বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৪ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ২,৫১৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দায়ের করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে ৬৭১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যতক্ষণ না ইরানের উত্থাপিত সাত দফা শর্ত পূরণ হয়। এই মন্তব্যটি করেছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব। তিনি আরও বলেন, যুদ্ধে শত্রুপক্ষ বর্তমানে অসহায় অবস্থায় পৌঁছে গেছে।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাইয়েব জানান, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরিচালিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, চলতি বছর এবং ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ৬৫০ সদস্য নিহত হয়েছেন।
তাইয়েবের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আলোচনার পথ তৈরি করা। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।
তিনি বলেন, "যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে। এখন তারা আলোচনার মাধ্যমে তেলের দাম কমানোর চেষ্টা করছে।"
তাইয়েব আরও বলেন, হরমুজ প্রণালি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যদি এই জলপথ পুনরায় খুলে দিতে চায়, তাহলে ইরানের সাত দফা শর্ত বাস্তবায়ন করতে হবে।
এদিকে, ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নের বরাত দিয়ে তাইয়েব দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় তিন হাজার থেকে বেড়ে ১০ হাজারে পৌঁছানোর বিষয়টি ইসরাইলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি হাসপাতালগুলোতে গ্রামীণ রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এবং দালালদের কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নতুন একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে, তিনি জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরের জন্য বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। সিরাজগঞ্জকে স্বাস্থ্যসেবার ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তুলতে জেলার ১১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য তিন মাসের ওয়ার্ক প্ল্যান জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
কর্মশালায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের ব্যবস্থাপনায় নতুন কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ হাসপাতাল আসার পর কোথায় যাবেন তা বুঝতে না পারায় দালালদের খপ্পরে পড়েন। এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কলেজ পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী হিসেবে সপ্তাহে একদিন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের জন্য দৈনিক সম্মানী প্রদান করা হবে। তারা রোগীদের টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত পথ দেখানোর কাজ করবেন এবং হাসপাতালে নিজেদের মালিকানাবোধ তৈরি করবেন।
পরিবার পরিকল্পনা খাতের উন্নয়নে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুসংবাদ দেন, জানিয়ে তিনি বলেন, আগামী পহেলা ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে এক বছরের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। শুরুর দিন থেকেই মাঠকর্মীরা পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন। সিরাজগঞ্জে ৫-৬টি জেলায় প্রথম ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং হবে এবং আগামী ২ বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
এম এ মুহিত বলেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ ব্যবহার করে আগামী ৩ মাসের মধ্যে জনগণকে পরিচ্ছন্ন হাসপাতাল, দালালমুক্ত পরিবেশ এবং বিনামূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা প্রদান করতে হবে। জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং নিপসমের গবেষকদের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার কথাও জানান তিনি।
সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব উপস্থিত কর্মকর্তাদের হাতে তুলে দিয়ে প্রতিমন্ত্রী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজকে আগামী ৭ দিনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের লক্ষ্যমাত্রাসহ ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।
কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পাইলট হিসেবে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি আরো জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে ৫ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের সব শূন্যপদ পূরণ করে একে একটি ‘লাইটহাউস’ বা মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং ভ্যাকসিন ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠন করে এই মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ