ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ


মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। পূর্বে ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়সীমা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে এবং সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষিতে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বায়ুমান স্কোর ৯৬

নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের দুটি শ্রেণির জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে :

মোটরসাইকেল (স্কুটার) : ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য : নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। এই ক্ষেত্রে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

আরও পড়ুন: মহানগর এক্সপ্রেসের চলন্ত অবস্থায় দরজা খুলে পড়ায় দুই যাত্রী আহত

বিআরটিএ কর্তৃক নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্তাবলীও রয়েছে।

ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

আরও পড়ুন: পাবনার ৬৫৯ স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদানে জটিলতা

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ

রেলওয়ের মিটার গেজ ইঞ্জিনের বহরের প্রায় ৭০ শতাংশ আয়ুষ্কাল হারিয়েছে। ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির বয়স ২০ বছর পেরিয়ে গেছে। পুরনো এসব ইঞ্জিন সচল রাখতে রেলওয়ে হিমশিম খাচ্ছে। যন্ত্রাংশের অভাব, মেরামতে দীর্ঘসূত্রতা এবং বাড়তি পরিচালন ব্যয়ের কারণে যাত্রী ও মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সংকট মোকাবেলার জন্য সরকার ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে তিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর অর্থায়নে ৮০টি নতুন ইঞ্জিন কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

রেলওয়ের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির মোট ২৯২টি লোকোমোটিভের মধ্যে মিটার গেজ ১৬৪টি এবং ব্রড গেজ ১২৮টি। কোড-ম্যানুয়েল অনুসারে একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু ২০ বছর। সেই হিসাবে মিটার গেজের ১১৫টি ইঞ্জিন মেয়াদ পার করেছে। বাকি ৪৯টির আয়ুষ্কাল রয়েছে। তবে, এসব ইঞ্জিনের কতটি নিয়মিত ব্যবহারের উপযোগী, তার পৃথক পরিসংখ্যান নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ইঞ্জিনের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। যদি পাওয়া যায়, তবে দাম বেশি। ফলে মেরামতের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকে অনেক লোকোমোটিভ। জ্বালানি ও পরিচর্যা ব্যয় বাড়ছে। পর্যাপ্ত ইঞ্জিনের অভাবে নতুন ট্রেন চালু এবং পণ্য পরিবহন সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন কেনা হবে। এডিবির ৩০টি ইঞ্জিন সংগ্রহের জন্য দরপত্র কার্যক্রম চলমান রয়েছে। এআইআইবির অর্থায়নে সমপরিমাণ ইঞ্জিন কেনার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, "২০২৯ সালের মধ্যে ৮০টি ইঞ্জিন পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এডিবির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ২০টি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।"

এআইআইবির ঋণসহায়তায় ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৭ লাখ এবং ঋণ এক হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, টুলস এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামও কেনা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন লোকোমোটিভ যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরসহ মিটার গেজ রুটগুলোতে ট্রেন চলাচল বাড়ানো সম্ভব হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সক্ষমতা বৃদ্ধি পাবে। রেলওয়ের পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের লক্ষ্য থাকলেও বিলম্বের কারণে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্ত এ ধরনের ট্রেনের প্রয়োজন হতে পারে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে আইআইএফসি বাংলাদেশ। গত ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কয়েকটি শর্ত পূরণের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করা হয়। পরে সেগুলো অনুসারে ডিপিপি সংশোধন করা হয়েছে।

রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, "ইঞ্জিনের অভাবে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো উদ্যোগ না নেওয়ায় সংকট তৈরি হয়েছে। নতুন লোকোমোটিভ যুক্ত হলে এ পরিস্থিতির অবসান হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র, ক্রয়, উৎপাদন ও সরবরাহ শেষ করাই এখন বড় পরীক্ষা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থানে অটল রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, ইসরাইলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং যদি কেউ প্রবেশ করে, তবে তাকে বহিষ্কার করা হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই নীতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, "মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।" তিনি উল্লেখ করেন, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল যাযাবরদের কমিউনিটি নেটওয়ার্ক স্কুলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির অভিযোগ উঠার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ ছিল, কিছু ইসরাইলি নাগরিক অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনোয়ার বলেন, "বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে।" তিনি আরও বলেন, "মালয়েশিয়ার নীতিতে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।" যদি কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত ইহুদিবিদ্বেষের কারণে নয়। বরং, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন, দখলদারিত্ব ও সহিংসতার বিরোধিতা থেকেই মালয়েশিয়া এই অবস্থান নিয়েছে। তিনি বলেন, "মালয়েশিয়া ইহুদি জনগণের বিরুদ্ধে নয়; বরং ইসরাইলের নিপীড়নমূলক কর্মকাণ্ড ও দখলদারিত্বের বিরোধিতা করছে।" যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতার আপত্তি সত্ত্বেও ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে, আটজন মার্কিন কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে ইসরাইলি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতি যুক্তরাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওয়াশিংটনে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছিল।

মোহামাদ হাসান বলেন, "মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা দেশটির ভ্রমণ নথি স্বীকৃত নয়।" তিনি উল্লেখ করেন, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিন ধরে দেশটি এই নীতি অনুসরণ করে আসছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্ব থাকা একজন ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরবর্তী যাচাইয়ে তার ইসরাইলি নাগরিকত্বের বিষয়টি সামনে এলে তাকে দেশ ছাড়তে বলা হয়।

প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনও বলেন, ইসরাইলি নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের নীতির অংশ। মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসরাইলি নাগরিকদের প্রবেশের অনুমতি দেয় না।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলের ইস্যু করা ভ্রমণ নথি মালয়েশিয়ায় প্রবেশের জন্য স্বীকৃত নয়। বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে অভিবাসন যাচাই, নিরাপত্তা পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন আরও জোরদার করা হবে।

মন্ত্রণালয় জানায়, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা কিংবা জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের প্রবেশে বাধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ১৯৫৯/১৯৬৩ সালের অভিবাসন আইনসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারি চালানো হবে।

মালয়েশিয়া সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি ও তথ্যনিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরকারি কর্মকর্তাদের জন্য গুগলের মালিকানাধীন নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন।

সরকারি তথ্য ও ব্যবহারকারীদের ব্যক্তিগত উপাত্ত ইসরাইলি কর্তৃপক্ষের অপব্যবহারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিকল্প হিসেবে দেশীয় নেভিগেশন অ্যাপ তুজু ব্যবহারের পরামর্শও দেন তিনি।

মালয়েশিয়ার এসব পদক্ষেপ ইসরাইলের প্রতি দেশটির দীর্ঘদিনের কঠোর অবস্থানের পাশাপাশি নিরাপত্তা ও প্রযুক্তিগত ক্ষেত্রেও সতর্কতা বাড়ানোর প্রবণতা স্পষ্ট করেছে। মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সরব দেশটি। গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে কুয়ালালামপুরের ইসরায়েলবিরোধী অবস্থান আরো জোরালো হয়েছে।

সূত্র: বারনামা ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। উভয়েই জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকটি মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে হয়।

বৈঠকের পর এমিনে এরদোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে একটি পোস্টে জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

এমিনে এরদোয়ান তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন, যা উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের বক্তব্য, অনুপস্থিত অনেক প্রভাবশালী নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের বক্তব্য, অনুপস্থিত অনেক প্রভাবশালী নেতা

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : তুরস্কে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ এর মঞ্চে বুধবার বক্তব্য রাখবেন বিশ্বনেতারা, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে এবারের সম্মেলনে বেশ কিছু প্রভাবশালী নেতার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারগুলোর ওপর চাপ বাড়ছে।

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে এবারের সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের নেতাদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত থাকবেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় আসছেন। তবে সম্মেলনে যোগ দিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই।

জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক ই৩-জি এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল এএফপিকে বলেন, ‘ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন।’

তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা বলেছেন, বিশ্বনেতাদের অনুপস্থিতি একেবারে অস্বাভাবিক নয়। বিভিন্ন বাস্তব ও দাপ্তরিক কারণে কোনো কোনো নেতার পক্ষে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হয় না।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেছেন, এবারের জলবায়ু সম্মেলন নিয়ে প্রত্যাশা খুব বেশি নয়।

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। এদিন তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেন, ‘বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা।’

তিনি আরও বলেন, ‘আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।’

‘আমাদের তো লুলা আছেন’

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় দেশটির কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও সম্মেলনে যোগ দিচ্ছেন না। তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং দেশটির প্রতিনিধিত্ব করবেন। সি চিনপিং সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনায় দেশ দুটির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে কসিমা ক্যাসেল বলেন, ‘আমাদের তো লুলা আছেন।’

গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভা বিজয়ী হয়েছেন, যা জলবায়ু আন্দোলনকর্মীদের জন্য স্বস্তির বিষয়। কারণ, লুলা দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে কাজ করে আসছেন।

কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি স্বেচ্ছামূলক উদ্যোগের পক্ষে প্রচার চালাচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশে বিদ্যুতের অংশীদারিত্ব উন্নীত করা।

তবে ইউরোপীয় ইউনিয়ন জোর দিয়ে বলেছে, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা অবশ্যই পরিবেশবান্ধব বা পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে উৎপাদিত হতে হবে। এ অবস্থান থেকে তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ভূমিকা নিয়ে সম্মেলনে বিতর্ক তৈরি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ২০২৩ সালে প্রথমবারের মতো নীতিগতভাবে একমত হয়েছিল বিশ্বনেতারা। কিন্তু এরপর থেকে প্রতিবছর অনুষ্ঠিত কপ সম্মেলনগুলোতে এ লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা কঠিন হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%