ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি কৃষিতে বিপ্লব: কাউখালীতে দৃষ্টান্ত গড়লেন ছাত্রদল নেতারা


লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি কৃষিতে বিপ্লব: কাউখালীতে দৃষ্টান্ত গড়লেন ছাত্রদল নেতারা
লেখাপড়া আর রাজনীতির চেনা গণ্ডি পেরিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার একদল তরুণ রাজনৈতিক কর্মী। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে এবং চাকুরির পেছনে না ছুটে নিজেদের স্বাবলম্বী করতে তারা বেছে নিয়েছেন আধুনিক কৃষি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার উজিয়াল খান মৌজায় প্রায় দুই একর জমিতে যৌথভাবে এক সমন্বিত খামার গড়ে তুলেছেন কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, যুগ্ম আহ্বায়ক জয়দেব রায়, গোলাম রব্বানী, কাউখালী সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সজল হোসেন ইমরান এবং সাবেক সদস্য সচিব মীর ফয়সাল ইমতিয়াজ ।
তাদের এই খামারে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন লাউ, করলা, পেঁপে, কলা, কুমড়া, ঢেঁড়স, কাঁকরোলসহ হরেক রকমের শাকসবজি। পাশাপাশি রয়েছে মাছ চাষের ঘেড়। ইতিমধ্যে এই খামার থেকে তারা প্রায় ৩০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। তরুণদের এমন অনন্য উদ্যোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রশংসার সৃষ্টি করেছে।
তরুণ কৃষি উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন 
বলেন,আমরা শুধু রাজনীতি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকে অলস সময় পার করতে চাইনি। আমাদের মূল উদ্দেশ্য হলো—বাইরে বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি যে কৃষি কাজ করে সফল হওয়া সম্ভব, আমরা সেটাই প্রমাণ করতে চেয়েছি। ইতিমধ্যে আমাদের খামার থেকে প্রথম দিকেই প্রায় ৩০ হাজার টাকা আয় হয়েছে। আশা করছি, নিজেদের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এটিকে আরও বড় বাণিজ্যিক খামারে রূপান্তর করতে পারব। আমাদের দেখে যেন অন্য বেকার যুবকেরাও অনুপ্রাণিত হয়, এটাই আমাদের চাওয়া।
উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা 
বলেন, শুরু থেকেই আমি এই তরুণদের জমি নির্বাচন, মাটির গুণাগুণ পরীক্ষা এবং কোন সময়ে কোন ফসল ভালো ফলবে, সে বিষয়ে মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে আসছি। তরুণদের এই দলটির কাজের প্রতি দারুণ আগ্রহ রয়েছে। তারা নিয়মিত আমাদের পরামর্শ নিচ্ছেন এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন। তাদের এই সমন্বিত খামারে লাউ, করলা ও পেঁপের ফলন বেশ চমৎকার হয়েছে। রোগবালাই দমনে আমরা তাদের ফেরোমন ফাঁদসহ পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন,
শিক্ষিত তরুণরা যখন কৃষিতে এগিয়ে আসে, তখন তা পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে আমরা এই তরুণ উদ্যোক্তাদের বীজ, সার এবং প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করেছি। তারা প্রমাণ করেছে যে, সদিচ্ছা থাকলে যেকোনো পেশাতেই সফল হওয়া সম্ভব। এই খামারটি উপজেলার বেকার সমস্যা সমাধানে এবং নিরাপদ সবজি উৎপাদনে একটি রোল মডেল হিসেবে ভূমিকা রাখবে। আমরা আগামীতেও তাদের এই পথচলায় সব ধরনের কারিগরি ও সরকারি সহযোগিতা বজায় রাখব। তরুণদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকার অন্য যুবকদেরও কৃষিতে উদ্বুদ্ধ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে, উদ্ভাবক মো. সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচপাম্প’ সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই মাসের ৩ তারিখ, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়া সময় তিনি এ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, এই দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি এ সময় বলেন, কৃষকদের সেচ ব্যয় কমাতে এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সলেমান আমাদের দেশের গর্ব। সরকারের পক্ষ থেকে তার উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হবে।

মন্ত্রী আরও জোড় দেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করার জন্য কাজ করে যাচ্ছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলেও জানান।

অনুষ্ঠানে উদ্বোধনের পূর্বে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।

উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব: দুদু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব: দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের শুরু, সবই তো করেছে এই প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। কিন্তু তারা সেটা মানেন না।

তিনি বলেন, তাকে (বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) আমরা উন্মাদ ছাড়া কী বলব?

এ মন্তব্যটি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে অংশ নেওয়ার সময় উত্থাপন করা হয়। উপস্থাপক ব্যারিস্টার ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বক্তব্য জানার জন্য যখন প্রশ্ন করা হয়, তখন তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন গৌরবময় ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় সবাই ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।

জামায়াতের বিষয়ে তিনি মন্তব্য করেন, বিরোধীদল তাদের মতো করে রাজনীতি করবে। বিএনপিও তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে। কিন্তু জামায়াত ইসলাম সবসময় জুলাইটাকে সামনে নিয়ে এসেছে। তারা সরকারের দোষত্রুটি না পেয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার জন্য একটি পরিকল্পনা করছে।

এছাড়া, এর আগে এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতির দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।’ এরপর দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

এ মন্তব্যের প্রেক্ষিতে রাজু ভাস্কর্যে ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ করা হয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাশয় উন্মুক্ত থাকবে, জোরদার হবে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


জলাশয় উন্মুক্ত থাকবে, জোরদার হবে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সকল উন্মুক্ত জলাশয় মূলত প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত সরকার নিয়েছে। একইসঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের মূল নীতি হলো—জাল যার, জল তার। এই নীতির আলোকে সবার জন্য, বিশেষ করে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলাশয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইজারা প্রথার কারণে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইজারা দেওয়ার কারণে প্রভাবশালীরা যেভাবে হাওর বা জলাশয় দখল করে রাখতো এবং সাধারণ মানুষের নামতে বাধা দিত, সেই প্রতিবন্ধকতা দূর করা হবে। সরকার সকল ধরনের আইনগত বাধা দূর করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।

হাওরের জলাশয়গুলোকে ইজারামুক্ত করার প্রশ্নে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যেই খাল ও নদী খনন এবং জলাশয়কে কিভাবে ঠিক রাখা যায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং উদ্বোধনও করেছেন। ইতোমধ্যে অনেকগুলো খাল ও নদী খনন করা হয়েছে।

কাজেই এই নদীর নাব্যতা যাতে কমে না যায় এবং জলাবদ্ধতায় মানুষ দুর্ভোগে না পড়ে, জলাশয়গুলোতে যাতে মৎস্য চাষ করতে পারে, সেই ব্যাপারে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মত বিনিময়ের সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজে এই ব্রিফিং শেষে, দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী জেলার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটের পথসভায় অংশগ্রহণ করতে এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

দিনব্যাপী এই সফরে তিনি পরবর্তীতে খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল ও নাওটানা সংযোগস্থলে ফিশারিতে মাছের পোনা অবমুক্তকরণ, সদরের বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে আজ রাতেই প্রতিমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


সাগরে শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজ করছে। এই অবস্থার ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে এবং এটি ঘণীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। মৌসুমিবায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়ে আছে।

মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিদ্যমান রয়েছে।

এ অবস্থায় শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতিভারি বৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। একইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%