ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপের চেষ্টায় কড়া হুঁশিয়ারি ইরানের


হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপের চেষ্টায় কড়া হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড মেনে নেয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। পারস্য উপসাগরের একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির পথের নিয়ন্ত্রণ গ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়ায় এই কথা জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপকে বরদাস্ত করবে না তেহরান।

সোমবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারিটি উচ্চারণ করেছেন সংস্থাটির মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল ইব্রাহিম জোলফাকারি। সম্প্রতি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং এই জলপথের সুরক্ষায় নিজেদের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরান কঠোর অবস্থান নিয়েছে। মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বারংবার দুঃসাহসিক ও উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যের স্বাভাবিক পথকে মারাত্মক ঝ risk এর মুখে ঠেলে দিয়েছে। তিনি সতর্ক করে জানান, ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া এবং নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজের চলাচলের চেষ্টা করা হলে তেহরান কঠোরভাবে তার প্রতিক্রিয়া জানাবে।

আঞ্চলিক দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জোলফাকারি জানান, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী কর্মকাণ্ডে যদি কোনো দেশ কারিগরি কিংবা অন্য কোন ধরনের সহযোগিতা প্রদান করে, তবে তা সরাসরি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে গণ্য হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো কারণে অঞ্চলে যুদ্ধের বিস্তার ঘটলে তার ভয়াবহ আগুন প্রতিবেশী সব দেশকেই গ্রাস করবে এবং এর দায়ভার একান্তই ওয়াশিংটন ও তাদের সহযোগীদের নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় মাছ রক্ষায় এএসপি মুনতাসিরের অভিযানে ৩ কি.মি. নিষিদ্ধ চায়না জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ এম


দেশীয় মাছ রক্ষায় এএসপি মুনতাসিরের অভিযানে ৩ কি.মি. নিষিদ্ধ চায়না জাল জব্দ
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।
 
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
 
পুলিশ জানায়, জব্দ করা ৪২টি জালের মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হবে।
 
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর একটি মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে দেশীয় প্রজাতির মাছ এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।"
 
তিনি আরও বলেন, "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা হাসপাতাল পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ এম


নকলা হাসপাতাল পরিদর্শন

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। শনিবার সকালে তিনি পরিদর্শনে আসেন।

পরিদর্শনের অংশ হিসেবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা রেজিষ্টার ও বায়োমেট্রিক এটেনডেন্সসহ অফিসিয়াল যাবতীয় বিষয়াবলী পর্যবেক্ষণ করেন। যেখানে মানোন্নয়ন করা জরুরি সেখানে প্রয়োজনীয় দিক নির্দেনা প্রদান করেন তিনি।

পরে হাসপাতালের জরুরি বিভাগ, অন্ত:বিভাগ, বহির্বিভাগ, এনসিডি কর্নার, ইসিজি কর্নার, ডেন্টাল কর্ণার, আইএমসিআই কর্ণার, কৈশোরবান্ধব কর্ণার (এডুলেসন কর্ণার), লেবার ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডসহ সেবাদানকারী জরুরি কর্নার সমূহ পরিদর্শন করেন তিনি। তিনি অন্ত:বিভাগের পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ খবর নেন।

এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার চলমান কর্মকান্ড তদারকি করেন এবং যেসকল জায়গা আবশ্যক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি এমন সম্ভাব্য জায়গা সম্পর্কে উপস্থিতিদের অবহিত করেন। তাছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশ যথাসময়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও এর আশপাশ স্বাস্থ্য বান্ধন হিসেবে গড়ে তুলতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন মান্যবর সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও প্রধান সহকারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি বিমান প্রতিহত করতে সানা বিমানবন্দরে হামলা চালাল ইয়েমেন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৪ এম


ইরানি বিমান প্রতিহত করতে সানা বিমানবন্দরে হামলা চালাল ইয়েমেন সরকার

ইয়েমেনে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার সানা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। সরকারের দাবি, ইরান থেকে আসা একটি বিমানও যেন সেখানে অবতরণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুথি বিদ্রোহীদের প্রতিক্রিয়ায় সৌদি আরবের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ইরানি বিমান অবতরণের চেষ্টা করছিল। এর আগে তারা সরকারের নিজস্ব বিমানকে অবতরণে বাধা দিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে সরকার বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক লোকজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলাকা ত্যাগের নির্দেশ দেয়।

যদিও পরবর্তীতে হুথি দাবি করেছে, তাদের প্রতিনিধিদল ও চিকিৎসাধীন নাগরিকদের বহনকারী ইরানি বিমানটি সফলভাবে হোদেইদাহ বন্দরে অবতরণ করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক আইন ও ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

অন্যদিকে, হুথির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর পরপরই হুথি সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি: সন্দেহের তীর নিরাপত্তা প্রহরী জাকিরের দিকে

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


কুলিয়ারচরে এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি: সন্দেহের তীর নিরাপত্তা প্রহরী জাকিরের দিকে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসিল্যান্ড অফিসে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত ১১জুলাই শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনাটি ঘটে। চোর কিংবা চোরেরা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শারমিনের অফিস কক্ষ থেকে 'ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প'-এর একটি সরকারি ল্যাপটপ নিয়ে গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা সরাসরি জড়িত থাকার সন্দেহে ওই অফিসের নাইট গার্ড (নিরাপত্তা প্রহরী) মো. জাকির হোসেন (৩০)কে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে যথারীতি অফিসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. জাকির হোসেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, অফিসের দরজা-জানালা বা আসবাবপত্রের কোনো রকম ক্ষয়ক্ষতি কিংবা ভাঙচুর ছাড়াই চোর ভেতরে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যায়। কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের আলামত না থাকায় ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে চরম অবহেলার কারণে এই চুরি হয়েছে, অথবা এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।

এদিকে চুরির ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে। নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বেসরকারি প্রতিষ্ঠান 'কৃষ্ণা সিকিউরিটি এজেন্সি'-র মাধ্যমে কুলিয়ারচর এসিল্যান্ড কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের অফিস সহকারী মো. রুবেল মিয়ার ভাই হওয়ার কারণে জাকির বেশ প্রভাবশালী। আর এই পারিবারিক খুঁটির জোরেই সে পার পেয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসিল্যান্ড অফিসে ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই অফিসের নিরাপত্তা প্রহরী মো. জাকির হোসেনকে থানায় আনা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সরকারি ল্যাপটপটি উদ্ধারে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

এবিষয়ে জানতে বাবলী শবনমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%