১০:১৮ পি.এম
নেত্রকোনার সাতপাই এলাকায় আমিরুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের দ্বারা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল এবং মৃত্যুর হুমকি দিয়ে একটি চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছে।
রোববার সকালে স্থানীয় বাসিন্দারা আমিরুল ইসলামের কার্যালয়ের সামনে এই চিরকুট ও কাফনের কাপড় দেখতে পান। আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে ওই কার্যালয়ের সামনে দড়িতে ঝুলানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল এবং চিরকুট দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি জানার পর আমিরুল ইসলাম কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
চিরকুটে আমিরুলকে অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাঁকে ‘সময়’ দেওয়া হয়েছে। এরপর মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে কুকুরের মতো পেটানোর পর বুকে ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিরকুটের শেষে ‘সর্বহারা গ্রুপ’ লেখা হয়েছে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ দুটি স্লোগান রয়েছে।
ভীতি প্রকাশ করে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বলেন, "জুলাই-আগস্টের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। সেই কারণে পতিত ফ্যাসিস্ট শক্তি এই কাজ করেছে। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এই ঘটনার জন্য কাপুরুষোচিত শব্দ ব্যবহার করে বলেন, "দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন