১২:৩৪ পি.এম
দীর্ঘ প্রবাসজীবনের সমাপ্তি ঘটিয়ে দেশে ফিরে এসেছিলেন আপনজনদের কাছে। পরিবার-পরিজনদের সঙ্গে বাকিটা সময় কাটানোর স্বপ্ন নিয়ে শুক্রবার ভোরে তিনি দেশের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু কে জানত, এনামুলের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে?
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাড়িতে পৌঁছানোর কিছু ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এনামুল হক। হাসপাতালে নেওয়ার কিছু সময় পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এভাবে আকস্মিক মৃত্যুর ফলে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এনামুল হক (৫৮) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে আর্থিক সচ্ছলতা ও জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিন কন্যাসন্তানের জনক এনামুল হক। সেখানে তিনি একটি কোম্পানিতে সেলাইকাজের ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকার সময় ২০২৩ সালের শেষ দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সে দেশের হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন তিনি।
দীর্ঘদিন ধরে তার দেশে ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনামুল। সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন। কিন্তু বাড়িতে ফেরার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
এনামুলের ভাতিজা আশরাফ হোসেন বলেন, ‘আমার চাচা সকালে দেশে ফিরেছেন। চাচাতো ভাইসহ অন্যরা বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বিকাশ হালদার বলেন, ‘দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
আরও পড়ুন: ‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন