ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবিতে নারী শিক্ষার্থীদের হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিতে সংহতি জানালেন সর্ব মিত্র চাকমা


ঢাবিতে নারী শিক্ষার্থীদের হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবিতে সংহতি জানালেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা ক্যাম্পাসে অবাধ যাতায়াত এবং হলের বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনার দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। শুক্রবার (০৭ আগস্ট) এ-সংক্রান্ত বিবৃতি তিনি দিয়েছেন।

বিবৃতিতে নারীদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি, নিরাপদ ক্যাম্পাস ও সমঅধিকারভিত্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান সর্ব মিত্র চাকমা।

এই বিষয়ে সর্ব মিত্র চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের বাতিঘর হিসেবে পরিচিত, সেখানে এখনো নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সীমাবদ্ধতা বিদ্যমান, যা অত্যন্ত হতাশাজনক। নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের চলাচল সীমিত করা বা আবাসিক সুবিধায় বৈষম্য সৃষ্টি করা একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সর্ব মিত্র চাকমার ভাষ্য, নিরাপত্তা নিশ্চিত করার অর্থ কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার বা স্বাধীনতা সংকুচিত করা নয়; বরং এমন ব্যবস্থা গড়ে তোলা, যাতে ক্যাম্পাস ২৪ ঘণ্টা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ, প্রবেশযোগ্য ও অবাধ যাতায়াতের উপযোগী হয়।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত না করে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও প্রগতিশীল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নারী শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তাদের ন্যায্য দাবির আন্দোলন শুধু নারী শিক্ষার্থীদের নয়, সমগ্র বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের অধিকার ও মর্যাদার প্রশ্ন।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চারটি দাবিও জানানো হয়। সেগুলো হলো, নারীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক নীতি ও বিধিনিষেধ দ্রুত পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংস্কার করা, আবাসিক ও অনাবাসিক সব নারী শিক্ষার্থীর জন্য বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে ক্যাম্পাসে ২৪ ঘণ্টা প্রবেশ ও অবাধ যাতায়াত নিশ্চিত করা, নিরাপত্তার নামে অধিকার সীমিত না করে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, নজরদারি ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, এবং ক্যাম্পাসকে সব শিক্ষার্থীর জন্য সমান, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করা।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকারভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনরত সব নারী শিক্ষার্থীর প্রতি তিনি পূর্ণ সংহতি প্রকাশ করছেন এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে বোলাররা: হাসান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে বোলাররা: হাসান

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ পেসার হাসান মাহমুদ মন্তব্য করেছেন যে, বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করেছে।

হাসানের মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বল হাতে বাংলাদেশ ভালো শুরু করেছে। বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী যথাযথভাবে বল করেছে।

এই তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া একাদশকে ৩৫৫ রানে গুটিয়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ বোলাররা। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেছে। দিন শেষে সফরকারীরা ২ উইকেটে ১৯ রান তুলেছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে পিছিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়া একাদশের লিড আটকাতে না পারলেও বাংলাদেশ বোলাররা মোটামুটি ভালো বল করেছে বলে জানান প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার হাসান।

দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবিকে পাঠানো ভিডিও বার্তায় হাসান বললেন, ‘সব মিলিয়ে মনে হয়, আমরা খুব ভালো শুরু করেছি। বোলাররা দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছে। এখানকার কন্ডিশনে সুন্দর বাউন্স ও সুইং দেখা যাচ্ছে। বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো করার চেষ্টা করেছি। আমার মতে, ইংল্যান্ডের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে অনেক মিল রয়েছে।’

১৯ ওভার বল করে সফল বোলার হাসান ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়াও, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। খালেদ আহমেদ ও এবাদত হোসেন ১টি করে উইকেট শিকার করেছেন।

নিজের বোলিং পারফরমেন্সের কথা বলতে গিয়ে হাসান বলেন, ‘আমি নতুন ও পুরোনো দুই বলেই বোলিং উপভোগ করি। সব সময় চেষ্টা করি লাইন-লেন্থ ও সুইং বজায় রেখে বল করতে। নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার মানসিকতা নিয়ে বল করি এবং সেটি ধরে রাখার চেষ্টা করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেলেন তাইজুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেলেন তাইজুল

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম আঙুলে চোট পেয়েছেন। এটি ঘটে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট করার সময়। এই ঘটনার কারণে ম্যাচের দ্বিতীয় দিনে তাইজুল বোলিং করেননি।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'গতকাল ব্যাটিং করার সময় আঙুলে চোট পান তাইজুল। আঙুল থ্যাঁতলে গেছে। এরপর সেখানে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করা হবে।'

তাইজুলের বোলিং করতে না পারার কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে পেসার মুশফিক হাসানকে পরীক্ষা করতে চেয়েছে। মুশফিক ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেননি।

মুশফিককে খেলানো নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল জানাচ্ছেন, 'অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে তাইজুলের জায়গায় আমরা সুযোগ নিয়েছি, যাতে মুশফিককে দেখতে পারি। তারা রাজি হওয়ায় আজকে মুশফিক বোলিং করতে পেরেছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে মরা খালে প্রাণের স্রোত, শতভাগ কাজ শেষে ২০লক্ষ ৫৭হাজার ৯৪টাকা ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


শাহজাদপুরে মরা খালে প্রাণের স্রোত, শতভাগ কাজ শেষে ২০লক্ষ ৫৭হাজার ৯৪টাকা ফেরত

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি এবং মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এম.পি এর সার্বিক দিক নির্দেশনার ফলস্বরূপ, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর তত্ত্বাবধানে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত গাড়াদহ ইউনিয়নের মশিপুর বাজারের নিকটবর্তী ছোট ব্রীজ হতে লালপুর পর্যন্ত খালটি পুনঃখনন করা হয়েছে।

খাল পুনঃখনন করতে গিয়ে সরকারের কিছু খাস জমি উদ্ধারও করা হয়েছে। অবৈধভাবে দখল করে রাখা ১০টি বাড়ি এবং একটি দোতলা মার্কেটকে উচ্ছেদ করা হয়েছে। খননকৃত খালটি করতোয়া নদীর সাথে সংযুক্ত হওয়ায় এতে প্রাণের স্রোতের পুনরাবির্ভাব ঘটেছে। সুষ্ঠুভাবে শতভাগ কাজ সম্পন্ন করে ২০ লাখ ৫৭ হাজার ৯৪ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

খাল পুনঃখননের নন ওয়েজ অংশের টাকা থেকে ৬ ফুট ডায়ার ১৬টি আর.সি.সি রিং পাইপ ২টি স্থানেও বসানো হয়েছে এবং ৭১৪টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। সরিষাকোল গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৩০) খাল খননের কারণে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাকড়কোলা গ্রামের বাসিন্দা আজিম (১৮) জানান, 'আমার জীবনে এই খালে প্রথমবারের মতো বর্ষার পানি দেখলাম। এর আগে খালটি সম্পূর্ণ বন্ধ ছিল, সরকারের প্রধানের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।'

মশিপুর গ্রামের আব্দুল করিম (৩৫) বলেন, '২০ বছর আগে এইখালে বর্ষার পানি আসতো, তখন নৌকা যাতায়াত করত। কিন্তু দীর্ঘ ১৬-১৭ বছর ধরে খালটি কিছু কিছু অংশ বিভিন্ন জনের দখলে থাকায়, এবং খাল খনন না হওয়ার কারণে বর্ষার পানি আসতে পারেনি।' বর্তমানে খাল পুনঃখনন হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকার প্রধানকে ধন্যবাদ জানান। খাল পুনঃখনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এলাকাকে দৃষ্টিনন্দন করায় শাহজাদপুরবাসীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু বাংলাদেশের

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : বাংলাদেশ দল নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর শুরু করবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

গতরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাতে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এটি ষষ্ঠবারের মতো হবে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে চারবার অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ফরম্যাটে।

আসন্ন টুর্নামেন্টে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া আছে।

বাংলাদেশ গ্রুপ পর্বে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং আছে।

গ্রুপের প্রত্যেকটি দল পরস্পরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। একবার করে শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা ও বাংলাদেশ। ২০১৮ সালের টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%