১২:৫১ পি.এম
ভারতের গান্ধী পরিবারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বিজেপির সংসদ সদস্য এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তার পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর বিষয়ে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে।
হিমাচল প্রদেশের শিমলার বাসিন্দা অতুল শর্মা এ অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, কঙ্গনার পোস্টগুলোতে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনাকে সন্দেহজনকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এসব পোস্ট রাজনৈতিক সমালোচনার সীমা অতিক্রম করে জনমনে বিভ্রান্তি এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে।
শিমলার পুলিশ সুপার গৌরব সিং শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন
অভিযোগকারী অতুল শর্মার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) কঙ্গনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে এসব পোস্ট প্রকাশ করেন। একটি পোস্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তার পরিবারের সদস্যদের একের পর এক হত্যার ঘটনা তাকে সরকারপ্রধান হওয়ার পথ তৈরি করে দিয়েছিল। পোস্টটির শেষে ‘কী সুবিধাজনক’ মন্তব্যও করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, কঙ্গনা দাবি করেছেন যে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল।
অতুল শর্মা এসব পোস্টের বিরুদ্ধে দ্রুত মামলা করার পাশাপাশি সাইবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করার জন্য পুলিশ মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়েছেন। তার অভিযোগ, পোস্টগুলোতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে থাকা ৬ ভারতীয় নাবিকের জন্য পাকিস্তানের সহায়তা চায় দিল্লি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন