রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নবাবপুর ইউনিয়নের পদমদী চন্দনা গুচ্ছগ্রাম যোগেন্দ্রনাথ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসী ও একটি আঞ্চলিক মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজল ঘোষ এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান।
এ সময় প্রায় ২৫০ থেকে ৩০০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদককে না বলি, আগামীর সুন্দর সমাজ গড়ি। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আমাদের সবার অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণ মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।