প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের লোহিত সাগরের উপকূলবর্তী জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে হামলার ফলে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবারের এই হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়, যা কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় উল্লেখ করা হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছিল যে, ইরান-সমর্থিত হুথিরা শোধনাগারটিতে হামলা চালিয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।
এটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর হুথিদের সর্বশেষ হামলা। হামলার এক দিন আগে, গোষ্ঠীটি দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার ও অপরিশোধিত তেল রপ্তানির কেন্দ্র রাস তানুরা এবং লোহিত সাগরের উপকূলীয় জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল। দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা সংঘটিত হয়।
জাজান তেল শোধনাগারটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত এবং এর দৈনিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা চার লাখ ব্যারেল।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার নিন্দা জানিয়েছে এবং পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, “বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।”
বৃহস্পতিবার পরে আল-মালিকি আরো দাবি করেন, জোটের বাহিনী ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করেছে। তার দাবি, ওই মঞ্চ ব্যবহার করেই জাজান তেল শোধনাগারে হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সংঘাত তীব্র
এদিকে ইয়েমেনে স্থলযুদ্ধের পরিস্থিতি তীব্র হয়েছে। পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, তারা হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের ১১৭ যোদ্ধা নিহত হয়েছেন এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, মারিব প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সম্মুখসারিতে হুথিদের বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আল-জাওফ, তাইজ, লাহজ, শাবওয়া ও হাজ্জা প্রদেশেও হুথিদের বিরুদ্ধে লড়াই চলছে।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হুথিরা আনসার আল্লাহ নামেও পরিচিত।
হুথি বাহিনী হাবিব আল-সারম, আল-হুজাল্লা এবং আল-মাসরাখ জেলার আল-আকুরোদ এলাকায় হামলা চালিয়েছে।
ইয়েমেনের জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে রয়েছে। দেশটির গৃহযুদ্ধ জুলাইয়ে নতুন করে তীব্র হওয়ার পর থেকে তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার মধ্যে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে।
এর আগে এসব হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। রিয়াদে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করতে হয়েছিল। পাশাপাশি এশিয়ান কাপ ফুটবল এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভসহ (এফআইআই) বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয় দেশটি।
ইয়েমেনের সংঘাত দেশের সাধারণ মানুষের ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, আগস্টে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইয়েমেনে ২ হাজার ৩৬১ জন নিহত এবং ১০ হাজার ৯৮২ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে, আগস্টের শুরু থেকে দেশটিতে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন