১২:৩৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের শতবর্ষী মনুমেন্টের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও শামসুন্নাহার হলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।
আরও পড়ুন: প্রাণ গ্রুপ ৫০ জনকে নিয়োগ দেবে, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল মমিন, সহসভাপতি হিসেবে ছিলেন শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন, সহসাধারণ সাইফুল ইসলাম, শাকিল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা, সানজিদা আক্তার, মিম আক্তার, মারিয়া, ফারিতা মিম খাতুন, নিশাত, মুত্তাকিনা, সানজিদা আক্তার, বাহারুল ইসলাম ও আশিক মিয়া।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলা, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের এগিয়ে আসতে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। অনেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। এ ধরনের বিনামূল্যের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার পক্ষ থেকে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের অনেকেরই রক্ত দেওয়ার ইচ্ছা থাকলেও সঠিক তথ্য ও সুযোগের অভাবে তা সম্ভব হয় না। আজকের কর্মসূচি আমাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করার এই উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে অনেক মানুষ উপকৃত হবেন।’
আরও পড়ুন: জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়েই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয়, সে জন্য তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন