১০:০৪ এম
সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও জনবল কাঠামো হালনাগাদের মূল চালিকাশক্তি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের প্রশাসন পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বর্তমানে তীব্র জনবলসংকটে ভুগছে। এমনকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত পদের প্রায় ২০ ভাগ শূন্য রয়েছে। একেকজনের কাঁধে একাধিক অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে কাজ চালানো হচ্ছে, যার ফলে অনেক কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। মন্ত্রণালয় দ্রুত এই সংকট কাটানোর উদ্যোগ গ্রহণ করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এবং সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত সারসংক্ষেপ থেকে জানা গেছে, মন্ত্রণালয়ে অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি ফাঁকা রয়েছে। এর ফলে দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানিয়েছেন, "আমরা সব সরকারি প্রতিষ্ঠানেই জনবল নিয়োগের ওপর জোর দিয়েছি। এটা নিয়ে আমাদের বিভিন্ন মেয়াদি পরিকল্পনা আছে।" তিনি আরো বলেন, "জনবল নিয়োগে ১৮০ দিনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদগুলোও দ্রুত পূরণ হবে।"
তিনি আরও উল্লেখ করেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
আরও পড়ুন: তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন
প্রাপ্ত একাধিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি খালি ক্যাডার পর্যায়ে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ হবে এমন ১৫৪ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে বর্তমানে ৯০ জন কর্মরত আছেন। ফলে ৬৪টি ক্যাডার পদ ফাঁকা রয়েছে। এর ফলে একজনের দায়িত্ব একাধিক কর্মীর কাঁধে চাপছে। এছাড়া, ১১ থেকে ১৬ গ্রেডে শূন্য পদের সংখ্যা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই গ্রেডগুলোতে ৩৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ ১৭১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৮ জন। দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদের মধ্যে ১৩০ জন কর্মরত আছেন, ফাঁকা রয়েছে ১৬টি পদ। ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে সবচেয়ে কম শূন্য রয়েছে, যেখানে অনুমোদিত ১৫৮ পদের মধ্যে ১১টি শূন্য। কর্মরত আছেন ১৪৭ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। ইতিমধ্যে অনেক পদ পূরণ হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ সময়ে পূরণ হয়েছে ২ হাজার ৬১টি পদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দিতে চায় সরকার।
জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া বলেন, "যেকোনো শূন্য পদ দ্রুত পূরণ করা দরকার। সরকারি বিভিন্ন দপ্তরে অনেক পদ ফাঁকা আছে। সরকার ইতিমধ্যে উদ্যোগও নিয়েছে শুনেছি। তবে এসব দ্রুত হওয়া দরকার।" তিনি আরও বলেন, "একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে অনেকগুলো পরিবার চাকরির মাধ্যমে উপকৃত হবে। শূন্য পদ থাকলে ওই প্রতিষ্ঠানের অন্য কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ থাকে।"
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
আরও পড়ুন: ‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর ঢাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন