০৫:১৬ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠান শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, ভবিষ্যৎ শিক্ষাজীবন এবং কর্মজীবনে উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাতে পরিচালিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে, সকাল সাড়ে ৯টায়, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য উপস্থাপন করেন ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিনিধিরা। তাঁরা সময়ের যথাযথ ব্যবহার, অধ্যবসায়, শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপরে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, এবং ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল ইসলাম সেলিম বলেন, “জিপিএ-৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, তবে এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করতে হবে।” তিনি দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফখরুজ্জামান জেট বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গড়ার পথে সঠিক দিকনির্দেশনা দেওয়াও সমাজের দায়িত্ব। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন গাজীপুরের ডিসির
অনুষ্ঠানে কৃতি শিক্ষক ও তাঁদের অভিভাবকেরা ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তাঁরা একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে, জিপিএ-৫ পাওয়া ১০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন