১০:৫৩ এম
২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমায় সর্বশেষ ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। নতুন সিনেমার পর্বে ‘জেমস বন্ড’ হিসেবে অভিনয় করার জন্য বলিউডের নতুন মুখের নাম শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে শোবিজের অঙ্গনে গুঞ্জন উঠেছে যে, বলিউড অভিনেতা হৃতিক রোশন হতে যাচ্ছেন হলিউডের আইকনিক চরিত্র ‘জেমস বন্ড’র নতুন মুখ।
জেমস বন্ড, যিনি ব্রিটিশ সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস MI6 এর সদস্য, এই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। সম্ভাব্য বন্ড হিসেবে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, হ্যারি স্টাইলস, এবং জ্যাক লোডেনের নাম উঠে এসেছে। তবে সিনেমাটির নির্মাণের ক্ষেত্রে হৃতিক রোশনের নাম নতুন মোড় নিয়ে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক LACMA গালাতে প্রথম মূলধারার ভারতীয় অভিনেতা হিসেবে যোগ দেন হৃতিক। অনুষ্ঠানে তার কাস্টম-মেড কালো স্যুটে ড্যাশিং লুক দেখে ভক্তরা মনে করেন, তিনি যেন 'জেমস বন্ড'-এর প্রতিচ্ছবি।
আরও পড়ুন: শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া
হৃতিকের ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করার গুঞ্জন আরও জোরালো হয়েছে, যখন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং বিখ্যাত সিনেমা ‘ডিউন’ (Dune)-এর পরিচালক ডেনিস ভিলনভ-এর সাথে তার আড্ডা ও ছবি তোলার মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশিত হয়।
হলিউডে গুঞ্জন রয়েছে যে, পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ডেনিস ভিলনভ। এ কারণে হৃতিকের ভক্তরা আশাবাদী যে, ভারতীয় এই তারকা এবার ‘০০৭’ চরিত্রে ধরা দিতে পারেন।
এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হৃতিক রোশনের ২০০২ সালের একটি পুরনো মন্তব্য। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নায়ক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে বলছেন, ‘আমিই হতে পারি সেরা জেমস বন্ড’।
জানা গেছে, ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয়ের জন্য সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট চলছে। তবে হৃতিক এই স্ক্রিন টেস্টে যুক্ত রয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। এ প্রজেক্ট নিয়ে হৃতিকের পক্ষ থেকে কোনো অফিসিয়াল মন্তব্যও করা হয়নি।
আরও পড়ুন: ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা মাহজাবীন
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নায়ক চূড়ান্ত হলে ২০২৭ সালের শুরুতে নতুন ‘জেমস বন্ড’-এর শুটিং শুরু হবে। এরপর ২০২৮ সালে বিশ্বখ্যাত সিরিজটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন