ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জশ ইংলিশের খেলা অনিশ্চিত


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জশ ইংলিশের খেলা অনিশ্চিত

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ, যিনি ডান হাতের তর্জনিতে চিড় ধরার কারণে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

অস্ট্রেলিয়া আগামী ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে।

ডারবানে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে ৩১ বছর বয়সি ইংলিশ আঙুলে চোট পান। আঘাত সত্ত্বেও তিনি পুরো ইনিংস উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন। তবে ব্যাট হাতে তিনি মাত্র ৩ রান করতে সক্ষম হন।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শুভসূচনা

ম্যাচ শেষে করা স্ক্যান রিপোর্টে ইংলিশের ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ে, যার ফলে তিনি সিরিজের শেষ দুই ম্যাচে অংশ নিতে পারবেন না। তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইংলিশ চিকিৎসার জন্য দেশে ফিরবেন। টেস্ট সিরিজে তার খেলার বিষয়ে পরবর্তী মূল্যায়ন এবং সুস্থ হয়ে ওঠার অগ্রগতির ওপর সিদ্ধান্ত নেওয়া হবে।

যদি ইংলিশ টেস্ট খেলতে না পারেন, তাহলে তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন জশ ফিলিপি বা স্যাম হার্পার। বর্তমানে উভয়েই অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে রয়েছেন।

অস্ট্রেলিয়া যদি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার পরিকল্পনা করে, সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন নাথান ম্যাকসুয়েনি বা পিটার হ্যান্ডসকমের মধ্যে যেকোনো একজন।

আরও পড়ুন: বৃষ্টি-বাগড়ার মাঝেই দুর্দান্ত পারফরম্যান্সে ত্রাস ছড়ালেন বোল্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসকের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বরিশালে বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসকের আলোচনা

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন উপলক্ষে রবিবার বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার উল্লেখ করেন, বরিশালের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য নদীকেন্দ্রিক পর্যটন অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য। নদীতে বোট রাইড, পর্যটন স্পট ঘুরে দেখার জন্য সাশ্রয়ী প্যাকেজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা এই উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত।

জেলা প্রশাসক আরও জানান, এখানে পর্যটকদের আকৃষ্ট করার মতো অনেক স্থান বিদ্যমান, তবে প্রয়োজনীয় অবকাঠামো এবং বিনোদন সুবিধার অভাব রয়েছে। তিনি বলেন, পাঁচ তারকা মানের হোটেলসহ বিভিন্ন মানের আবাসন স্থাপনা নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। সাতলার শাপলা বিলসহ যেসব স্থানে ইতোমধ্যে পর্যটন কেন্দ্রিক কার্যক্রম গড়ে উঠছে, সেগুলোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

এছাড়া, পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও আবাসন ব্যবস্থা এবং বিনোদনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার গুরুত্বও তিনি তুলে ধরেন। এ সময় তিনি বরিশাল স্টেডিয়ামের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি স্টেডিয়ামের পাশে সুইমিং পুলসহ বিভিন্ন বিনোদন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বরিশালের পুরোনো কালেক্টর ভবন, জেলা পুলিশ ভবন, জেলা স্কুল, বিএম কলেজ ও সার্কিট হাউসসহ ঐতিহাসিক স্থাপনাগুলো পর্যটনের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। তিনি জানান, এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে জেলার নদী-খাল ও অন্যান্য দর্শনীয় স্থানকে পর্যটন পরিকল্পনার আওতায় এনে এ খাতকে আরও বৈচিত্র্যময় করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


কষ্টিপাথরের মূর্তিসহ আলফাডাঙ্গায় মা-ছেলে গ্রেফতার

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় কষ্টিপাথরের কালীমূর্তিসহ আলফাডাঙ্গার মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আসাদুজ্জামান সাদ্দাম (৩৮) ও তাঁর মা সাজেদা বেগম (৬৫)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসাদুজ্জামান সাদ্দাম আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামের আকবার শেখের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) ও আতিয়ার রহমান।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পুরাতন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে সাদ্দামের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে সাদ্দামের মা সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রৌপ্যের অলংকার এবং ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়।

পরে সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী বোয়ালমারীর রূপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া বোয়ালমারী বাজারের একটি জুয়েলারি দোকান থেকে গলানো অবস্থায় আট আনা স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগেও কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের ঘটনায় সাদ্দাম গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের ১৮ জানুয়ারি তাঁর আলফাডাঙ্গার বাড়িতে অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হলেন তিনি।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সাবেক এমপি ছলিম উদ্দিন ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার এবং তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই আবেদনটি করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। যদি তারা বিদেশে চলে যান, তবে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে সমস্যা সৃষ্টি হতে পারে। পাশাপাশি তদন্ত কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুদক জানায়, মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিন পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ছলিম উদ্দিন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ২০২৫ সালের ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষানটেক যুবলীগ নেতা শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ভাষানটেক যুবলীগ নেতা শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, শাহ আলম অনিকের ঘনিষ্ঠতা রয়েছে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাতের সঙ্গে। তদন্তে তথ্য পাওয়া গেছে যে, অনিক শাহাদাত ও ইব্রাহিমের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুর রহমান অনিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা কিছু সময় আগে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

ডিবি সূত্রের দাবি, শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও মিরপুরের স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অনিক। আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমনে অনিক সামনের সারিতে ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও সূত্রের দাবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা ও সংগঠিত করার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

সূত্রের ভাষ্য, মিরপুর, পল্লবী, ভাষানটেক ও কাফরুল এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও অনিক সরাসরি জড়িত ছিলেন। বিদেশ থেকে আসা বিভিন্ন নির্দেশনা দেশে বাস্তবায়নেও তিনি ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার হন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফল। সূত্রের দাবি, সুফল ও অনিক একসঙ্গে ঢাকায় অস্থিরতা তৈরির বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%