ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ.লীগ একটি কাল্ট, দেশপ্রেমিক মানুষ করতে পারে না: আমান আযমী


আ.লীগ একটি কাল্ট, দেশপ্রেমিক মানুষ করতে পারে না: আমান আযমী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি কাল্ট বা ‘ধর্ম’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এটি একটি ফ্যাসিস্ট ডিএনএ।

রোববার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহিল আমান আযমী বলেন, "আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা কাল্ট, একটা ধর্ম। এটা ওদের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এই ডিএনএ হলো ফ্যাসিস্ট ডিএনএ। এইটা আজকে নতুন নয়। ১৯৬৯ সালে শহীদ মালেককে হত্যা করা হয়েছে, ১৯৭০ সালে আমার বাবাকে হত্যা করার জন্য পল্টন ময়দানে আক্রমণ করা হয়েছে, যেখানে আমার বাবাকে বাঁচাতে গিয়ে দুজন শহীদ হয়েছেন।"

আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার

নিজের ও পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, "আমার তিন জেনারেশন সাফার করছে। আমার বাবা সাফার করেছেন, আমি সারাজীবন সাফার করেছি। আমার সন্তানকে বুয়েটের চতুর্থ বর্ষে পড়া অবস্থায় লেখাপড়া ছাড়তে হয়েছে এবং আমার মেয়েকে এই জালেমদের কারণে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। যারা এদের পক্ষে কথা বলতে চায়, আমি আমার মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলে যাব।"

আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, "আমার কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, তিন শ্রেণির মানুষ কখনো আওয়ামী লীগ হতে পারে না—এক. কোনো ভালো মানুষ আওয়ামী লীগ বা এর সমর্থক ও ভোটার হতে পারে না; দুই. কোনো ভালো মুসলমান আওয়ামী লীগের সমর্থক হতে পারে না; এবং তিন. কোনো দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ করতে পারে না।"

বক্তব্যে মূলধারার কিছু গণমাধ্যমের কঠোর সমালোচনা করে আমান আযমী বলেন, "গণমাধ্যম মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে। ফ্যাসিবাদের দোসর কিছু গণমাধ্যম আবার নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে।" বড় রাজনৈতিক দলের নেতারা এসব গণমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে হাসিমুখে কথা বলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দেশ ও সংস্কৃতিকে বাঁচাতে ফ্যাসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করেছিল আমার বাবার সঙ্গে বৈঠক ও সমর্থনের মাধ্যমে, ২০০১ সালেও জোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যারা একত্রে ছিলেন, গত আট-নয় মাসে কেন আপনারা তাদের দূরে ঠেলে দিচ্ছেন? এখন ঘরে আগুন লেগে গেছে, নৌকা ফুটো হয়ে গেছে। কে আগুন লাগিয়েছে তা নিয়ে চিৎকার না করে আগে আমাদের সবাইকে মিলে নৌকার ফুটো বন্ধ করতে হবে এবং ঘরের আগুন নেভাতে হবে।

আরও পড়ুন: নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’

ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, সিরিজটি দেশটির দর্শকদের জন্য আসন্ন মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত নয়।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটফ্লিক্সকে স্মরণ করিয়ে দিয়েছে পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে দেশটির সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য। ২৪ নভেম্বর ট্রেলার প্রকাশের পর এআইসিডব্লিউএ ও এফডব্লিউআইসিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করে সিরিজটির মুক্তি বন্ধের জন্য এবং ৫ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের প্রযোজনায় কাজ বন্ধের হুমকি দেয়। ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর নেটফ্লিক্স ভারতীয় দর্শকদের জন্য সিরিজটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পহেলগ্রামে সন্ত্রাসী হামলা ও ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে পাকিস্তানি কনটেন্ট প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ফারহাত ইশতিয়াকের উর্দু উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই রোমান্টিক সিরিজটি মোমিনা দুরাইদের পরিচালনা ও প্রযোজনায় তৈরি হয়েছে। এতে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ফাওয়াদ ও মাহিরার পাশাপাশি এতে অভিনয় করেছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, সানাম সাঈদ, ইকরা আজিজ ও হামজা আলী আব্বাসি। যদিও সিরিজটি আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে, তবে ভারতের দর্শকরা এটি দেখতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত: জুলাই শহীদ প্রিয়র মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত: জুলাই শহীদ প্রিয়র মা

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ফ্যাসিস্টরা ফিরে আসার জন্য তোড়জোড় চালাচ্ছে, এ বিষয়ে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফটোসাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।

রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শহীদ ফটোসাংবাদিক প্রিয়র মা বলেন, জুলাই জাদুঘরে রাখা স্মৃতিগুলো দেখলে ছেলের কথা মনে পড়ে। আজ যখন ছেলের জুতাগুলো এখানে দেখলাম, তখন মনে হলো আমি ছেলের সঙ্গেই আছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, আমাদের সহকর্মীদের শহীদ হওয়ার স্মৃতি সতেজ রাখতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর জুলাই শহীদদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনীর আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই প্রদর্শনীতে ৫৯০ জন শহীদের প্রায় দেড় হাজার স্মৃতিস্মারক প্রদর্শিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রীর উদ্বোধনে ঢাকার আদালত ভবনে নতুন দুটি লিফট স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


আইনমন্ত্রীর উদ্বোধনে ঢাকার আদালত ভবনে নতুন দুটি লিফট স্থাপন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে ব্যবহারের অনুপযোগী দুটি লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আদালত ভবন প্রাঙ্গণে তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানটি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন লিফট দুটি স্থাপন হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। এই উদ্যোগের ফলে আদালতের কার্যক্রমে গতি আসবে এবং সবার জন্য সুবিধা বৃদ্ধি পাবে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, যার কার্যাদেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতালির তৈরি ‘মুভি’ (Movi) ব্র্যান্ডের প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। ছয়টি স্টপেজবিশিষ্ট লিফট দুটি ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিডিডিআরবির সফটওয়্যার: ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণের সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


আইসিডিডিআরবির সফটওয়্যার: ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণের সক্ষমতা

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) একটি সফটওয়্যার তৈরি করেছে, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণের জন্য বিনামূল্যে ব্যবহৃত হবে। এই সফটওয়্যারটির নাম ‘ডিজেনরিজলভ’। এর মাধ্যমে শক্তিশালী কম্পিউটার, বিশেষজ্ঞের সহায়তা কিংবা জটিল কোডিং ছাড়াই ন্যানোপোর সিকোয়েন্সার থেকে প্রাপ্ত কাঁচা (র) ডেটা বিশ্লেষণ করে ব্যবহারযোগ্য জিনোম সিকোয়েন্স তৈরি করা সম্ভব হবে।

আইসিডিডিআরবি জানিয়েছে, এই উদ্ভাবনের ফলে সীমিত সুবিধার গবেষণাগারগুলোতেও সময়ের সঙ্গে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)-র মতো ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সফটওয়্যারটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো শোয়েব সৈকত। এর কার্যকারিতা বিশ্লেষণে কাজ করেছেন আইসিডিডিআরবির ওয়ান হেলথ ল্যাবরেটরি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দলটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে সফটওয়্যারটির কার্যকারিতা পরীক্ষা করে। এ সময় ডিজেনরিজলভ থেকে পাওয়া ফলাফলের সঙ্গে তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ‘ইলুমিনা’র ফলাফল মিলিয়ে দেখা হয়, যাতে দুই পদ্ধতির ফলাফলে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি র‍্যামের সাধারণ ল্যাপটপেও সফটওয়্যারটি ইন্টারনেট ছাড়াই নির্বিঘ্নে চলে। বিশেষ করে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই কিংবা তথ্যের নিরাপত্তার কারণে অনলাইনে ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত কার্যকর।

গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক এবং আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ বা পর্যাপ্ত রিসোর্স নেই। ডিজেনরিজলভ ঠিক এই গবেষণাগারগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা এতদিন সবচেয়ে ধীরগতির ও ব্যক্তিভেদে পরিবর্তনশীল (সাবজেক্টিভ) ধাপ ছিল। কিন্তু ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করে রাখে।

গবেষণাটির প্রধান লেখক শোয়েব সৈকত জানান, এই সফটওয়্যারটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বেশি গবেষণাগারে রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন অনুসরণ করতে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%