০৬:১৯ পি.এম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদরাসা থেকে টানা দুই বছর ধরে দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি।
২০২৫ সালের পর এবছরও প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে গেছে। এটি নিয়ে মাদরাসাটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম সম্পর্কে প্রশ্ন উঠেছে।
সোমবার (১০ আগস্ট) দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর এ বিষয়টি জানা যায়। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছর গণিপুর দাখিল মাদরাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি।
আরও পড়ুন: ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের, শোকের ছায়া আলফাডাঙ্গার পবনবেগে
এর আগে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। ওই বছরও সবাই অকৃতকার্য হয়েছিল। অর্থাৎ টানা দুই বছরে মাদরাসাটির ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে কেউই দাখিল পরীক্ষায় পাস করতে পারেনি।
এদিকে, টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয়রা মাদরাসাটির শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন।
তাঁদের অভিযোগ, মাদরাসার সুপারের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা বেহাল হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী টানা দুই বছর অকৃতকার্য হওয়া একটি স্বাভাবিক ঘটনা নয়। শুধুমাত্র ফলাফল বিপর্যয়ের পর দায় এড়িয়ে না গিয়ে শিক্ষার্থীরা কেন ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত
ফলাফল ও এসব অভিযোগের বিষয়ে গণিপুর দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ‘এখন মন-মানসিকতা ভালো নেই’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, গত বছরের মতো এবারও প্রতিষ্ঠানটির ফলাফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দুই বছর কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় আক্কেলপুর উপজেলার ১০টি মাদরাসা থেকে মোট ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৫ জন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরের পরই সড়ক আগের অবস্থায় ফিরে এসেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন