শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৫ এম
মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখে যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা প্রয়োজন।
বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।
এছাড়া, শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিসরের রাজধানী কায়রোতে ‘সভ্যতার সেতু’ শীর্ষক একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, যেখানে সৌদি আরব, মিসর এবং রাশিয়ার ৬০ জনেরও বেশি দৃশ্যশিল্পী অংশগ্রহণ করছেন।
এ তিন দিনব্যাপী আয়োজনে সৌদি আরবের প্রায় ৩০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। তাঁদের চিত্রকর্মে সৌদি আরবের সমৃদ্ধ ইতিহাস, জাতীয় পরিচয়, ইসলামী ঐতিহ্য, স্থাপত্যশৈলী এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত সাংস্কৃতিক উত্তরাধিকার প্রতিফলিত হয়েছে।
প্রদর্শনীতে সৌদি শিল্পীদের শিল্পকর্মের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে দুই পবিত্র মসজিদ, ইসলামের ইতিহাস এবং মহানবী (সা.)-এর জীবনীসংক্রান্ত বিভিন্ন বিষয়। এছাড়া, সৌদি আরবের ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নযাত্রার চিত্রও তুলে ধরা হয়েছে। বিশেষ করে, হজ ও ওমরাহযাত্রীদের যাতায়াত সহজ করতে নির্মিত হারামাইন হাই-স্পিড রেলওয়ে সৌদি আরবের আধুনিক উন্নয়ন ও সেবামূলক উদ্যোগের প্রতীক হিসেবে শিল্পকর্মে স্থান পেয়েছে।
সৌদি শিল্পীরা জানিয়েছেন, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে তাঁদের অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য হলো সৌদি আরবের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরা। পাশাপাশি, শিল্পের মাধ্যমে আরব দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করে তোলাও তাঁদের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের লোহিত সাগরের উপকূলবর্তী জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে হামলার ফলে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবারের এই হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়, যা কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় উল্লেখ করা হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছিল যে, ইরান-সমর্থিত হুথিরা শোধনাগারটিতে হামলা চালিয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।
এটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর হুথিদের সর্বশেষ হামলা। হামলার এক দিন আগে, গোষ্ঠীটি দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার ও অপরিশোধিত তেল রপ্তানির কেন্দ্র রাস তানুরা এবং লোহিত সাগরের উপকূলীয় জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল। দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা সংঘটিত হয়।
জাজান তেল শোধনাগারটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত এবং এর দৈনিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা চার লাখ ব্যারেল।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার নিন্দা জানিয়েছে এবং পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, “বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।”
বৃহস্পতিবার পরে আল-মালিকি আরো দাবি করেন, জোটের বাহিনী ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করেছে। তার দাবি, ওই মঞ্চ ব্যবহার করেই জাজান তেল শোধনাগারে হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সংঘাত তীব্র
এদিকে ইয়েমেনে স্থলযুদ্ধের পরিস্থিতি তীব্র হয়েছে। পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, তারা হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের ১১৭ যোদ্ধা নিহত হয়েছেন এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, মারিব প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সম্মুখসারিতে হুথিদের বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আল-জাওফ, তাইজ, লাহজ, শাবওয়া ও হাজ্জা প্রদেশেও হুথিদের বিরুদ্ধে লড়াই চলছে।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হুথিরা আনসার আল্লাহ নামেও পরিচিত।
হুথি বাহিনী হাবিব আল-সারম, আল-হুজাল্লা এবং আল-মাসরাখ জেলার আল-আকুরোদ এলাকায় হামলা চালিয়েছে।
ইয়েমেনের জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে রয়েছে। দেশটির গৃহযুদ্ধ জুলাইয়ে নতুন করে তীব্র হওয়ার পর থেকে তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার মধ্যে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে।
এর আগে এসব হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। রিয়াদে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করতে হয়েছিল। পাশাপাশি এশিয়ান কাপ ফুটবল এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভসহ (এফআইআই) বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয় দেশটি।
ইয়েমেনের সংঘাত দেশের সাধারণ মানুষের ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, আগস্টে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইয়েমেনে ২ হাজার ৩৬১ জন নিহত এবং ১০ হাজার ৯৮২ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে, আগস্টের শুরু থেকে দেশটিতে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দালাল চক্রের খপ্পরে পড়ে ৬ হাজারের বেশি বাংলাদেশির জীবন এখন অনিশ্চয়তায়। সমুদ্রপথে গ্রিসে গিয়ে আটক হওয়া এসব বাংলাদেশির জনপ্রতি ১৬ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। বন্দিশিবিরে মানবেতর জীবন কাটানোর পাশাপাশি দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
উন্নত জীবনের আশায় অনেক স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দালাল চক্রের মাধ্যমে মিসর ও লিবিয়া হয়ে সমুদ্রপথে গ্রিসে পৌঁছান এসব বাংলাদেশি। সেখানে যেতে একেকজনের খরচ হয়েছে ১৬ থেকে ৩০ লাখ টাকা। কেউ জমি বিক্রি করে, আবার কেউ ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন।
ভুক্তভোগীরা জানান, ‘আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। খাবারদাবারেরও অনেক সংকট। আমরা এখন কী করব? কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ নিয়ে এখানে এসেছে। এখন যদি আমাদের দেশে ফেরত পাঠানো হয়, তাহলে আমাদের কী অবস্থা হবে?’
গ্রিসে পৌঁছানোর পরই পুলিশের হাতে আটক হন ৬ হাজারের বেশি বাংলাদেশি। বন্দিশিবিরে নেয়ার পর তাদের আশ্রয়ের আবেদনও বাতিল করা হয়। মানবেতর জীবনযাপন করা বাংলাদেশিদের এরই মধ্যে দেশে ফেরার প্রস্তাব দিয়েছে গ্রিক সরকার।
এদিকে, দালালদেরও কোনো খোঁজ পাচ্ছেন না ভুক্তভোগীরা। এত টাকা খরচ করে বিদেশে গিয়ে এখন কী নিয়ে দেশে ফিরবেন, তা নিয়েই দুশ্চিন্তায় তারা। ভুক্তভোগীরা বলেন, ‘দ্বিতীয় ধাপে আমরা আপিল করেছি। এরপর এখন বলা হচ্ছে, আমাদের দেশে পাঠিয়ে দেয়া হবে। যদি দেশে পাঠিয়ে দেয়, তাহলে দেশে গিয়ে আমরা কী করব? প্রত্যেকের মাথাপিছু প্রায় ২০ লাখ টাকা ঋণ রয়েছে। দেশে ফিরে কীভাবে সেই ঋণ পরিশোধ করব?’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, এসব বাংলাদেশিকে সহায়তার জন্য গ্রিক সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে দালাল চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আমাদের এখান থেকে আলোচনা চলছে, যারা ওখানে বিভিন্ন ক্যাম্পে আছেন, তাদের দেশে পাঠানোর বিষয়ে গ্রিক সরকারের সঙ্গে কথা বলা হবে। সেখানে এ ধরনের মানবেতর জীবনযাপন না করে যাদের দেশে ফেরার সুযোগ আছে, তারা দেশে আসার চেষ্টা করলেই ভালো হবে।’
দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। তাই বিদেশ গমনে ইচ্ছুকদের দালালের প্রলোভনে না পড়ে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা এই দিনকে অন্যান্য দিনের তুলনায় বিশেষ মর্যাদা দিয়েছেন। ফলে, জুমার দিনে মুমিনদের হৃদয়ে এক অপার্থিব সুখের অনুভূতি সৃষ্টি হয়। পারস্পরিক সৌহার্দ ও ভালোবাসার উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। এ দিন বিশেষ কিছু ইবাদত ও আমল রয়েছে, যা মহানবী (সা.)-এর জীবনে দেখা যায়। নিচে সেগুলোর আলোচনা করা হলো—
১. জুমাবারের ফজরের তিলাওয়াত করা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) শুক্রবার ফজরের নামাজে সুরা আস-সিজদা এবং সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১০৬৮)
জুমার দিনে এই সুরা তিলাওয়াতের কারণ হলো, এতে আদম (আ.)-এর সৃষ্টির কথা, পুনরুত্থানের বিষয়, কিয়ামতের দিন সকলের সমবেত হওয়ার আলোচনা রয়েছে। এজন্য উম্মতকে এই সুরা পাঠের মাধ্যমে স্মরণ করানো হয়।
২. বেশি পরিমাণে দরুদ শরিফ পড়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।" (আবু দাউদ, হাদিস: ১০৪৭)
৩. জুমার নামাজ আদায় করা: ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে জুমার নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ। আরাফার দিবসের পর এই দিনেই সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয়। যারা জুমার নামাজকে অবহেলা করে, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দেন।
৪. গোসল করা: এই দিনে বিশেষভাবে গোসল করার তাগিদ এসেছে। সালিম (রহ.) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে।" (তিরমিজি, হাদিস: ৪৯২)
৫. সুগন্ধি ব্যবহার করা: অন্য দিনের তুলনায় এদিন বেশি সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাইদ খুদরি (রা.) বলেন, "আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।" (সহিহ বুখারি, হাদিস: ৮৮০)
৬. দ্রুত মসজিদে যাওয়া: জুমার দিনের ফজিলত লাভের জন্য এই আমল গুরুত্বপূর্ণ। তাই এদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
৭. ইবাদতে মশগুল থাকা: ইমাম জুমার নামাজে আসার পূর্ব পর্যন্ত নামাজ, জিকির ও তিলাওয়াতে রত থাকা।
৮. খুতবার সময় সম্পূর্ণ নিশ্চুপ থাকা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল, ‘চুপ থাকো’ সে একটি অনর্থক কাজ করল।" (সুনানে নাসায়ি, হাদিস: ১৪০১)
৯. সুরা কাহফ পড়া: আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।" (আত-তারগিব, হাদিস: ৭৩৫)
১০. জুমার নামাজের নির্ধারিত সুরা পাঠ করা: নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) দুই ঈদের নামাজে ও জুমার নামাজে ‘সাব্বিহিসমা রব্বিকাল আলা’ ও ‘হাল আতা-কা হাদিসুল গা-শিয়াহ’ সুরা দুটি পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৯১৩)
কিছু বর্ণনায় এসেছে, রাসুল (সা.) সুরা জুমুআ ও সুরা আলা তিলাওয়াত করতেন।
১১. পরিচ্ছন্ন ও সুন্দর কাপড় পরিধান করা: আবু জার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, এরপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করা হয়।" (সুনানে ইবনে মাজা, হাদিস: ১০৯৭)
১২. মসজিদে সুগন্ধি লাগানো: ওমর (রা.) জুমার দিন দ্বিপ্রহরে মসজিদে সুগন্ধি লাগানোর জন্য আদেশ করেছেন।
১৩. ক্ষমা প্রার্থনা করা: এদিন মহান রবের পক্ষ থেকে গুনাহ মাফের বারি বর্ষিত হয়। মহানবী (সা.) বলেছেন, "কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এ নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা (মোচনকারী) হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কবীরা গুনাহ থেকে বেঁচে থাকে।" (মুসনাদে আহমাদ, হাদিস ২৩৭২৯)
১৪. মৃতদের জন্য দোয়া করা: জুমার দিন কবরের আজাব মাফ হয়ে যায়। আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) জুমার দিন ছাড়া (অন্য দিন) ঠিক দুপুরে নামাজ আদায় করা অপছন্দ করতেন। তিনি বলেছেন, "জুমার দিন ছাড়া (অন্যান্য দিনে) জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়।" (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৮৩)
জুমার দিনে বা রাতে যে মারা যাবে, তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে, এটি এই হাদিস থেকে প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আজাব দেওয়া হবে না, এটি নিশ্চিত নয়।
১৫. বেশি বেশি দোয়া করা: বিশেষ সময়ে দোয়া কবুল হয়। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন।" তিনি বলেন, "সে মুহূর্তটি অতি স্বল্প।" (সহিহ মুসলিম, হাদিস: ১৮৫৮)
বেশিরভাগের মতে, সে সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। (জাদুল মাআদ থেকে সংক্ষেপিত)
তালাশ বিডি/মিডিয়া লিঃ