১০:০৯ পি.এম
আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। বুধবার বাংলাদেশ সময় সকালে ৭টায় কানসাস সিটিতে তাদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে আলজেরিয়া, আর আলবিসেলেস্তেরা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি নিয়ে রোমাঞ্চের কমতি নেই। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এবারের ম্যাচটি একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করবে।
তবে, এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকে রাখার জন্য কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি গ্রহণ করছেন না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ বলেন, "আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরেও আমার ভরসা আছে। আমি কখনোই নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।"
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
পেটকোভিচ আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেসির আশেপাশে থাকা অন্যান্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অঘটন ঘটতে দেখেছি, আমরাও একটা চমক দিতে চাই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন