ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীবরদীতে ৫ ভিক্ষুক পেলেন টং দোকান


শ্রীবরদীতে ৫ ভিক্ষুক পেলেন টং দোকান

শেরপুরের শ্রীবরদীতে ৫ জন ভিক্ষুক একটি করে টং দোকান পেলেন। রোববার, ৫ জুলাই, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৫ জন সুবিধাভোগী ভিক্ষুকের মাঝে প্রত্যেককে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে, আরো ৩ জন সুবিধাভোগীর মধ্যে প্রত্যেককে ৩ টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

এছাড়া, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ টি পরিবারের মাঝে বিনামূল্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এছাড়া, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

আরও পড়ুন: কুমিল্লায় জুমার খুতবার সময় ঝটিকা মিছিলে ১৭ জন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ এম


শেরপুরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল

শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াত নেতা জাহিদ হাসানের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। দাবির অন্য অংশ হিসেবে জানানো হয়, যদি হামলাকারীদের শনাক্ত করা না হয়, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার (৫ জুলাই) বিকেলে নালিতাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে শহরের মার্কাজ মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির হেলাল উদ্দীন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হাসিবুল হাসান হাসিব, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি শামছুল আলম সওদাগর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আহসান কবির এবং জামায়াত নেতা আবু ফাররাহ মাস্টারসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাঁদের দাবি, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর হামলা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাই পণ্য প্রবেশ করছে, যা প্রশাসনের অজানা নয়। বক্তারা আরও জানান, জাহিদ হাসানের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে ওসির পদত্যাগ দাবি এবং নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় রোববার বিকেলে জাহিদ হাসানের বাবা নুরুল আমীন নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় হামলার শিকার হন জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের দাবি, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি তাঁর গতিরোধ করে। পরে তাঁর মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। অচেতন অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ এম


গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরের পানিতে ডুবে মুনতাহা (২) নামের একটি কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা শামছুল আলমের কন্যা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মুনতাহা রবিবার দুপুরে খেলা করতে করতে মায়ের চোখের আড়ালে চলে যায় এবং বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে মুনতাহাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে বের হন খোঁজাখুঁজি করার জন্য। একপর্যায়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মুনতাহাকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা পরীক্ষা করার পর শিশুটিকে মৃত হিসেবে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে।

সোমবার (৬ জুলাই) এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিনাইগাতী উপজেলা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দিবসটির শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেরিয়ে যায়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, "গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।" তিনি আরো বলেন, সততা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঝিনাইগাতী উপজেলার কর্মকর্তা মো. এনামুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু এবং অন্যান্য বক্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গ্রামের উপকারভোগী।

আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ এম


গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আনোয়ারুল নামে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, সম্প্রতি গারো পাহাড়ে বালু ও পাথর উত্তোলন নিয়ে পুরো জেলা সরগরম হয়ে উঠেছে।

প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কারবারি আনোয়ারুলের পাহাড় থেকে নিয়ে আসা বালু জব্দ করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেছেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবে পাহাড় থেকে বালু, পাথর ও গাছখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%