ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে দীর্ঘ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, রিজার্ভ সেনা ডাকা হচ্ছে


ইরানে দীর্ঘ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, রিজার্ভ সেনা ডাকা হচ্ছে

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযান কয়েক দিনের জন্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির সেনাবাহিনী। এ বিষয়টি জানায় ইসরায়েলি আর্মি রেডিও।

আর্মি রেডিওর সামরিক প্রতিবেদক ডোরন কাদোশ নিশ্চিত করেছেন যে, পরিস্থিতির মোকাবিলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপকভাবে রিজার্ভ সদস্যদের ডাকার পরিকল্পনা করছে। পাশাপাশি বেশ কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নও সক্রিয় করানোর চিন্তাভাবনা রয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ উল্লেখ করেছেন যে, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধি করা হবে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

তিনি আরও জানান, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সংস্থাটি আজ সকালে থেকে ব্যাপকভাবে রিজার্ভ সদস্যদের ডাকা শুরু করেছে।

বিশ্লেষকদের মন্তব্য অনুযায়ী, রিজার্ভ বাহিনী সক্রিয় করার এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ইসরায়েল একটি দীর্ঘস্থায়ী সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ইরান-ইসরায়েল উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

দুই দেশের মধ্যে সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলাপোকা কি মোদিকে ভয় দেখাতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


তেলাপোকা কি মোদিকে ভয় দেখাতে পারবে

 

তেলাপোকাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেন। কাউকে অবহেলা বা উপেক্ষা করার সময় আমরা বলি ‘তেলাপোকাও একটা পাখি, তুইও একটা মানুষ।’ তবে তেলাপোকার একটি সাংঘাতিক ক্ষমতা আছে, যা হলো অভিযোজন ক্ষমতা বা টিকে থাকার ক্ষমতা। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’। তাচ্ছিল্য এবং টিকে থাকার ক্ষমতা- এ দুটি মিলে ভারতে এখন তেলাপোকার জোয়ার বইছে। বিজেপির কাউন্টার হিসেবে যেন মাঠে নেমেছে সিজেপি, মানে ককরোচ জনতা পার্টি।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ভেজালটা লাগিয়েছেন। গত ১৫ মে ভারতের সুপ্রিম কোটে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, ‘দেশে এমন কিছু তরুণ আছে, যারা তেলাপোকার মতো; তারা না কোনো কর্মসংস্থান পায়, না নিজেদের কোনো পেশাগত অবস্থান তৈরি করতে পারে। তাদের কেউ কেউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কর্মী হয়ে ওঠে; কেউ বনে যায় অ্যাক্টিভিস্ট এবং এরপর তারা সবাইকেই আক্রমণ করা শুরু করে দেয়।’ ব্যস, আর যায় কোথায়।

এ যেন স্তুপ করে রাখা তপ্ত বারুদে অগ্নিশলাকা। প্রধান বিচারপতির মন্তব্যের পরদিনই উড়তে শুরু করে তেলাপোকার দল। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে থাকা তরুণ অভিজিত দীপক ভার্চুয়াল জগতে ককরোচ জনতা পাটি- সিজেপি গড়ে তোলেন।

আম আদমী পার্টির সাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশলবিদ অভিজিৎ দীপক শুরুটা করেছিলেন ফান থেকে। কিন্তু এখন বিষয়টি আর ফান পর্যায়ে নেই।

বানের জলের মতো ভাসিয়ে নিতে চাইছে সবকিছু। মাত্র ২১ দিনের মাথায় ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল জগতে তারা নেমে পড়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লীর যন্তর-মন্তরে বিক্ষোভ করেছে ককরোচ পার্টি।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়েছে তেলাপোকারা। ২৩ জুন রামলীলা ময়দানে আরো বড় বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। হঠাৎ করেই ফান থেকে সিরিয়াস, যেন আন্দোলনের গিয়ার চেঞ্জ। সুকান্তের কবিতার মত ‘হে মহাজীবন, আর এ কাব্য নয়/এবার কঠিন, কঠোর গদ্যে আনো/পদ-লালিত্য-ঝংকার মুছে যাক/গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো’।

প্রধান বিচারপতির মন্তব্যের পরদিন আমেরিকায় বসে অভিজিত দীপক অনলাইনে জাতীয় ককরোচ পার্টি গড়ে তোলেন। বেকার, অলস, দীর্ঘ সময় অনলাইনে কাটানো এবং পেশাগতভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতা থাকা ছিল দলটিতে যোগ দেওয়ার মূল যোগ্যতা। দেখা গেল ভারতে তথাকথিত ‘বেকার, অলস ও দীর্ঘ সময় অনলাইনে কাটানো’র মতো লোকের অভাব নেই।

হু হু করে স্রোতের মতো মানুষ ককরোচ পার্টিকে ফলো করতে থাকে। শুরুতে কেউ পাত্তা না দিলেও দ্রুতই তেলাপোকা বাহিনী ভারতের পুরাতন এবং দৃঢ় অ্যাস্টাবলিস্টমেন্টের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্ষমতাসীনদের কপালে এখন চিন্তার ভাজ। সিজেপির ওয়েবসাইট ব্লক করা, একাউন্ট হ্যাক করা তো আছেই; অভিজিত দীপককে হুমকি দেওয়া, শনিবারের বিক্ষোভে আসতে বাধা দেওয়া- তেলাপোকাদের স্রোত ঠেকাতে অনলাইনে ও অফলাইনে চেষ্টা কম হয়নি। কিন্তু শাসকরা এখনও তরুণ প্রজন্মকে ঠেকানোর কার্যকর উপায় খুঁজে পায়নি। আসলে কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতির কৌশলের খেলা যতটা সহজ; ক্ষুব্ধ তারুণ্যকে সামলানো ততটাই কঠিন। ওয়েবসাইট ব্লক, অ্যাকাউন্ট হ্যাক করার মতো ছোট চেষ্টা বড় সমালোচনা ডেকে এনেছে।

গত একযুগে ভারতের ঐতিহ্যবাহী গণতন্ত্রকে নিজের কৌশলের দাস বানিয়েছেন নরেন্দ্র মোদি। গণতান্ত্রিক ঐতিহ্য আছে বটে, কিন্তু নির্বাচনের মাঠ প্রায়ই অসমতল হয়ে ওঠে মোদি ও অমিত শাহর ইচ্ছায়, কৌশলে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নয়ছয় করে, ব্যাপক ধড়পাকড় চালিয়ে নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসকে মাঠের বাইরে পাঠিয়ে একাই খেলেছেন মোদি। অনায়াসে দখল করে নিয়েছেন বহু আরাধ্য বাংলা। কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে মাঠছাড়া করতে পারলেও সিজেপির ক্ষেত্রে এটি সম্ভব নয় বিজেপির পক্ষে। কারণ এরা প্রচলিত রাজনৈতিক প্রতিপক্ষ নয়। এদের না মারলেও বিপদ, মারলে আরো বেশি বিপদ। একটা একাউন্ট হ্যাক করলে আরেকটা অ্যাকাউন্ট খুলবে, তাতে ফলোয়ার আরো বাড়বে। সাধারণ স্রোতকে বাধা আটকানো যায়, কিন্তু সিজেপির মতো জোয়ারকে আটকানো যায় না।

তেলাপোকার দলের টিকে থাকার কৌশলটা ফাঁস করে দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিত দীপক। তিনি বলেন, ‘রাষ্ট্রব্যবস্থার কাছে আমরা শুধুই ক্ষতিকর কীটপতঙ্গ। আমরা তুচ্ছ, সহজেই অবহেলাযোগ্য এবং পুরোপুরি আবর্জনার মতো। কিন্তু তেলাপোকা সব পরিবেশেই টিকে থাকে। আপনারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু একেবারে মুছে ফেলতে পারবেন না।’

এটাই চিন্তার কারণ। ১২ বছরে নরেন্দ্র মোদি এত বড় অনলাইন চ্যালেঞ্জে আর পড়েননি। বিজেপির তুলনায় সিজেপি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। বিজেপি যদি হাতি হয়, সিজেপি তেলাপোকাও নয়, অতি ক্ষুদ্র পিপড়া মাত্র। কিন্তু সেই পিপড়াই জায়গামত কামড়াতে পারলে হাতিকেও বিরক্ত করতে পারে। ভারতেরই একটি সিনেমা আছে ‘মাক্ষি’ নামে। মহা প্রতাপশালী এক লোকের মাথায় ঢুকে পড়া এক মাছি তার জীবন অতিষ্ঠ করে ফেলে। এই তেলাপোকাও সেই মাছির মত ক্ষমতাসীনদের মাথা খারাপ করে দেয়ার জন্য যথেষ্ট। আর শরত বাবু তো অতিকায় হস্তির লোপ পাওয়া আর তেলাপোকার টিকে থাকার গল্প অনেক আগেই লিখে গেছেন।

তেলাপোকাকে যতই অবহেলা এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা হোক, আদতে তেলাপোকা একটি নিরীহ পোকা। ‘করে না কো ফোঁসফাঁস, মারে না কো ঢুসঢাস’ মাকা। কিন্তু কেন অধিকাংশ মানুষ তেলাপোকাকে ভয় পায় বা ঘৃণা করে? ভারতের এই তরুণ তেলাপোকারা কি নিজেদের তেমন ভয় পাওয়ার মতো করে তুলতে পারবেন? মহাপ্রতাপশালী নরেন্দ্র মোদী কী ককরোচ পাটিকে ভয় পাচ্ছেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিশমার ‘প্রথম মেয়ে’ দাবি করে যা বললেন কারিনা কাপুর খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:১২ পি.এম


কারিশমার ‘প্রথম মেয়ে’ দাবি করে যা বললেন কারিনা কাপুর খান

 

বলিউডের দুই বোন কারিশমা কাপুর এবং কারিনা কাপুর খানের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয়। সবারই জানা রয়েছে এই দুই বোনের মধ্যে থাকছে এক চমৎকার সম্পর্ক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, তারা তাদের একে অপরের প্রতি প্রেম ও ভক্তি নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষাৎকারের সময়, বড় বোন কারিশমাকে মায়ের আসনে বসিয়ে কারিনা হাসিমুখে জানিয়েছেন, তিনি ছিলেন কারিশমার ‘প্রথম কন্যা’ এবং তার নিজের সন্তানদের আগেও তার এই ভূমিকা ছিল।

এক্ষেত্রে, কারিনা কাপুর কারিশমাকে (যার ডাকনাম ললো) ‘জাতির নয়নমণি’ বলে অভিহিত করেছেন। এক আবেগঘন অডিও বার্তায় তিনি বলেছেন, ‘ললোকে নিয়ে কিছু বলা আমার জন্য খুব কঠিন। তিনি শুধু একজন অসাধারণ ব্যক্তি নন, একজন নিবেদিতপ্রাণ মা এবং একজন অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী।

নব্বইয়ের দশকের সুপারস্টার নায়িকাদের মধ্যে, আজও দেশের প্রতিটি অভিনেত্রী ললোকে আদর্শ হিসেবে ধরেন।’ কারিনা অকপটে স্বীকার করেছেন যে, কারিশমা তার জীবনে মায়ের মতো ভূমিকা পালন করেছেন এবং তার অভাব হলে, তাদের পুরো পরিবার একদম দিশেহারা হয়ে পড়বে।

কারিনার এই আবেগঘন বার্তার জবাবে, কারিশমা কাপুর বললেন, প্রিয়জনদের যত্ন নেওয়া তার সহজাত প্রবৃত্তি এবং তিনি এটা খুব আনন্দের সঙ্গে করেন। ‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত এই অভিনেত্রী জানান, ক্যারিয়ার কিংবা জীবনের যে পর্যায়েই থাকুন, তার কাছে পরিবার সর্বদা অন্য সবকিছুর চেয়ে আগে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

পারিবারিক আলোচনার পাশাপাশি, বর্তমানে কারিশমা কাপুর তার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘ব্রাউন’ নিয়ে বিভিন্ন আলোচনায় রয়েছেন। এই সিরিজে তিনি ‘রিতা ব্রাউন’ নামের একজন মদ্যপ এবং চেইন-স্মোকার প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন, যা ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ও গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র এবং তার বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার সময় সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকার নিজের বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে জানাজায় অংশ নেন। জানাজার পর মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত মুসল্লিরা। উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গত রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। গতকালও তিনি ডায়ালাইসিস করাতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেল চারটার দিকে তিনি মারা যান। এরপর তার মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খাতুন (৬২) অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সভা। এই সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার সকাল দশটায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ, এমপির প্রতিনিধি প্রভাষক তরিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সামিউর রহমান, কৃষক সাকিমুদ্দিন এবং আইরিন খাতুন প্রমুখ। এর আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি সভার উদ্বোধন করেন ফিতা কেটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%