বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি হাসপাতালগুলোতে গ্রামীণ রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এবং দালালদের কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নতুন একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে, তিনি জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরের জন্য বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে। সিরাজগঞ্জকে স্বাস্থ্যসেবার ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তুলতে জেলার ১১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য তিন মাসের ওয়ার্ক প্ল্যান জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
কর্মশালায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের ব্যবস্থাপনায় নতুন কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ হাসপাতাল আসার পর কোথায় যাবেন তা বুঝতে না পারায় দালালদের খপ্পরে পড়েন। এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কলেজ পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী হিসেবে সপ্তাহে একদিন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের জন্য দৈনিক সম্মানী প্রদান করা হবে। তারা রোগীদের টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত পথ দেখানোর কাজ করবেন এবং হাসপাতালে নিজেদের মালিকানাবোধ তৈরি করবেন।
পরিবার পরিকল্পনা খাতের উন্নয়নে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুসংবাদ দেন, জানিয়ে তিনি বলেন, আগামী পহেলা ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে এক বছরের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। শুরুর দিন থেকেই মাঠকর্মীরা পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন। সিরাজগঞ্জে ৫-৬টি জেলায় প্রথম ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং হবে এবং আগামী ২ বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
এম এ মুহিত বলেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ ব্যবহার করে আগামী ৩ মাসের মধ্যে জনগণকে পরিচ্ছন্ন হাসপাতাল, দালালমুক্ত পরিবেশ এবং বিনামূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা প্রদান করতে হবে। জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং নিপসমের গবেষকদের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার কথাও জানান তিনি।
সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব উপস্থিত কর্মকর্তাদের হাতে তুলে দিয়ে প্রতিমন্ত্রী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজকে আগামী ৭ দিনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের লক্ষ্যমাত্রাসহ ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।
কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পাইলট হিসেবে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি আরো জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে ৫ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের সব শূন্যপদ পূরণ করে একে একটি ‘লাইটহাউস’ বা মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং ভ্যাকসিন ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠন করে এই মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছোট বোনের সঙ্গে বন্ধুত্বের কারণে বন্ধুকে হত্যা করার। ২১ বছর বয়সী ভিকি সিংকে হত্যার ৪ দিন পর বুধবার অভিযুক্তকে আটক করা হয়। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এই ঘটনার সঙ্গে জড়িত অপর এক অভিযুক্ত এখনও পলাতক রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিকি সিং অভিযুক্তের ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তারা নিয়মিত ফোনে কথা বলতেন এবং একাধিকবার দেখা করেছিলেন। এই সম্পর্ক জানার পর অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর ফলস্বরূপ, গত মাসে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ৭ নভেম্বর রাতে, অভিযুক্ত তার আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে ভিকি সিংকে মদ্যপানের কথা বলে তাদের এলাকার একটি নির্জন স্থানে ডেকে নেন। পরে তারা ভিকির দেওয়া মদের সঙ্গে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে দেন।
এরপর ভিকিকে একটি নলকূপের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অভিযুক্ত ভিকির ওপর ধারালো অংশ দিয়ে একের পর এক আঘাত করেন, যখন অপর অভিযুক্ত তাকে ধরে রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, এই আঘাতের ফলে ঘটনাস্থলেই ভিকির মৃত্যু ঘটে।
হত্যার পর, দুই অভিযুক্ত ভিকির মরদেহ পাশের একটি কৃষিজমিতে ফেলে রাখেন এবং হত্যায় ব্যবহৃত ভাঙা বোতলটিও তারা অন্য স্থানে ফেলে দেন। তবে পুলিশ পরবর্তীতে হত্যায় ব্যবহৃত ভাঙা কাচের বোতলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মোদীনগর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সিদ্ধার্থ গৌতম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর নিখোঁজ ভিকির মরদেহ পরদিন স্থানীয় বাসিন্দারা কৃষিজমিতে দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, ভিকির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রধান অভিযুক্তের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মূল অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছেন এবং সহযোগিতার অভিযোগে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্দেশ্যে সমীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। একটি বিমানবন্দর স্থাপনের জন্য প্রয়োজন দুই হাজার একর জমি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন।
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা থেকে এক শ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর দরকার আছে বলে মনে হয় না। তবে ময়মনসিংহের ত্রিশালের দূরত্ব ঢাকা থেকে ১২১ কিলোমিটার। সমীক্ষায় সব কিছু ঠিক থাকলে আমরা এগোতে পারব।’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী মন্তব্য করেন, ‘দেশে সহিংসতার ঘটনা এআই প্রযুক্তির মাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কেউ পার পাবে না।’
এদিন টাউন হলে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’- এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পক্ষে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়েছে। পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন তিনি।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, মাহবুবুর রহমান লিটন, লুৎফুল্লাহেল মাজেদ, সিটি মেয়র রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাম পর্যায়ের ছোট ছোট সমস্যা স্থানীয়ভাবে সমাধানের জন্য কাজ চলছে। পাশাপাশি, ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তারেক রহমানের সরকার এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামের বিভিন্ন সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা হতো। ১৯৮২ সালে এটি বন্ধ হয়ে যায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে আবারও গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। পরবর্তী সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেই আইন বাতিল করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সরকার কাজ করছে। স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি স্থানীয় সরকার ব্যবস্থায় আবারও যুক্ত হতে যাচ্ছে। এর মাধ্যমে গ্রামের ছোটখাটো সমস্যার সমাধান গ্রামে করাই সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মীর শাহে আলম বলেন, প্রথম ধাপে সম্ভবত ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ বা ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর রমজানের পর ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ‘গত ২০ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি, সেই অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার।’
রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের সবাই একমত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী হতে পারেন না। হাসিনার করা আইনেই তার বিচার হয়েছে। সেই বিচারের রায় বাস্তবায়ন হবেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণা করে বলেন, দৈনিক আজ ও আগামীকালের সম্পাদক ডা. জাহিদ কামালের উৎসাহে একজন আর্টিস্ট হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। এরপর সাংবাদিকতা তার নেশায় পরিণত হয়। তিনি বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন। আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ