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ খনি থেকে উত্তোলন শুরু হলে বছরে ১৫ মিলিয়ন বা দেড় কোটি টন কয়লা পাওয়া যাবে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগে যেসব সমীক্ষা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: সিলেটে পারিবারিক ভ্রমণে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ ৪ জন গ্রেপ্তার
উত্তোলনে ভারতীয় মডেল
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সূত্র নিশ্চিত করেছে যে, সরকার এবার কয়লা উত্তোলনে ভারতীয় নীতি অবলম্বন করবে। আন্দোলন ও উত্তোলন সমান্তরালে চলবে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে ভারতের পরিবেশবাদী এবং আদিবাসী সম্প্রদায়গুলো দীর্ঘ সময় ধরে তীব্র আন্দোলন ও প্রতিবাদ করে আসছে। ছত্তিশগড়ের ‘হাসদেও আরান্দ’ বনভূমি রক্ষায় উন্মুক্ত কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে গত এক দশকেরও বেশি সময় ধরে স্থানীয় আদিবাসী ও পরিবেশবাদীরা বিক্ষোভ করছেন। ঝাড়খণ্ডের হাজারীবাগ বা চিরুডিহ অঞ্চলে উন্মুক্ত খনির জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষক ও পরিবেশকর্মীরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন। পরিবেশবাদী সংগঠনগুলো ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে অসংখ্য মামলা লড়ছে। এসব আন্দোলন-মামলা চলমান অবস্থায় ভারত সরকার প্রতি বছর ১,১৫০ মিলিয়ন টন কয়লা উত্তোলন অব্যাহত রেখেছে।
আগে পুনর্বাসন, পরে উত্তোলন
একাধিক জ্বালানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান বিশ্বব্যবস্থার পরিপ্রেক্ষিতে দেশের কয়লাসম্পদ উত্তোলনের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাঝেমধ্যেই দেশের নিজস্ব কয়লা খনিগুলোর অবস্থা, উত্তোলন পরিস্থিতি ও আর্থিক সাশ্রয়সহ নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দিঘিপাড়া ও জামালগঞ্জের কয়লাখনি সম্পর্কে তিনি ইতিবাচক ধারণা নিয়েই অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম কমে নতুন মাত্রা পেল
জাতীয় সংসদের গত অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়লা উত্তোলন করতে গেলে ওপেন পিট (উন্মুক্ত পদ্ধতিতে) যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে বসতবাড়ি আছে, কৃষিজমি আছে। অবশ্যই সবার আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেসব মানুষকে আগে সেটেলমেন্ট করা যায়।’
মুনাফার অংশ পাবেন ক্ষতিগ্রস্তরা
জানা যায়, খনি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির ইজারা বাবদ অর্থ দেওয়ার পাশাপাশি খনির মুনাফার একটি অংশও তাদের দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে ফুলবাড়ী খনি উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জমি, বসতবাড়ি স্থানান্তর, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার খনিসংলগ্ন এলাকার জমির মালিক এবং স্থানীয় বাসিন্দারা প্রস্তাবিত ব্যবস্থার আওতায় আসতে পারেন। ফুলবাড়ী খনি এলাকায় প্রায় ১০ হাজার একর জায়গাজুড়ে ৪০ হাজার মানুষের বসবাস। খনি উন্নয়নে প্রায় ৪৮ বর্গকিলোমিটার এলাকা প্রয়োজন হতে পারে। খননকাজ শুরুর পূর্বেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: জাতিসংঘের এআই প্রতিযোগিতায় ৩৭ দেশের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
আরো দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
কয়লা উত্তোলনের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগে ২,৬৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এলএনজির তুলনায় কয়লার উৎস ও সরবরাহ তুলনামূলকভাবে স্থিতিশীল। বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা সাত হাজার মেগাওয়াটের কিছু বেশি। এসব বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ৯৫ শতাংশ কয়লাই আমদানি হয়। নতুন দুটি কেন্দ্র স্থাপন করার পর সক্ষমতা প্রায় ১০ হাজার মেগাওয়াটে দাঁড়াবে। ফলে স্বাভাবিকভাবেই কয়লার চাহিদা বাড়বে। যদিও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞদের পরামর্শ
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পূর্বে সংশ্লিষ্ট এলাকার কৃষক, জমির মালিক, স্থানীয় প্রভাবশালী মহল এবং রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়ে প্রখ্যাত ভূতত্ত্ববিদ, জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, যদি কয়লা উত্তোলন করতেই হয়, সেক্ষেত্রে ভূগর্ভস্থ পদ্ধতিতেই যেতে হবে। সেটা সীমিত কিংবা মাঝারি যেকোনো আকারে হতে পারে।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস, প্রতি ১০ মিনিটে খুন ১
তিনি বলেন, যাদের জমি খনিতে ব্যবহার করা হবে, তারা কীভাবে এ প্রকল্প থেকে সুবিধাভোগী হবেন, সেটি নিশ্চিত করতে হবে। কৃষিজমি, সুপেয় পানি, পরিবেশগত জটিলতাগুলো গুরুত্বের সঙ্গে নিতে হবে। এজন্য সরকারি নীতিনির্ধারক, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্তদের সম্পৃক্ত করে কমিটি করার পরামর্শ দেন তিনি।
দেশের স্বার্থে সিদ্ধান্তÑমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে। দেশে প্রচুর কয়লা মজুত থাকার পরও উত্তোলন করতে না পারায় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করে এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে শিগগির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন