ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত: জুলাই শহীদ প্রিয়র মা


ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত: জুলাই শহীদ প্রিয়র মা

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ফ্যাসিস্টরা ফিরে আসার জন্য তোড়জোড় চালাচ্ছে, এ বিষয়ে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফটোসাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।

রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শহীদ ফটোসাংবাদিক প্রিয়র মা বলেন, জুলাই জাদুঘরে রাখা স্মৃতিগুলো দেখলে ছেলের কথা মনে পড়ে। আজ যখন ছেলের জুতাগুলো এখানে দেখলাম, তখন মনে হলো আমি ছেলের সঙ্গেই আছি।

আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, আমাদের সহকর্মীদের শহীদ হওয়ার স্মৃতি সতেজ রাখতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর জুলাই শহীদদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনীর আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই প্রদর্শনীতে ৫৯০ জন শহীদের প্রায় দেড় হাজার স্মৃতিস্মারক প্রদর্শিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রীর উদ্বোধনে ঢাকার আদালত ভবনে নতুন দুটি লিফট স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


আইনমন্ত্রীর উদ্বোধনে ঢাকার আদালত ভবনে নতুন দুটি লিফট স্থাপন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে ব্যবহারের অনুপযোগী দুটি লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আদালত ভবন প্রাঙ্গণে তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানটি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন লিফট দুটি স্থাপন হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। এই উদ্যোগের ফলে আদালতের কার্যক্রমে গতি আসবে এবং সবার জন্য সুবিধা বৃদ্ধি পাবে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, যার কার্যাদেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতালির তৈরি ‘মুভি’ (Movi) ব্র্যান্ডের প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। ছয়টি স্টপেজবিশিষ্ট লিফট দুটি ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিডিডিআরবির সফটওয়্যার: ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণের সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


আইসিডিডিআরবির সফটওয়্যার: ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণের সক্ষমতা

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) একটি সফটওয়্যার তৈরি করেছে, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণের জন্য বিনামূল্যে ব্যবহৃত হবে। এই সফটওয়্যারটির নাম ‘ডিজেনরিজলভ’। এর মাধ্যমে শক্তিশালী কম্পিউটার, বিশেষজ্ঞের সহায়তা কিংবা জটিল কোডিং ছাড়াই ন্যানোপোর সিকোয়েন্সার থেকে প্রাপ্ত কাঁচা (র) ডেটা বিশ্লেষণ করে ব্যবহারযোগ্য জিনোম সিকোয়েন্স তৈরি করা সম্ভব হবে।

আইসিডিডিআরবি জানিয়েছে, এই উদ্ভাবনের ফলে সীমিত সুবিধার গবেষণাগারগুলোতেও সময়ের সঙ্গে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)-র মতো ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সফটওয়্যারটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো শোয়েব সৈকত। এর কার্যকারিতা বিশ্লেষণে কাজ করেছেন আইসিডিডিআরবির ওয়ান হেলথ ল্যাবরেটরি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দলটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে সফটওয়্যারটির কার্যকারিতা পরীক্ষা করে। এ সময় ডিজেনরিজলভ থেকে পাওয়া ফলাফলের সঙ্গে তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ‘ইলুমিনা’র ফলাফল মিলিয়ে দেখা হয়, যাতে দুই পদ্ধতির ফলাফলে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি র‍্যামের সাধারণ ল্যাপটপেও সফটওয়্যারটি ইন্টারনেট ছাড়াই নির্বিঘ্নে চলে। বিশেষ করে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই কিংবা তথ্যের নিরাপত্তার কারণে অনলাইনে ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত কার্যকর।

গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক এবং আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ বা পর্যাপ্ত রিসোর্স নেই। ডিজেনরিজলভ ঠিক এই গবেষণাগারগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা এতদিন সবচেয়ে ধীরগতির ও ব্যক্তিভেদে পরিবর্তনশীল (সাবজেক্টিভ) ধাপ ছিল। কিন্তু ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করে রাখে।

গবেষণাটির প্রধান লেখক শোয়েব সৈকত জানান, এই সফটওয়্যারটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বেশি গবেষণাগারে রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন অনুসরণ করতে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান মন্তব্য করেছেন যে, সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কথিত ‘লকডাউনের’ মাধ্যমে সৃষ্ট নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ বিকেলে নগরীর লালখান বাজার মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী শক্তির সৃষ্ট নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাজিমুর রহমান আরও বলেন, বিদেশে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তি গুজব, অপপ্রচার এবং সহিংসতার মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়া হচ্ছে। কথিত লকডাউনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে অগ্নিসংযোগ, জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে।

কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্ত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ অন্যান্য নেতারা বক্তব্য প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের গোপন সমঝোতা ভেঙে বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


আ.লীগের গোপন সমঝোতা ভেঙে বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ভেঙে যাওয়ার পর এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে দলটি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

রোববার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সমাবেশের আয়োজন করা হয় গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে।

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভেঙেছে। তিনি দাবি করেন, এসব অবস্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতির সুযোগ পাবে না। তিনি আওয়ামী লীগের রাজনীতি দেশের মাটি থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। তার দাবি, এ ষড়যন্ত্রে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত সুরক্ষিত করার লড়াইকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তিনি জানান, এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।

সারজিস আলম আরো বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।

সমাবেশের আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন তারা।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%