ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জামিনে মুক্তির এক মাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার


জামিনে মুক্তির এক মাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তির এক মাস ১০ দিনের মাথায় মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার। তার বয়স ছিল ৫৭ বছর।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজহার আলী। তার অবস্থার অবনতি হলে, তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্ত্রী রোকসানা পারভীন।

রোকসানা পারভীন বলেন, ‘শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় বেলা ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য। তখনই রাস্তায় মারা গেছে।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজহার আলী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুই ছেলে রয়েছে।

রবিবার আসরের নামাজের পর রাজধানীর বনশ্রীর আইডিয়াল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

আজহার আলী সরকারকে গত বছরের ১০ অক্টোবর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় ডিবির একটি দল বনশ্রীর বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন তাকে রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার মাদরাসার দুই ছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কুমিল্লার মাদরাসার দুই ছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রীর মায়েরা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন, যা তাদের উৎকণ্ঠার মাত্রা বাড়িয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহিমা আক্তার মাহি ওই ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মহি উদ্দিনের কন্যা। অপরদিকে, মরিয়ম আক্তার তানিশা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের কন্যা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায়, মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সকাল ৮টায় তারা বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর শুক্রবার তানিশার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা বেগম চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডাইরি করেন। রবিবার রাত পর্যন্ত পুলিশ তাদের কোনো সন্ধান পায়নি।

স্থানীয়দের দাবি, নিখোঁজ ছাত্রীরা মানবপাচারকারী চক্রের হাতে পড়তে পারে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তানিসার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা আক্তার জানান, তাদের মেয়ে নিখোঁজের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাগলা-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি:মিজানুর রহমান প্যাদা

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পাগলা-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

পাগলা থেকে পটুয়াখালী হাইওয়ে সড়কে দুর্ঘটনা রোধে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে বরিশাল হাইওয়ে পুলিশ।

আজ বরিশাল হাইওয়ে পুলিশের এসআই জয়ন্ত কুমার দাসের নেতৃত্বে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক নিয়ম না মানা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে এ ধরনের চেকপোস্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালা খানের ‘ভুয়া পিএইচডি’ নিয়ে নিয়োগে অডিট অধিদপ্তরের তীব্র আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


মালা খানের ‘ভুয়া পিএইচডি’ নিয়ে নিয়োগে অডিট অধিদপ্তরের তীব্র আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানকে ‘ভুয়া পিএইচডি’ ও ‘অপর্যাপ্ত অভিজ্ঞতা’ নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। আট বছর ধরে আদালতে তার নিয়োগের বৈধতা নিয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি অডিট অধিদপ্তর এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে।

যুগান্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যোগ্যতা না থাকার কারণে তাকে নিয়োগ দেওয়ায় সরকারের ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকাসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার গুরুতর আর্থিক অনিয়ম ঘটেছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এ আপত্তি উত্থাপন করা হয়। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রমের ওপর করা অডিটে মোট ১৩টি আপত্তি উত্থাপিত হয়েছে। এর মধ্যে ৬টি গুরুতর আর্থিক অনিয়ম (এসএফআই) এবং ৭টি সাধারণ আর্থিক অনিয়ম (নন-এসএফআই) অন্তর্ভুক্ত রয়েছে।

অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগের শর্ত ছিল বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জনের পাশাপাশি ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদান। ২০১৫ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাছাই কমিটির সভায় মালা খানের প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতা ও অবদানের প্রমাণ না থাকায় তার আবেদন বাতিলের সুপারিশ করা হয়েছিল।

পরে জানা যায়, যে প্রতিষ্ঠান থেকে তিনি পিএইচডি করেছেন, সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত নয়। এরপরও তার আবেদন পুনর্বহাল করা হলে ২০১৬ সালের ৩১ আগস্ট বিসিএসআইআরের ডিপিসি-১ তাকে তৎকালীন ডিআরআইসিএমের (বর্তমান বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে সুপারিশ করে। তবে বিসিএসআইআর বোর্ডের ২৮৬তম সভায় এই সুপারিশ নাকচ করে দেওয়া হয়।

যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন মালা খান এবং পক্ষে রায় পান। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকার। ২০১৭ সালের ২৩ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে দেন। কিন্তু আট বছর পার হলেও আপিল বিভাগে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

অভিযোগ রয়েছে, আপিল বিভাগে মামলা নিষ্পত্তি না হলেও মালা খান ২০১৭ সাল থেকে আজও (প্রায় ৯ বছর) অবৈধভাবে চাকরি করে যাচ্ছেন। নিয়োগসংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি মালা খানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেলে ২০২৫ সালের ২৫ মে তাকে সাময়িক বরখাস্ত করে। কিন্তু তিনি চতুরতার সঙ্গে ২০১৭ সালের অমীমাংসিত মামলাকে সামনে রেখে সাময়িক বরখাস্তের বিপরীতে স্থগিতাদেশ নিয়ে আসেন।

বিআরআইসিএম সূত্র জানায়, ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে দোষী সাব্যস্ত হলে মালা খানকে দ্বিতীয়বার বরখাস্ত করা হয়েছিল। কিন্তু রিট পিটিশনের মাধ্যমে সেই আদেশের ওপরও স্থগিতাদেশ বাগিয়ে নেন তিনি।

বিআরআইসিএমে ৪ কোটি ৬১ লাখ টাকার অনিয়ম : অডিট প্রতিবেদন অনুযায়ী, শুধু নিয়োগই নয়, প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় ব্যাপক লুটপাট ও বিধি লঙ্ঘনের চিত্র পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে পারসোনাল লেজার (পিএল) খাত থেকে ব্যয় না দেখিয়েই ৪৪ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ফেলোশিপ ভাতা দিয়ে ৬২ লাখ ৩৪ হাজার টাকা অনিয়মিত ব্যয়। বিল থেকে বিধি অনুযায়ী আয়কর ও ভ্যাট কর্তন না করায় প্রায় ২১ লাখ টাকার ক্ষতি। বাজেট বরাদ্দের শর্ত লঙ্ঘন করে বিল পরিশোধের মাধ্যমে ২ কোটি ৩৮ লাখ টাকা অনিয়মিত ব্যয় হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন খাতে সরকারের আর্থিক ক্ষতি ও অনিয়মিত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৩১ টাকা। এসব আপত্তির জবাব চেয়ে গত ১০ আগস্ট বিআরআইসিএমকে চিঠি দিয়েছে অডিট অধিদপ্তর।

এদিকে, মালা খানের অভিযোগের বিষয়ে গত ২১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিআরআইসিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়। কিন্তু আজও বিআরআইসিএম এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

এসব বিষয়ে বিআরআইসিএম-এর মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী যুগান্তরকে বলেন, ‘অডিট আপত্তিগুলো মূলত অডিট দপ্তরের। যেসব বিষয়ে জবাব চাওয়া হয়েছে, সেগুলোর তথ্যপ্রমাণ সংগ্রহ করে জবাব দেওয়ার পর অডিট দপ্তর আবার যাচাই-বাছাই করে। এরপর পর্যায়ক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া ওই সময় আমি প্রশিক্ষণে থাকায় অন্য একজন দায়িত্বে ছিলেন। ফলে এখনই বলতে পারছি না।

মালা খানের মামলার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘এটি আদালতের বিষয়। আদালতে চলমান বিষয়ে এ মুহূর্তে বলার কিছু নেই।’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়া হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘এখনো দেওয়া হয়নি। জবাব তৈরির কাজ চলছে।’

মালা খানের বক্তব্য জানতে চাইলে তার অফিসে গিয়ে কথা বলতে বলেন। কিন্তু বিআরআইসিএমে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল করা হলে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানান তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। তার স্বপক্ষে তথ্যপ্রমাণ দেবেন বলে প্রতিবেদকের সঙ্গে ২০ সেপ্টেম্বর বসার কথা জানালেও পরে সাড়া দেননি।

এসব বিষয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মহাপরিচালক মো. নূরুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও সাড়া দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক আলম ফরাজীকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক আলম ফরাজীকে হুমকি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় কারাগারে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজীকে সংবাদ বর্জনের হুমকি প্রদান করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে যখন সংবাদটি প্রকাশিত হয়, তখনই ওই সংবাদকর্মীর ব্যক্তিগত মেসেঞ্জারে কল করে হুমকি দেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক জানান, রবিবার বিকেল সাড়ে চারটার দিকে কালের কণ্ঠের অনলাইনে ‘প্রধান শিক্ষকের মামলায় সহকারী শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন শিক্ষার্থীদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের মাত্র ২৭ মিনিট পর, বিকেল ৪টা ৫৭ মিনিটে, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ ওই সংবাদকর্মীর মেসেঞ্জারে কল করেন। তিনি জানতে চান, ‘আপনি যে বিদ্যালয়ে গেলেন, কি পেলেন আর কি জানলেন? কেনই বা গেলেন?’ একাধিক প্রশ্নের পর, এক পর্যায়ে ওই বিএনপি নেতা দাবি করেন, ‘ওই ছাত্রী তো ধর্ষণের শিকার হয়েছে, আপনি কি তা জানেন? পরে আবার ৬ লাখ টাকা রফা হয়েছে। নৈতিক স্খলনের জন্য কি ওই শিক্ষকের বিচার চান না?’

জবাবে সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘ওই ছাত্রীর পরিবার তো মামলা করেনি, তাহলে ধর্ষণ হলো কিভাবে? পরিবার না করে মামলা তো প্রধান শিক্ষক করেছেন শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে।’ এই প্রশ্নের পর ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা হারুন-অর-রশিদ বলেন, ‘সরি টু সে, এখন থেকে কালের কণ্ঠে ঈশ্বরগঞ্জের নিউজ আপনি করবেন না। অন্য জায়গার করেন।’ এই কথা বলেই ফোন কেটে দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%