০৪:১৬ পি.এম
মালদ্বীপে পৃথক ঘটনায় একদিনের ব্যবধানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঘটেছে। ৪৬ বছর বয়সী মো. রেজাউল করিমের মৃতদেহ স্থানীয় একটি মসজিদ থেকে উদ্ধার করেছে প্রশাসন। অন্যদিকে, ৫০ বছর বয়সী কুরমান স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। রেজাউল করিমের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল মালেক, যিনি খোকা মন্ডল নামেও পরিচিত। অপর প্রবাসী কুরমানের বাড়ি ফরিদপুর সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামে, তার পিতার নাম মিয়া খান।
মালদ্বীপে বসবাসকারী মো. মানিক হোসেন ও তার ছোট মেয়ের জামাতা নাসিবুল জানিয়েছেন, রেজাউল করিম ২০১৩ সালে জীবিকার সন্ধানে মালদ্বীপে আসেন। তিনি দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করলেও বেশিরভাগ সময়ই অনিয়মিত অবস্থায় ছিলেন। সর্বশেষ তিনি রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশিদের পরিচালিত একটি গেস্টহাউসে রাঁধুনির কাজ করছিলেন।
আরও পড়ুন: আকামা সংকটকে পুঁজি করে সৌদিতে বাংলাদেশিদের জন্য প্রতারণার ফাঁদ
তারা জানিয়েছেন, গত সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার পরে রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের বাধু দ্বীপের স্থানীয় একটি মসজিদ থেকে রেজাউল করিমের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করা হয়। ফজরের নামাজ আদায় করতে যাওয়া এক বাংলাদেশি প্রথম তার মরদেহ দেখতে পান।
নাসিবুল জানিয়েছেন, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে রেজাউলের রুমমেটরা ফোন করে তাকে মৃত্যুর খবর জানান। প্রথমে ‘আত্মহত্যার’ খবর ছড়িয়ে পড়লেও, পুলিশ ও চিকিৎসকের প্রতিবেদনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
মরদেহ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে মৃতের পরিবার আবেদন করেছে। বর্তমানে রেজাউল করিমের মরদেহ রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, গত রোববার (২২ নভেম্বর) পানিতে নেমে কাজের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ৫০ বছর বয়সী কুরমান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও মেডিকেল রিপোর্টে তার মৃত্যুর কারণ স্ট্রোক উল্লেখ করা হয়েছে। কুরমানও দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে অনথিভুক্ত অবস্থায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
হাইকমিশন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, হাইকমিশনের সহযোগিতায় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন