ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তোমরাই একদিন দেশ পরিচালনা করবে-রাষ্ট্রপতি শিশুদের প্রতি আহ্বান


তোমরাই একদিন দেশ পরিচালনা করবে-রাষ্ট্রপতি শিশুদের প্রতি আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আজকের শিশুরাই পালন করবে। তাদের মধ্য থেকে কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী অথবা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব নেবে; কেউ সরকারি পদে কাজ করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্বে আসবে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা, এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করতে হবে।

আজ বুধবার বঙ্গভবনে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক পরিদর্শনে অংশ নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীরা তাদের পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করে।

আরও পড়ুন: সিএমপির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করছে। অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।

শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি।

দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

আরও পড়ুন: একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জনবল সংকটে ব্যহত হচ্ছে জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


নড়াইলে জনবল সংকটে ব্যহত হচ্ছে জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা

নড়াইলের একমাত্র আধুনিক সদর হাসপাতাল, যা ১০০ শয্যাবিশিষ্ট, বর্তমানে ভয়াবহ জনবল সংকটে ভুগছে। এই সংকটের কারণে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালটি প্রয়োজনের অর্ধেকেরও কম চিকিৎসক এবং জনবল নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি বেডে ভর্তি রোগীর সংখ্যা চার থেকে পাঁচ জনের মধ্যে রয়েছে।

বেডে সিট না পেয়ে বেশিরভাগ রোগী ফ্লোরে অথবা বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জনবল ঘাটতির কারণে রোগীদের সঠিক চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। সামান্য সমস্যার জন্য হাসপাতালে আসা রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার অভাবে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে। এর ফলে রোগীদের জন্য চিকিৎসা নিতে আসা একটি মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অর্থের অপচয়ও হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত হাসপাতালের জনবল বাড়ানোর দাবি জানাচ্ছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, হাসপাতালটি ১০০ শয্যার হলেও এখানে ২৫০ শয্যার নতুন ভবন বিদ্যমান।

সরকার মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর হলেও, নড়াইলের আট লক্ষাধিক লোকের জন্য স্বাস্থ্য সেবার নিশ্চয়তা নেই। নড়াইল জেলা হাসপাতালে প্রতিটি বিভাগের একই অবস্থা বিরাজমান। রোগী ও রোগীর স্বজনদের ভিড়ে হাসপাতালে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে। জেলার বিকল্প কোনো হাসপাতাল না থাকায় বেশিরভাগ রোগীদের কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া অসংখ্য রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার অভাবে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরে পাঠানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতাল হলেও এখানে পঞ্চাশ শয্যার বিপরীতে যে পরিমাণ ডাক্তার ও নার্স থাকার কথা, তা নেই। কনসালটেন্ট থাকার কথা ১২ জন, কিন্তু এখানে ৬ জন রয়েছেন। সিনিয়র কনসালটেন্ট থাকার কথা ৮ জন, কিন্তু ১ জন রয়েছেন। ইমারজেন্সি মেডিকেল অফিসার থাকার কথা ৫ জন, কিন্তু একজনও নেই। মেডিকেল অফিসার থাকার কথা ৪ জন, কিন্তু একজনও নেই। অথচ ১০০ বেডের হাসপাতালে গড়ে প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে সাড়ে ৩ শত থেকে ৪ শত রোগী, আউটডোরে দিনে ৭শ থেকে ৮শ জন এবং ইমারজেন্সিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ২শ থেকে ৩ শত রোগী। জনবল অভাবে রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ফলে এ জনপদের মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আ ফ ম মশিউর রহমান বাবু জানিয়েছেন, হাসপাতালের একটি দশতলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি চালু হলে এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকসহ জনবল নিয়োগ করা হলে নড়াইলের মানুষের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে। বর্তমানে বিভিন্ন সংকটের মধ্যেও জনগণকে যথাযথ সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এখন দ্রুত হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে নড়াইলের আট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশা করছেন এ জনপদের মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলছে বেঁচে থাকার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলছে বেঁচে থাকার লড়াই

হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান রয়েছে। যখন কৃষকেরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন, তখন ভূমিহীন ও দরিদ্র নারীরা অন্য এক সংগ্রামে নামেন। তাদের হাতে নেই কাস্তে, নেই নিজেদের জমি। তারা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। এই ধান তাদের কাছে ‘ইঁদুরধান’ হিসেবে পরিচিত। কারও জন্য এটি দুই মাস, কারও জন্য তিন মাসের খাবারের সংস্থান করে। অভাবের সংসারে ইঁদুরের গর্ত যেন তাদের বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) এমন একজন নারী। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তার সংসার চলছে। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই তিনি মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমিয়ে রাখা ধান।

মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে সক্ষম হন। সেই ধানে তার প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়। তিনি বলেন, "অভাব আছে দ্যাখিতো হামরাগুলা ইন্দুরের খাইল খুরি ধান আনি। হামরাগুলা ধানকুড়ানি হয়া গ্যাছি। ইন্দুরধান হামার সম্বল।"

কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের শেফালী বেগম (৪৫)ও জীবিকার তাগিদে ধানকুড়ানির কাজ করেন। তার ভাষ্য, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ। তবে কাজটি ঝুঁকিপূর্ণ। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় থাকতে হয় সতর্ক।

রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, "হামারতো আর জমি নাই যে ধান আবাদ করমো। ইন্দুরের খাইল খুঁড়ি কিছু ধান পাই। তাক দিয়া দুই-তিন মাস সংসার চলে।"

এই গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু। তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাদের বাধা দেন না। বরং গর্ত খোঁড়ার কারণে খেত থেকে ইঁদুর পালিয়ে যায়। এতে ফসলের ক্ষতিও কিছুটা কমে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুরধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিমুখে কারো মন ভালো করা কি সদকার অন্তর্ভুক্ত?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


হাসিমুখে কারো মন ভালো করা কি সদকার অন্তর্ভুক্ত?

সকালের ব্যস্ত রাস্তায় বা কর্মক্ষেত্রে প্রতিদিন কত মানুষের মুখোমুখি হওয়া হয়। কারও চোখেমুখে ক্লান্তি দেখা যায়, কারও মনে জমে থাকা না বলা অভিমান রয়েছে, আবার কেউ হয়তো নিভৃতে লড়ছেন কোনো কঠিন দুশ্চিন্তার সঙ্গে। যখন ‘সদকা’ বা দানের কথা ভাবা হয়, তখন সাধারণত চোখের সামনে ভেসে ওঠে নোটের বান্ডিল, চালের বস্তা কিংবা কাপড়ের পোটলা। কিন্তু ইসলামের আলোয় দানের আকাশটি অনেক বড়। পকেট ফাঁকা থাকলেও যে হৃদয় ভরে দান করা সম্ভব, কারও মুখে হাসি ফুটিয়ে যে পরকালের সঞ্চয় গড়া যায়—এই লেখায় সেই গল্প তুলে ধরা হবে।

সম্পদের গণ্ডি ছাড়িয়ে ভালো কাজের পথে

অনেক সময় মনে করা হয়, বড় কিছু না করলে বড় সওয়াব পাওয়া যাবে না। অথচ জীবন গড়ে ওঠে ছোট ছোট মুহূর্তের মাধ্যমে। প্রিয়নবী (সা.) আমাদের জানিয়েছেন, প্রতিটি ভালো কাজই আসলে সদকা। হাদিসে পাকে এসেছে—

كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ

‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (বুখারি ৬০২১, মুসলিম ১০০৫)

তাহলে দান করার জন্য কোটিপতি হওয়া প্রয়োজন নয়। পাশের মানুষটির মুখে একটুখানি হাসি ফোটানো, কিংবা কারও ভারী মনটা হালকা করে দেওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে অশেষ কল্যাণ তথা সদকা।

এক চিলতে হাসির অসীম মূল্য

একজন মানুষের সঙ্গে দেখা হলে প্রথম যে বিষয়টি বিনিময় হয়, তা হলো মুখের অভিব্যক্তি। গম্ভীর মুখে তাকিয়ে থাকার চেয়ে একটি আন্তরিক হাসি মুহূর্তেই বরফ গলাতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

‘তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও সদকা।’ (তিরমিজি ১৯৫৬)

অনেক সময় ছোটখাটো ভালো কাজকে তুচ্ছ মনে করা হয়, ভাবা হয় এতে আর কী-ই বা হবে। কিন্তু নবীজি (সা.) আমাদের সতর্ক করেছেন—

لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

‘কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে প্রসন্ন চেহারায় দেখা করাকেও নয়।’ (মুসলিম ২৬২৬)

মলম হয়ে ওঠা সুন্দর কথা

কথার মাধ্যমে যেমন হৃদয়ে ক্ষত তৈরি করা যায়, তেমনি সুন্দর কথা হতে পারে পরম প্রশান্তির মলম। হতাশায় ডুবে থাকা কাউকে আশার আলো দেখানো, বিপদের দিনে সাহস জোগানো কিংবা কারও ভুল হলে অপমান না করে স্নেহের সুরে বুঝিয়ে দেওয়া—সবই সুন্দর আচরণের অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ

‘ভালো কথা সদকা।’ (বুখারি ২৯৮৯; সহিহ মুসলিম: ১০০৯)

কুরআনেও মহান আল্লাহ দান করে খোঁটা দেওয়ার চেয়ে মিষ্টি কথা ও ক্ষমাকে বেশি মর্যাদা দিয়েছেন—

قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى

‘কষ্ট দেওয়া অনুগামী এমন সদকা অপেক্ষা উত্তম হলো সুন্দর কথা ও ক্ষমা।’ (সুরা বাকারা: আয়াত ২৬৩)

অন্যের কষ্ট লাঘবে এগিয়ে আসা

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা হয়তো প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু ভেতরে ভেতরে বড় কোনো কষ্টে ভোগেন। বিপদে পড়া মানুষের কথা ধৈর্য ধরে শোনা, অসুস্থ কারও খোঁজ নেওয়া কিংবা অসহায়ের প্রয়োজনে পাশে দাঁড়ানো— এগুলো নিছক সামাজিকতা নয়, বরং ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

وَمَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ

‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (মুসলিম ২৬৯৯)

সামর্থ্য না থাকলেও থেমে নেই সদকার দুয়ার।

যার হাতে দেওয়ার মতো টাকা নেই, বস্তু নেই—তার জন্যও কি সদকার দরজা বন্ধ? একেবারেই না। রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন এক পথ দেখিয়েছেন, যেখানে খালি হাতেও ফেরার সুযোগ নেই—

اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও এক টুকরো খেজুর দান করার মাধ্যমে হয়। যদি তাও না পাও, তাহলে ভালো কথার মাধ্যমে।’ (বুখারি ১৪১৭, মুসলিম ১০১৬)

আন্তরিকতা ও সত্যের শর্ত

তবে কারও মন ভালো করার নামে যা খুশি তা করা যাবে না। নিয়ত হতে হবে একদম পরিষ্কার ও আন্তরিক। কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রাখা, অন্যায় কাজে সায় দেওয়া কিংবা সত্য লুকিয়ে সাময়িক হাততালি পাওয়াকে কোনোভাবেই কল্যাণ বলা যায় না। যে কথা বা কাজে মানুষের সত্যিকারের উপকার ও কল্যাণ হয়, আমাদের চলাফেরা ঠিক তেমনই হওয়া উচিত।

ভাবুন তো, আপনার একটি আন্তরিক শব্দ, একটি মায়াবী হাসি বা একটুখানি সহমর্মিতা হয়তো কারও ভীষণ ভারী একটি দিনকে হালকা করে দিতে পারে। হয়তো কারও অন্ধকার ঘরে জ্বলে উঠতে পারে এক চিলতে রোদ। তাই আসুন, আমরা কারও দুঃখের কারণ না হয়ে বরং হয়ে উঠি কারও মুখে হাসি ফোটার উপলক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, লাখো মানুষ মুগ্ধ

বরফে ঢাকা হিমালয়ের উঁচু পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদয় হচ্ছে একটি বিশাল ও উজ্জ্বল চাঁদ। এই মনোমুগ্ধকর চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লাখো মানুষ মুগ্ধ হয়েছেন।

ভারতের উত্তরাখণ্ডের মুনসিয়ারি থেকে ধারণ করা ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখবার দেখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর আগরি ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিভার সুপারমুন। পূর্ণিমার চাঁদটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাচ্ছিল। নির্মল আকাশের পটভূমিতে পাহাড়ের সঙ্গে চাঁদের এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে।

ভিডিও ধারণকারী সাগর আগরি জানিয়েছেন, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেকের রয়েছে, কিন্তু চন্দ্রোদয়ের দৃশ্য উপভোগ করার সুযোগ তুলনামূলকভাবে কম মানুষের হয়। তিনি খালি চোখেই পর্বতের আড়াল থেকে চাঁদটি দৃশ্যমান হওয়ার মুহূর্তটি উপভোগ করেছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, মুঠোফোনের ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। বাস্তবে চাঁদটি আরও বড় ও সুন্দর দেখায়। আরেকজন জানিয়েছেন, তিনিও পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে চাঁদ ওঠার দৃশ্য দেখেছেন, কিন্তু সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে পারেননি।

এছাড়া হিমালয়ের বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর চন্দ্রোদয় দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনেকে। সব মিলিয়ে বরফঢাকা পাহাড়ের বুক চিরে চাঁদের উদয়ের এই দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%