০৩:৫১ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার সড়ক ধ্বসে গিয়ে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এই ঘটনার কারণে চুনারুঘাট-মাধবপুর সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
শুক্রবার ভোররাতে সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের নিচে হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধ্বসে পড়ে। এতে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় মাটির নিচে ফাঁকা অংশ বা সুরঙ্গ তৈরি হয়। সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায়, শেষ পর্যন্ত সড়কটি ধ্বসে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সজীব নিহত, রায়হান আহত
সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সড়কের নিচে সুরঙ্গ তৈরি হয়ে গিয়েছিল। পরে ভারী যানবাহন চলাচলের চাপের কারণে সড়কটি ধ্বসে পড়ে।
মোটরসাইকেল আরোহী ছালেক মিয়া বলেন, সড়ক ধ্বসে যাওয়ায় ওই পথে চলাচল করা সম্ভব হচ্ছে না। ফলে চালকরা বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কেউ আহত হয়নি তবে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে সড়কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন