ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু


ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ, ২৫ আগস্ট ২০২৬ : জেলার হরিনাকুন্ডু উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে হরিনাকুন্ডু উপজেলায় পোলতাডাঙ্গা গ্রামের তোফি বিশ্বাসের পুকুরে এ ঘটনা ঘটে।

শিশু ইয়ামিন হোসেন জেলার হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জেলার হরিনাকুন্ডু উপজেলায় পোলতাডাঙ্গা গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় শিশু ইয়ামিন হোসেন। মঙ্গলবার দুপুরের পর থেকে ইয়ামিনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির পাশে একটি পুকুরে শিশু ইয়ামিনকে পানির উপর ভেসে থাকতে দেখেন। পরে সেখান থেকে শিশু ইয়ামিনকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী এতথ্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবির নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


গোবিপ্রবির নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ছিলেন। পরে তিনি প্রায় দুই বছর ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি এই শুভক্ষণে সবার দোয়া চাই। সবার সহযোগিতা চাই। আমাদের প্রতি মুহূর্তের কাজই হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করা; এবং সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে স্বাগত জানান। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তার নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থায়ন সংকটে পরিবেশ সুরক্ষায় নতুন প্রকল্প গ্রহণ বন্ধ: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


অর্থায়ন সংকটে পরিবেশ সুরক্ষায় নতুন প্রকল্প গ্রহণ বন্ধ: প্রতিমন্ত্রী

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, অর্থায়ন সংকটের কারণে পরিবেশ বিষয়ক নতুন কোনো সরকারি প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। তিনি উল্লেখ করেছেন, পূর্ববর্তী প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর কাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে, সেগুলো কার্যকর রাখা হয়েছে।

 

অন্যদিকে, যেসব প্রকল্পের অগ্রগতি ৩০ শতাংশের কম, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্তৃক আয়োজিত ‘বায়ু-শব্দ-দৃষ্টি-পলিথিন ও প্লাস্টিক দূষণ : প্রতিকার কত দূর?’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। সেমিনারে বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার সভাপতিত্ব করেন এবং বিশেষজ্ঞরা বায়ু, শব্দ, দৃষ্টি ও পলিথিন দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাচ্ছে।

 

তিনি উল্লেখ করেন, "কারণ আমাদের ফান্ডিংয়ের সমস্যা আছে। আমাদের সক্ষমতার ক্ষেত্রেও মারাত্মক সমস্যা।" তবে পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ২৫ কোটি গাছ লাগানোর প্রকল্প চলমান রয়েছে।

 

এ বছর ইতোমধ্যে ৩ কোটি ৫ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষায় সরকার কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে না বলেও জানান শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দূষণের উৎসগুলো চিহ্নিত করে কাজ শুরু হয়েছে এবং পলিথিন ও প্লাস্টিকের বিকল্প তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, "দৃষ্টিদূষণ কমাতে রাত ১২টার পর দেশের সব বিলবোর্ড বন্ধ করতে হবে।"

 

এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দৃষ্টিদূষণ কমবে এবং প্রাণ-প্রকৃতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

বাপার সহসভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ ও নির্বাহী সদস্য আহসান রনি পলিথিন ও প্লাস্টিক দূষণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তারা জানান, দেশে প্রতিদিন প্রায় ২৫ হাজার টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়, যার মধ্যে ঢাকায় উৎপাদিত হয় প্রায় ৭ হাজার ৫০০ টন। দেশে বছরে প্রায় ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। মোট বর্জ্যের ৫৫ শতাংশ অপরিকল্পিতভাবে উন্মুক্ত স্থানে ফেলা হয়। শহরাঞ্চলে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ২০০৫ সালে ৩ কেজি থেকে বেড়ে প্রায় ৯ কেজিতে দাঁড়িয়েছে। ঢাকায় এ হার ২২ দশমিক ২৫ কেজি। পলিথিন ও প্লাস্টিকের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস্টিক দূষণ রোধে আইন, বিধিমালা ও কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বায়ু ও শব্দদূষণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বায়ুদূষণ বাংলাদেশের পরিবেশগত ও অর্থনৈতিক অগ্রগতির বড় বাধা। বায়ুদূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু প্রায় ৫ দশমিক ৫ বছর কমছে। শীতকালে ঢাকার বায়ুমান সূচক প্রায়ই ২০০ থেকে ৩০০ ছাড়িয়ে যায়। তিনি আরও বলেন, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসের মধ্যে রয়েছে নির্মাণকাজ ও রাস্তা খোঁড়াখুঁড়ি, ইটভাটা ও শিল্পকারখানা, যানবাহন, আন্তদেশীয় দূষণ, গৃহস্থালি চুলার ধোঁয়া ও বর্জ্য পোড়ানো।

তিনি জানান, ঢাকার ৮২ শতাংশ স্থানে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি। ফার্মগেট, শাহবাগ ও গাবতলীর মতো এলাকায় তা ৮০ থেকে ১১০ ডেসিবেলে পৌঁছায়। এতে শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, পরিবেশ দূষণ রোধে দেশে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তিনি উল্লেখ করেন, জাপান ও যুক্তরাষ্ট্র যেভাবে দূষণ নিয়ন্ত্রণ করেছে, সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। বাড়িঘর নির্মাণেও পরিবেশগত বিষয় বিবেচনায় নিতে হবে।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির ফিটনেসবিহীন ও কালো ধোঁয়ার যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট, শিক্ষাক্রমে বায়ুমান অন্তর্ভুক্তি, অবৈধ ইটভাটা বন্ধ, সরকারি কাজে ব্লক ইট বাধ্যতামূলক করা, শিল্পকারখানায় অনলাইন বায়ুমান পর্যবেক্ষণ, শব্দদূষণ বিধিমালা-২০২৫ কঠোরভাবে প্রয়োগ এবং যানবাহনের নিয়মিত শব্দ পরীক্ষা করাসহ ১০ দফা সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের নাগরপুরে সড়কের বেহাল দশা, দু-র্ভোগে দুই গ্রামের শত শত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

মো: জাহিদুর রহমান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


টাঙ্গাইলের নাগরপুরে সড়কের বেহাল দশা, দু-র্ভোগে দুই গ্রামের শত শত মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের গোটাবাগ মোহাম্মদের বাড়ি থেকে নবদিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার করা হলেও পিচ ঢালাই না হওয়ার কারণে দুই গ্রামের শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় তিন মাস আগে সড়কটিতে খোয়া ফেলে প্রাথমিক কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়কটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। এদিকে, টানা বৃষ্টির ফলে সড়কের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে, সড়কটি বর্তমানে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কের বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ১৩৬ নম্বর নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লুৎফর বিন সুলতান স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাদাযুক্ত ও ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে, তবে তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভুক্তভোগী এলাকাবাসী আশা করছেন, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

গাজীপুরে শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন খামারিরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।

খামারীরা জানান, সম্প্রতি পোল্ট্রি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো কোনো কারণ ছাড়াই বস্তা প্রতি ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ছোট খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এদিকে ডিমের দামও প্রতিনিয়তই কমছে। এতে প্রান্তিক খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছেন। পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করাসহ বিএসটিআই কর্তৃক অভিযানকে হয়রানি উল্লেখ করে তা বন্ধের দাবি জানান খামারিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%