ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিক এম কাজলের ওপর হামলাঃ বরিশাল জেলা সাংবাদিক সংস্থার নিন্দা


সাংবাদিক এম কাজলের ওপর হামলাঃ বরিশাল জেলা সাংবাদিক সংস্থার নিন্দা

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং প্রবীণ সাংবাদিক এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা, বরিশাল জেলা শাখা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

রোববার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং বিভাগীয় কমিটির সভাপতি এম.আর প্রিন্স বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপদ কর্মপরিবেশের ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি সৃষ্টি করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন: সিলেটের জৈন্তাপুরের বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেই

বিবৃতিতে আহত সাংবাদিক এম কাজল খানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী বন্ধের হুমকি প্রত্যাখ্যান ট্রাম্পের, ইরানে ‘কঠোর আঘাতের’ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


হরমুজ প্রণালী বন্ধের হুমকি প্রত্যাখ্যান ট্রাম্পের, ইরানে ‘কঠোর আঘাতের’ দাবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালী বাণিজ্যিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তিনি যুক্ত করেছেন যে, প্রণালীটিতে জাহাজ চলাচলের ওপর ইরানের সর্বশেষ হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র গত রাতে ‘কঠোর’ হামলা চালিয়েছে।

ট্রাম্প রোববার এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে হরমুজ প্রণালী সম্পর্কিত এই মন্তব্য করেছিলেন।

মার্কিন সামরিক বাহিনীও জোর দিয়ে বলেছে যে, গত যুদ্ধের উত্তেজনার সময় ইরান জলপথটি বন্ধ করে দেয়ার দাবি জানালেও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-এ বলেছে, ‘ইরান প্রণালীটি নিয়ন্ত্রণ করে না। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পরবর্তী একটি পোস্টে, সেন্টকম সরাসরি ইরানের বিপ্লবী গার্ডের সেই বিবৃতিকে চ্যালেঞ্জ করে, যেখানে বলা হয়েছিল যে বিশ্বব্যাপী তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দেয়া হচ্ছে।

সেন্টকম আরও উল্লেখ করেছেন, ‘প্রণালীটি একটি আন্তর্জাতিক জলপথ হিসেবেই রয়েছে। এটিকে সেভাবেই রাখার জন্য মার্কিন বাহিনী সেখানে অবস্থান করছে এবং প্রস্তুত রয়েছে।’

এদিকে, সিএনএন-কে দেয়া একটি পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হেনেছে।

টেলিফোন সাক্ষাৎকারের সময় তিনি বলেছেন, ‘গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি।’ এই সাক্ষাৎকারের মূল কেন্দ্রবিন্দু ছিল সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু।

ট্রাম্প আরও জানান, শনিবার ইরান ড্রোন দিয়ে একটি জাহাজে হামলা চালানোর ঠিক আগে ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তি করার খুব কাছাকাছি ছিল।

তিনি বলেন, ‘তারা সবকিছু ত্যাগ করেছিল, আর তার দুই ঘণ্টা পরেই হঠাৎ করে তারা ড্রোন দিয়ে একটি জাহাজে হামলা চালাল। এই লোকগুলোর মধ্যে কোনো একটা সমস্যা আছে,’ ট্রাম্প বললেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বর্ষণে রুমায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


ভারী বর্ষণে রুমায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

টানা ছয় দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে রুমা উপজেলায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাহাড় ধস, সড়ক ভেঙে যাওয়া এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে উপজেলার বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে শতাধিক পরিবার এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

৬ জুলাই তারিখ থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে উপজেলার বেথেলপাড়া থেকে মুনমামপাড়া পর্যন্ত অভ্যন্তরীণ সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধস ও মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির ফলে ওই সড়কে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। একইভাবে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচলও বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, গত ৮ জুলাই থেকে রুমা-বান্দরবান সড়কও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে যাওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং বিভিন্নস্থানে মাটি ধসে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমার সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত শনিবার থেকে মোবাইল নেটওয়ার্ক আংশিকভাবে সচল হলেও বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। সুতরাং, জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

এদিকে, বৈরী আবহাওয়ার মাঝেও রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বন্যাকবলিত এলাকা ও ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ চলছে। একই সঙ্গে সেনাবাহিনীও দুর্গত মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর জন্য চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবারও ব্যবস্থা চলছে।

রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু বাসসকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকার সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এর পাশাপাশি, পাহাড় ধসে জুমচাষ এবং বিভিন্ন ফলবাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

রুমা বাজারের মারমা লাইনের বাসিন্দা বাসন্তী দাস জানিয়েছেন, গত ৭ জুলাই রাত থেকে তার ভাড়া বাসা বন্যার পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তিনি ঠিক জানেন না, কবে বাড়িতে ফিরতে পারবেন। একই ধরনের দুর্ভোগে রয়েছেন আরও অনেক পরিবার।

স্থানীয় বাসিন্দা মেচিংথুই জানান, বন্যার সময় তার ঘর পানিতে তলিয়ে যাওয়ার কারণে টানা দুই দিন খাবার জোটেনি। বর্তমানে পানি কমতে শুরু করায় তিনি ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করছেন।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রুমা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণে চাল, ডাল, তেল, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দির নবাবপুরে মাদকবিরোধী সভা, কঠোর আইন প্রয়োগের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


বালিয়াকান্দির নবাবপুরে মাদকবিরোধী সভা, কঠোর আইন প্রয়োগের দাবি এলাকাবাসীর
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নবাবপুর ইউনিয়নের পদমদী চন্দনা গুচ্ছগ্রাম যোগেন্দ্রনাথ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী ও একটি আঞ্চলিক মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজল ঘোষ এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান।
 
এ সময় প্রায় ২৫০ থেকে ৩০০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
 
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
 
মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদককে না বলি, আগামীর সুন্দর সমাজ গড়ি। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আমাদের সবার অঙ্গীকার।
 
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণ মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার সাধারণ মানুষের মাঝে করোনা রোববার (১২ জুলাই) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে গঠিত একটি বিশেষায়িত মেডিকেল টিম।

উল্লেখযোগ্যভাবে, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫০টি পরিবারের প্রয়োজন অনুযায়ী ১০ দিনের খাবারের ব্যবস্থা করেছেন। এসময় ডা. আউয়াল বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে জনগণের জন্য। বন্যার সাথে সাথেই ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩ হাজার ৪৫০ টন চালের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং উদ্ধার কাজও তড়িৎগতিতে চলছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকা থেকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা এই কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা প্রায় দশ হাজার খাবারের স্যালাইন ও বন্যাবাহিত রোগের ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তবুও, দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে।

১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছেন; ঠিক এবারও প্রধানমন্ত্রী তারেক রহমান সফলভাবে জান-মাল রক্ষা করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, ডা. খোন্দকার সিফাত-উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. হাসিবুল হাসিব, সাধারণ সম্পাদক ডা. মো. শাফায়েত হোসেন শিশির, সিনিয়র সভাপতি ডা. ইরফানুর রহমান জিশান, সহ সভাপতি ডা. তানভীর আহমেদ শাকিল, ডা. জামান মো. নুরশাদ, শোয়াইব সিফাত, মো. শাহজাদা, আসিফ হাসান নিয়ন, আবু তাসিন সামি, নাদিম সামি, নাজমুল হাসান, দিবাকর রায় দীপ্ত, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আরাফাতুল ইসলাম মিজবাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দিন স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, রাকিবুল ইসলাম রাফিসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%