ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মামলা না নেওয়ার অভিযোগ তুলে থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ


মামলা না নেওয়ার অভিযোগ তুলে থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তুলে থানার ভেতর থেকেই এজাহার হাতে নিয়ে রাত সোয়া ২টায় ফেসবুক লাইভ করেন নাজমুল করিম।

লাইভে এসে নাজমুল করিম বলেন, আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাত আনুমানিক সাড়ে ১০টায় থানায় এসে ওসি এবং ওসি তদন্তের সঙ্গে কথা বলি। এজাহারসহ রাত সোয়া ২টা পর্যন্ত থানায় অবস্থান করলেও আমার এজাহারটি গ্রহণ না করেই ওসি এবং ওসি তদন্ত আমাকে রেখে থানা থেকে বের হয়ে গেছেন। আমি অভিযোগ দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। আমি নবীনগরবাসী ও প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কার ইন্ধন?

তিনি আরো বলেন, আমি নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আমার সঙ্গে এমনটা হয়েছে। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কার ইঙ্গিতে, কার ইশারায় এমনটা হয়েছে, আপনারা বিচার-বিশ্লেষণ করবেন।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

এর আগে নাজমুল করিম মোবাইল ফোনে আমার দেশকে বলেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করার পর সভাপতির পদটি শূন্য হয়ে গেলে সিনিয়র সহসভাপতি রোকন উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওই পদ পেতে তদবির শুরু করেন জেলা যুবদলের সদস্য মাহবুব রহমান। ইউনিয়ন বিএনপির কোনো পদে না থেকেও তিনি উপজেলা বিএনপির সভাপতির অনুমোদন নিয়ে আমার অনুমোদন নিতে এলে আমি তাকে বলেছিলাম, ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সবার মতামতের ভিত্তিতে রেজুলেশন এনে দিলেই আমি সভাপতি পদে স্বাক্ষর করব।

মাহবুব রেজুলেশন আনতে পারেননি, আমিও স্বাক্ষর করিনি। এটাই ছিল আমার অপরাধ। সে কারণে (৩১ মে) শিবপুর ইউনিয়নের সাহারপাড়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চলে আসার সময় কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কেএম মামুনুর রশীদ ভাইয়ের বাড়ির সামনের রাস্তায় মো. মাহবুব রহমানসহ আরো কয়েকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করে এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার জন্য আমাকে অপহরণের চেষ্টা করে। এ বিষয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করেছি। তাদের পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ রাত সাড়ে ১০টা থেকে থানায় অভিযোগ নিয়ে বসে আছি। আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এদিকে অভিযোগ নিতে পুলিশ গড়িমসি করেছে। ওসি বলছেন, আমার লেখা এজাহার পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি চাই, আমার লেখা এজাহার আমলে নিয়ে মামলা নথিভুক্ত করা হোক। যতক্ষণ পর্যন্ত মামলা নথিভুক্ত না হবে, ততক্ষণ আমিও থানায় বসে থাকব।

এদিকে পুলিশ অভিযোগ গ্রহণ না করার বিষয়ে বিএনপি নেতার ফেসবুক লাইভটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং অভিযোগ না নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীকে রাত আড়াইটায় এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ নিতে গড়িমসি ও এজাহার পরিবর্তনের কথা অস্বীকার করে আমার দেশকে বলেন, একটি অপমৃত্যুর ঘটনায় আমি থানার বাইরে আছি। থানায় ওসি তদন্ত ও ডিউটি অফিসার রয়েছেন। অভিযোগ তাদের কাছে জমা দিতে কোনো বাধা নেই। যে কেউ অভিযোগ দিলে পুলিশ তা নিতে বাধ্য। তিনি আরো বলেন, আমি তো তাকে একবারও বলিনি মামলা নেব না। এখন আমি থানায় যাচ্ছি। তিনি অভিযোগ দিলে অবশ্যই গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণস্বাস্থ্য কেন্দ্র এমআইএস অফিসার নেবে, আবেদন করার জন্য বয়স লাগবে ২২ বছর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ এম


গণস্বাস্থ্য কেন্দ্র এমআইএস অফিসার নেবে, আবেদন করার জন্য বয়স লাগবে ২২ বছর

বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র দ্বারা এমআইএস অফিসার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে আমাদের। আবেদন করা যাবে অনলাইনে, আগামী ২৪ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম হলো গণস্বাস্থ্য কেন্দ্র।

পদবীটি হচ্ছে এমআইএস অফিসার, এবং এতে পদসংখ্যা ০১টি।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতার মধ্যে ডাটাবেস পরিচালনায় দক্ষতা, ডেটা এন্ট্রি তদারকি ও রিপোর্টিংয়ে দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।

অভিজ্ঞতার প্রয়োজনতা হলো কমপক্ষে ১ (এক) বছরের কার্যকর অভিজ্ঞতা, যদি প্রযোজ্য হয়।

চাকরির ধরণ হবে ফুলটাইম এবং কর্মক্ষেত্র হবে অফিসে।

প্রার্থীর ধরন হতে হবে নারী ও পুরুষ, অর্থাৎ উভয়।

বয়সসীমার ক্ষেত্রে প্রার্থীদের জন্য কমপক্ষে ২২ বছর হতে হবে।

কর্মস্থল হবে সাভার জিকে, ঢাকা।

বেতন ২০,০০০-২৫,০০০ টাকা প্রতি মাসে।

অন্যান্য সুবিধার মধ্যে আনুতোষিক ভাতা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা থাকবে।

আবেদন করার পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৪২ এম


ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষ হয়েছে। আজ সোমবার (১ জুন) থেকে সরকারি এবং বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, এবং বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম খুলতে যাচ্ছে।

এবারের ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করা হয়েছিল।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য লম্বা সাত দিনের ছুটি লভ্য হয়েছে।

ছুটির পর, দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক-বীমা কোম্পানির কাজ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে কার্যক্রম শুরু করবে।

আজ থেকে ব্যাংক লেনদেনের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। সেই সঙ্গে বিমা প্রতিষ্ঠানগুলোর কাজও স্বাভাবিক ফর্মে চলবে।

এছাড়া, আজকের দিনে দেশের দুটো শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও আবার শুরু হবে।

গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে সক্ষম হবেন। তবে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একইসময়, বিমা প্রতিষ্ঠানগুলোও কাজ করবে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে।

ডিএসই এবং সিএসইতে লেনদেন সকালে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। এছাড়া, স্টক এক্সচেঞ্জ দুটির অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়ে গেছে। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চলের কর্মজীবীরা সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন। এর ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরের নজর তিন কোটি খুচরা দোকানে কর আদায় হবে ভারতীয় মডেলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ এম


এনবিআরের নজর তিন কোটি খুচরা দোকানে কর আদায় হবে ভারতীয় মডেলে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের প্রায় ৩ কোটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রথমবারের মতো খুচরা ব্যবসার জন্য নামমাত্র টার্নওভার ট্যাক্স চালুর প্রস্তাব রাখা হচ্ছে।

এই পরিকল্পনার মাধ্যমে দীর্ঘদিন ধরে কর ব্যবস্থার বাইরে থাকা অনানুষ্ঠানিক অর্থনীতি থেকে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রস্তাবিত ব্যবস্থায় ডিলার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন খুচরা দোকানে পণ্য সরবরাহ করবে, তখন বিলের ওপর শূন্য দশমিক দুই শতাংশ হারে কর উৎসে কেটে রাখবে। অর্থাৎ, প্রতি ১ হাজার টাকার পণ্য ক্রয়ের সময় খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ২ টাকা কর কেটে তা সরকারের কোষাগারে জমা হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, কর পরিশোধের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করার জন্য মোবাইল অ্যাপভিত্তিক এ-চালান ব্যবস্থার সঙ্গে এই কর প্রক্রিয়াটি সংযুক্ত করা হবে।

খুচরা ব্যবসায়ীরা প্রতি তিন মাস অন্তর মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবেন, তাদের নামে কত টাকা কর জমা হয়েছে। ফলে তারা সহজেই বুঝতে পারবেন যে, তাদের আয় করযোগ্য সীমায় পৌঁছেছে কি না। কর কর্মকর্তারা জানাচ্ছেন, এই মডেলটি ভারতের অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে। সেখানে সরবরাহ শৃঙ্খলের উপরের স্তরে কর সংগ্রহের মাধ্যমে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক ব্যবসায়ীকে কর নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশেও একই ধরনের পদ্ধতির মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর আশাবাদ রয়েছে।

ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি খুচরা দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদের অধিকাংশই এখনও আয়কর নেটওয়ার্কের বাইরে রয়েছে। ফলে অর্থনীতির একটি বিশাল অংশের লেনদেন কর ব্যবস্থার আওতায় আসে না। নতুন ব্যবস্থার মাধ্যমে অন্তত তাদের ক্রয়-বিক্রয়ের একটি নথিভুক্ত তথ্যভাণ্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া মনে করছেন, উৎস পর্যায়ে কর সংগ্রহের এই পদ্ধতি জাতীয় কর নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার ভাষায়, খুচরা ব্যবসায়ীদের ক্রয়ের তথ্য নথিভুক্ত হওয়ায় তাদের প্রকৃত আয় সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে বড় করপোরেট সুপারশপ ও ক্ষুদ্র ব্যবসার মধ্যে কর-অনুবর্তিতার (ট্যাক্স কমপ্লায়েন্স) ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যও কিছুটা কমবে।

তিনি আরও বলছেন, এই তথ্যভাণ্ডার ভ্যাট প্রশাসনের জন্যও সহায়ক ভূমিকা তৈরি করবে। কারণ এই তথ্যের মাধ্যমে ভবিষ্যতে খুচরা ব্যবসাগুলোকে ভ্যাট নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার পথ সহজ হবে এবং সামগ্রিক রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, যদি করের বোঝা শেষ পর্যন্ত উৎপাদনকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর পড়ে, তাহলে তাদের পরিচালন ব্যয় বাড়তে পারে। সেক্ষেত্রে সেই অতিরিক্ত ব্যয় পণ্যের মূল্যে যোগ হয়ে ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে নতুন ব্যবস্থার বাস্তবায়নে কর প্রশাসনকে বাজারের ওপর সম্ভাব্য প্রভাবও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।

এনবিআর কর্মকর্তাদের আশা, করের হার অত্যন্ত কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে বেশিরভাগ আপত্তি থাকবে না। বরং ধাপে ধাপে দেশের বৃহৎ অনানুষ্ঠানিক অর্থনীতিকে করের আওতায় এনে রাজস্বভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, ৫৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ এম


মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, ৫৫ জন নিহত

মায়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের কাওং তাত গ্রামে এক ভয়াবহ বিস্ফোরণে ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এ বিস্ফোরণটি চীন সীমান্তের খুব কাছে ঘটেছে বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে।

গতকাল রবিবার (৩১ মে) স্থানীয় সময় ১২টার দিকে শান রাজ্যের নামখান টাউনশিপের ওই বিস্ফোরণের কিছুক্ষণ পরেই গ্রামের উপর ধোঁয়া উড়তে দেখা যায়।

বিদ্রোহী গোষ্ঠী তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

চীন সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে টিএনএলএ-র নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মায়ানমারের অনেক বিদ্রোহী গোষ্ঠী খনিজ সম্পদ উত্তোলন থেকে অর্থ সংগ্রহ করে। তবে নিরাপত্তার ঘাটতির কারণে খনিতে ধস ও বিস্ফোরণের মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%