০৫:২৬ পি.এম
হরমুজ প্রণালি নিয়ে বাড়াবাড়ি করলে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপদ থাকবে না। ইরানের এমন একটি হুমকির প্রেক্ষাপটে গ্রিস তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে। সোমবার, দেশের সামরিক বাহিনী তাদের ‘প্যাট্রিয়ট’ মিসাইল ইন্টারসেপ্টর ব্যবস্থা ক্রেট দ্বীপে স্থানান্তর করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রিসের পূর্বাঞ্চলীয় কারপাথোস দ্বীপ থেকে সরানো হচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেট দ্বীপে স্থাপন করা হচ্ছে। দ্বীপে অবস্থিত সুদা বে সামরিক ঘাঁটির আকাশ সুরক্ষাকে আরও জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদা বে-এর নৌ ও বিমান ঘাঁটিটি একসাথে গ্রিক সশস্ত্র বাহিনী, মার্কিন সামরিক বাহিনী এবং ন্যাটোর যৌথ সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান উত্তপ্ত নিরাপত্তা পরিস্থিতিতে সমগ্র অঞ্চলজুড়ে যৌথ মিত্রদের বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ঘাঁটিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছে এথেন্স।
সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে জানানো হয়, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে সামরিক চাপ বৃদ্ধি করেন, তাহলে ইরান ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই সতর্কবার্তার সঙ্গে সঙ্গে সামরিক স্থানান্তরের সংবাদটি সামনে এসেছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে প্যাট্রিয়ট ব্যবস্থা বহনকারী একটি সামরিক ট্রাককে বার্জে তোলার জন্য অপেক্ষা করছে দেখা গেছে। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪
সূত্র: ইউরো নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন