১১:৩৭ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে চায়।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এ আগ্রহের কথা জানায়।
বার্তাটি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রচার করেছে।
আরও পড়ুন: মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ
বার্তার শুরুতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা।’
২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
এক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’
আরও পড়ুন: গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম
এসব কার্যক্রম দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে বলেও জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে।
বার্তায় বলা হয়, ‘এসব কার্যক্রম দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে।
বার্তায় বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।’
আরও পড়ুন: গোপালগঞ্জে থানায় হামলার নিন্দা, পুলিশের সাহসিকতার প্রশংসা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্র দিয়ে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন