ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি এই ক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'এই ধরনের একটি প্ল্যাটফর্ম বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং দ্বিপক্ষীয় ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।'

আরও পড়ুন: জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: হুইপ দুলু

গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও প্রবাসী শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে উদ্যোক্তারা প্রতিমন্ত্রীকে ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জের বিষয়ে অবহিত করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণের জন্য অর্থনৈতিক কূটনীতিকে একটি প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, 'বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের এক অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।'

আরও পড়ুন: রাষ্ট্রপতি: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে

তিনি আরও বলেন, 'সরকার একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। এছাড়া অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারি ও বেসরকারি অংশীজনদের সাথে সমন্বয় সাধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইং গঠন করা হয়েছে।'

সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে শামা ওবায়েদ গবেষণা, উদ্ভাবন এবং উপযুক্ত নীতি সহায়তার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন নতুন রপ্তানি খাতের বিকাশের ওপর জোর দেন।

তিনি সিঙ্গাপুরের বাজারে পাট ও পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা ডেটা সেন্টারকে বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগের একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন এবং বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাব্য সুফলের কথা তুলে ধরেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

তারা বলেন, 'একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত হলে সিঙ্গাপুরের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার মাধ্যমে বাংলাদেশের ইস্পাত, জাহাজ নির্মাণ এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতের কোম্পানিগুলো বিশেষভাবে লাভবান হতে পারে।'

ব্যবসায়ী কমিউনিটি বাংলাদেশি পণ্যের প্রদর্শনের জন্য রোড শো ও বাণিজ্য মেলা আয়োজন, সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও দেন।

অন্যদিকে, পেশাজীবী ও প্রবাসী শ্রমিকরা প্রবীণদের সেবা পরিচর্যাকে (এল্ডারলি কেয়ারগিভিং) বাংলাদেশিদের জন্য একটি উদীয়মান কর্মসংস্থান খাত হিসেবে চিহ্নিত করেন। তারা একই সাথে আইটি, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো দক্ষ ক্ষেত্রগুলোতে কর্মসংস্থানের আরও বেশি বহুমুখীকরণের আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা উচ্চ অভিবাসন ব্যয় এবং কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সম্ভাব্য শোষণের শিকার হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: বিচারকের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদন জানালেন পলক

শামা ওবায়েদ বলেন, 'শোষণ রোধ ও অভিবাসন খরচ কমাতে সরকার নিয়োগ প্রক্রিয়াকে একটি স্বচ্ছ ব্যবস্থার আওতায় আনার জন্য কাজ করছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর আওতাধীন সুযোগগুলোও পর্যালোচনা করা হচ্ছে।'

তিনি জানান, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অংশীজনদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, ওষুধ শিল্প, আইসিটি, শিক্ষা এবং কারিগরি শিক্ষার (টিভিইটি) ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, 'বাংলাদেশ বিশ্বের সব প্রান্তের বিনিয়োগের জন্য উন্মুক্ত।' তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের নিজ দেশে বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণের আহ্বান জানান।

আরও পড়ুন: বেরোবিসাসের ষান্মাসিক সেরা ফিচার লেখক হলেন মাসফিকুল হাসান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশগ্রহণকারীদের তাদের প্রস্তাবনাগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেন, যাতে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

তিনি সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের কল্যাণে কাজ করার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত

গতকাল সোমবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জের অধীনস্ত সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে (জুলাই-২০২৬) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় রাজশাহী রেঞ্জের অধীনস্থ জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।

তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযানকে জোরদার করার পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

রাজশাহী রেঞ্জের অধীনস্থ জেলাসমূহে গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডিআইজি পুরস্কৃত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জের অধীনস্থ সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জের অধীনস্থ সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে, এই কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

আজ সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

চিফ হুইপ আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ সময় ১৮ আগস্ট রাত নির্ধারিত। সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি; প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাঁদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।

নূরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট প্রদানের দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতির কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।

তিনি আরও জানান, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই যদি ভোটগ্রহণ শেষ হয় তবে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে এবং তারপর ফলাফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে তাঁদের দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় তাঁদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মণি বলেন, 'সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধন হয়নি, তাই এটি কার্যকর থাকবে।'

নিজ দলের পছন্দের প্রার্থীর বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কী না—এ সম্পর্কে তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।

এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদ, বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে দেশে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে।

তিনি জানান, বিরোধী দল নির্বাচনী প্রক্রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায়নি। সেহেতু প্রার্থী দেওয়া হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে চারটি ক্ষেত্রে ঐকমত্য রয়েছে; এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও অন্তর্ভুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। যাতে দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনমুখী হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে নূরুল ইসলাম মণি বলেন, এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

ভারতের সংবিধানের উদাহরণ দিয়ে তিনি জানান, ১৯৫০ সালে ভারতের সংবিধান গ্রহণ করার পর ২০২৪ সাল পর্যন্ত ১০৬ বার সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিবারই সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হয়েছে; নতুন করে সংবিধান রচনা করা বা সংবিধান সংশোধন পরিষদ গঠন করা হয়নি।

তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি দাঁড়ি, কমা ও সেমিকোলন যেভাবে আছে, সেভাবেই আমরা বাস্তবায়ন করবো। সবাই মিলে যে সনদে স্বাক্ষর করেছি, সেটিই বাস্তবায়ন করা আমাদের কমিটমেন্ট।

চিফ হুইপ জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী সংসদ অধিবেশনে একটি নতুন বিল আনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সরকার করবেন বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা

শক্তিশালী ভূমিকম্পের কারণে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এক শতাধিক মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র সোমবার ১ কোটি ৫৫ লাখ ডলারের জরুরি সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এর মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আমরা কলম্বিয়ার জনগণের সঙ্গে প্রার্থনায় একাত্ম এবং প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত।’

ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এই নেতার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের তিন দিন পরই যুক্তরাষ্ট্র এই সহায়তার ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলে বিপর্যয়, পাসের হার নিয়ে হতাশ অভিভাবকরা

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


কাউখালীতে দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলে বিপর্যয়, পাসের হার নিয়ে হতাশ অভিভাবকরা

পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে শিক্ষকদের একটি অংশ ব্যক্তিগত কোচিংয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়ায় শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
এ বছর উপজেলার ১২টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ১৩০ জন। পাশের হার ৪৫ দশমিক ৭৭ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৬ জন। সপ্তগ্রাম দাখিল মাদ্রাসা থেকে ১২ জনের মধ্যে পাস করেছে ২ জন। পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৩ জন। ওই মাদ্রাসায় পাশের হার মাত্র ১৪ শতাংশ।
এ ছাড়া শাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ জন। বিজয়নগর আলিম মাদ্রাসা থেকে ১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬ জন। কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৮ জন।
অন্যদিকে, উপজেলার এসএসসি পরীক্ষায় ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৩৯ জন। ভোকেশনাল পরীক্ষায় ১৪৫ জন অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৭২ জন।
সার্বিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক শ্রেণিকক্ষে নিয়মিত ও মানসম্মত পাঠদানের চেয়ে নিজেদের ব্যক্তিগত কোচিং সেন্টারের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠদান না হওয়ায় তারা কোচিংনির্ভর হয়ে পড়ছে। এতে কোচিংয়ে যাওয়া শিক্ষার্থীদের একটি অংশ কোনোভাবে পাস করলেও অনেক শিক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, “শিক্ষকদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, শ্রেণিকক্ষে পড়ানোর চেয়ে কোচিংয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে অভিভাবকদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং শিক্ষার্থীরাও প্রকৃত শিক্ষার পরিবর্তে কোচিংনির্ভর হয়ে পড়ছে। ফলাফলের এই চিত্র তারই প্রতিফলন।
এ বিষয়ে কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, “ফলাফল বিশ্লেষণ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিক্ষার্থীদের কোথায় দুর্বলতা রয়েছে এবং শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও কাউন্সেলিং করা হবে।
তিনি আরও বলেন, “শ্রেণিকক্ষে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল উন্নত করতে প্রতিষ্ঠানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ভালো না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানকে আলাদাভাবে কাউন্সেলিং করা হবে। শ্রেণিকক্ষে পাঠদানের গুরুত্ব বাড়াতে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সম্পৃক্ত করতে হবে। এজন্য বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। শিক্ষা কার্যক্রমে নজরদারি আরও বাড়ানো হবে, যাতে আগামীতে ফলাফলের উন্নতি ঘটে।
অভিভাবকদের প্রত্যাশা, শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের পর নয়, সারা বছর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম, শিক্ষকদের উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদানের মান এবং শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর কার্যকর নজরদারি করবে। পাশাপাশি শিক্ষকদের ব্যক্তিগত কোচিংনির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠদান নিশ্চিত করা হলে আগামীতে কাউখালীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%