০৪:১৬ পি.এম
রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এওএইচ) আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে। তবে এই সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে কার্যকর থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়, যেখানে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিত এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২৫ দিনব্যাপী এই কার্যক্রমের মধ্যে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ
আদানি পাওয়ার জানায়, পরিকল্পিত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি প্রদান করেছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ইউনিটটি স্বাভাবিকভাবে উৎপাদনে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন