ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান


বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, তিনি কালকে বললেন যে, বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, মানুষ যেন বিড়ি না খায়, নেশাদব্য না খায়, মদ না খায়—সেজন্যই প্রধানমন্ত্রী দাম বেশি করেছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য ১০ দফা সুপারিশ দিল গ্রিন ভয়েসেস

জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।

মুজিবুর রহমান বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না—জাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান জামায়াতের এই সংসদ সদস্য। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।

আরও পড়ুন: আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে

ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সুইজারল্যান্ড বাংলাদেশি জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ধারাবাহিক সহযোগিতা প্রদান করবে বলেও জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বৈঠকে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করেছে। তবে এটিকে আরও শক্তিশালী করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টার সংযুক্তকরণ, জব পোর্টাল উন্নয়ন এবং একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের কর্মমুখী ও কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতের মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এছাড়া তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডের বৃত্তির সুযোগ বৃদ্ধি নিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডের মাইগ্রেশন ও প্রটেকশনের আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙার, আঞ্চলিক প্রোগ্রাম ব্যবস্থাপক নাজিয়া হায়দারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সুষমা-কুশল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সুষমা-কুশল

জনপ্রিয় চিকিৎসক এবং দাম্পত্য পরামর্শক দম্পতি ডা. সুষমা রেজা এবং ডা. সায়েদুল আশরাফ কুশল তারা তাদের দীর্ঘ ২০ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তারা নিজেদের বিচ্ছেদের খবরটি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে ডা. সুষমা রেজা তাদের বিচ্ছেদের তথ্য সম্মতির ভিত্তিতে ঘোষণা করেছেন। পোস্টে তিনি লেখেন, 'অনেক ভেবেচিন্তে, দীর্ঘ আত্মসমালোচনার পর আমরা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথাই আপনাদের জানাচ্ছি। এতদিন যারা আমাদের ভালোবেসেছেন, আমাদের পথচলার সঙ্গী হয়েছেন, তাদের অনেকের কাছে এই সংবাদটি কষ্ট, বিস্ময় কিংবা নানা প্রশ্নের জন্ম দিতে পারে - সেটা আমরা বুঝি।'

এতে তিনি আরও উল্লেখ করেন, 'খুব অল্প বয়সে আমাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় দুই দশক কেটে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা একটি পরিবার গড়েছি, আমাদের সন্তানদের বড় হতে দেখেছি এবং জীবন যাপন করেছি অসংখ্য সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও স্মৃতি একসঙ্গে নিয়ে। সেই স্মৃতিগুলো অমূল্য অংশ হয়ে থাকবে সবসময়।'

তিনি আরও জানান, 'আমরা উপলব্ধি করেছি যে, আমাদের সম্পর্ক সেই জায়গাটিতে নেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলেছি, সম্পর্করাও বদলেছে। একসময় পরিবর্তনগুলো দেখে আমরা বুঝতে পেরেছি, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।'

সংবাদদাতা জানিয়েছে, তার পোস্টে আরও উল্লেখ আছে, 'দীর্ঘমেয়াদী যেকোন সম্পর্কের মতোই আমাদের সম্পর্কেও ছিল আনন্দ, ছিল সংগ্রাম, ছিল সীমাবদ্ধতা এবং অসংখ্য আশীর্বাদ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আপনারা আমাদের জীবনের যে মুহূর্তগুলো দেখেছেন, সেগুলো কখনোই নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার চেষ্টা ছিল না। এগুলো ছিল সত্যিকার মুহূর্ত, যেগুলো আমরা আন্তরিকভাবে বেঁচেছি, ভালোবেসেছি এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি।'

এছাড়া, তিনি শেয়ার করেন যে, 'এই দীর্ঘ পথচলায় আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী যেভাবে আমাদের পাশে থেকেছেন, সাহস দিয়েছেন, ভালোবেসেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন - সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।'

প্রকাশ্য পোস্টে তিনি আর্জি জানিয়েছেন যে, 'সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনের এই সময়টুকুকে অনুগ্রহ করে অনুমান, গুজব কিংবা বিচার-বিশ্লেষণের বিষয় বলে গণ্য করবেন না।'

তিনি তাদের সন্তানদের এবং পরিবারের মানুষের সামনে বিষয়টি নিয়ে আলোচনা না করার অনুরোধ জানান। তিনি বলেন, 'আমাদের জীবনে ঘটে যাওয়া এই পরিস্থিতির ব্যাখ্যা ভাষায় প্রকাশ করা কঠিন।'

তিনি আরও বলেন, 'আমরা দুজনই সময় নিয়ে, ধীরে ধীরে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের কাছে এই বাস্তবতা নতুন এবং গভীরভাবে বেদনাদায়ক। প্রত্যেকে নিজের মতো করে এই পরিবর্তন বুঝতে এবং গ্রহণ করার চেষ্টা করছে।'

অবশেষে, তিনি অনুভব প্রকাশ করেন, 'আপনাদের সামান্য সহমর্মিতা, সংবেদনশীলতা ও সংযম হয়তো তাদের এই পথটুকু কিছুটা সহজ করে দিতে পারে। ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি টানছি আমরা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং শান্ত গ্রহণযোগ্যতা নিয়ে।'

বিদায়ের আগে তিনি বলেন, 'নিজের পরিবারকে সময় দিন। প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের সাধারণ মুহূর্তগুলোই কালকের মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। তাই প্রতিটি মুহূর্ত সচেতনভাবে বাঁচুন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে

মুদি দোকান ও কাঁচাবাজারকে করের আওতায় আনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, এ বিষয়ে আমাদের নিঃসন্দেহে উদ্বেগ প্রকাশ করতে হবে। জনগণের জন্য স্বস্তি প্রদান করা প্রয়োজন। অত্যন্ত যৌক্তিকভাবে করের আওতা বাড়ানো হয়েছে এবং প্রাথমিকভাবে করদাতাদের সক্ষমতা অনুযায়ী ফ্ল্যাট রেটে কর নির্ধারণ করা হবে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আদায় কার্যক্রমকে পৃথক করা হবে। এই লক্ষ্যে আমলাতন্ত্রের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন নীতি-নির্ধারণী সংস্থা নির্মাণ করা হবে। তিনি আশাপ্রকাশ করেন, কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার আগামী অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

প্রস্তাবিত জাতীয় বাজেটের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, অর্থায়ন নিয়ে উদ্বেগ থাকলেও কর সংস্কার, অটোমেশন এবং কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। সাকি বলেন, অনেক সংসদ সদস্য প্রস্তাবিত বাজেটের আকার এবং এর অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ, যেখানে প্রতিবেশীসহ বিভিন্ন দেশে সাধারণত বাজেটের আকার জিডিপির ৩০ থেকে ৩৩ শতাংশ হয়ে থাকে।

তিনি বলেন, 'বাংলাদেশের জনসংখ্যা এবং দেশকে আমরা যে অবস্থানে নিয়ে যেতে চাই, সেই বিবেচনায় এটি আসলে ছোট একটি বাজেট।'

প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি 'ধ্বংসপ্রাপ্ত ও ভঙ্গুর অর্থনীতি' উত্তরাধিকার হিসেবে পেয়েছে এবং পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাজেট প্রণয়ন করেছে।

জুনায়েদ সাকি বলেন, এটি সংকোচনমূলক নয়, বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রসারণশীল বাজেট, যা উন্নয়ন অগ্রাধিকার এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করেছে।

বাজেটের অর্থায়ন নিয়ে উদ্বেগের জবাবে সাকি স্বীকার করেন যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতীতের কর্মদক্ষতার কারণে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তিনি দাবি করেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে গত চার মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কর ফাঁকি, কর জালিয়াতি এবং অতিরিক্ত কর রেয়াতের কারণে সরকার প্রয়োজনীয় রাজস্ব আদায়ে ব্যর্থ হয়েছে। এসব অনিয়ম রোধে কর প্রশাসনে অটোমেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সাকি আরও বলেন, রোববার এনবিআরসহ আরও পাঁচটি প্রতিষ্ঠানে অটোমেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ উঠল জামায়াত এমপির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


একাধিক প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ উঠল জামায়াত এমপির বিরুদ্ধে

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য মো. নুরুল আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির। বিভিন্ন প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এমপির অনুকূলে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে তার ভাগ্নে ও ভগ্নিপতিকে সভাপতি করা হয়েছে। চলতি অর্থবছরে সংসদ সদস্য মো. নুরুল আমিন টেস্ট রিলিফ (টিআর) হিসেবে ৩০ লাখ, কাবিটার জন্য ২৫ লাখ এবং কাবিখার জন্য ৪০ মেট্রিক টন খাদ্যশস্য সরকারের বিশেষ বরাদ্দ পেয়েছেন। সংসদীয় আসনে বিভিন্ন স্থানে টিআরের (নগদ অর্থ) ১৪টি, কাবিটার ১১টি ও কাবিখার ৫টি প্রকল্পসহ মোট ৩০টি প্রকল্পের জন্য বরাদ্দ বিভাজন করে প্রকল্প দাখিল করেছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে এমপির বিশেষ বরাদ্দের দুটি প্রকল্পের কাজ এখনও চলছে। কাবিখা প্রকল্পে বরাদ্দকৃত ১০ মেট্রিক টন খাদ্যশস্যের জন্য ইয়াকুব আলীর বাড়ির সামনে ওয়াক্তিয়া নামাজঘর উন্নয়ন এবং মাঠে মাটি ভরাট করণ প্রকল্প রয়েছে। এই প্রকল্পের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইয়াকুব আলীর চাচাতো বোনের স্বামী ভগ্নিপতি ইয়াকুব আলীকে। অপর একটি প্রকল্পে একই গ্রামের ইয়াকুবের বাড়ি থেকে মুশফিকের বাড়িগামী রাস্তা সলিংকরণ, ইয়াকুবের পুকুরপাড়ে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাটকরণ করা হয়েছে। এ প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করছেন আগের প্রকল্পের সভাপতি ইয়াকুব আলীর ছেলে সালমান শরিফ শাওন। এই দুই প্রকল্পের সভাপতিরা হলেন পিতা-পুত্র, যারা এমপির ভাগ্নে ও ভগ্নিপতি। এছাড়া অন্যান্য প্রকল্পেও অনেক নিকটাত্মীয় ও দলের নেতাকর্মীদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিকভাবে আলোচনা-সমালোচনা চলছে। তুলারামপুর গ্রামের বাসিন্দা মুকুল মিয়া জানান, একই ওয়াক্তিয়া ঘরের জন্য একাধিক প্রকল্পে এমপির বোনজামাই ও ভাগ্নে প্রকল্প সভাপতি হওয়ায় প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন কতটুকু হবে। একই গ্রামের মঞ্জু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তুলারামপুর গ্রামে পুরাতন জামে মসজিদ রয়েছে যেখানে নিয়মিত শতাধিক মুসল্লি নামাজ আদায় করে। মসজিদটির উন্নয়নের জন্য বরাদ্দের আবেদন করলেও সেখানে কোনো বরাদ্দ না দিয়ে এমপি তার আত্মীয়-স্বজনদের প্রকল্প দিয়েছেন। ইয়াকুব আলী জানিয়েছেন, 'প্রকল্পে কত টাকা বা কী বরাদ্দ আছে, সেটা আমি জানি না। অফিস থেকে কাজ করতে বলা হয়েছে, তাই কাজ করছি।' অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য নুরুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরে কথা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ বলেছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানিয়েছেন, কাজ না করে টাকা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং বিষয়টি তদন্ত করে যদি প্রমাণিত হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%