০২:৪৫ পি.এম
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায়, পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশের লক্ষ্য রাখা হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এই উদ্যোগের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন প্রদান করেছেন। তিনি উম্মে তালহা তাবাচ্ছুম কবীরের হাতে অনুমোদনপত্র ও নিয়োগপত্র তুলে দেন। শিক্ষা কর্মকর্তার এই লিখিত অনুমোদন ও নিয়োগপত্র বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসের দিন, ১৭ নভেম্বর, উম্মে তালহা একদিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে। এই দিনটি তার জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সরকারি বৃত্তির সুযোগ
শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে।
দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে উম্মে তালহা তাবাচ্ছুম কবীর বলেন, “একদিনের জন্য হলেও প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। এটি আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। আমি বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা দেওয়া শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে উম্মে তালহা বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে।
আরও পড়ুন: ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে সুযোগ কতটা বাড়বে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন