০৬:১৭ পি.এম
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় গত দুই দিনে বিষাক্ত মদ পান করে চারজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) এবং মো. এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ মদ পান করেন। এর পর তারা নিজেদের বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কারণে রাতের মধ্যেই বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর আলী মারা যান। ছাত্তার মিয়া কয়ারমারি গুচ্ছগ্রামের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার (১ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া ও মো. এরশাদ মিয়ার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: বরিশালে সরকারি নিয়ম তোয়াক্কা করছে না ‘হোটেল এরিনা’ বার: অপ্রাপ্তবয়স্কদের অবাধ প্রবেশ ও লাইসেন্সহীন মদ্যপানের হিড়িক
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাইদুল ইসলাম জানান, মূলত অতিরিক্ত ও বিষাক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত এড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখা হয়েছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন