ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য


বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য

বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করতে উভয় দেশ একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (১৪ জুলাই) একটি সংবাদ মাধ্যমে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সংক্ষিপ্ত সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরের জন্য কুয়ালালামপুরকে বেছে নেয়ার মাধ্যমে ঢাকা এই সম্পর্ককে বিশেষ মূল্যায়ন করার একটি পরিষ্কার বার্তা দিয়েছে। এই সফরটি দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করেছে, এবং উভয় নেতাই বিদ্যমান সম্পর্ককে একটি শক্তিশালী অংশীদারিত্বে রূপান্তর করতে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের পরিধি বাড়াতে দুই দেশ ২০২৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে একমত হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

হাইকমিশনার জানিয়েছেন, বর্তমানে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে প্রায় ৩২ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। তবে এই চুক্তিটি সম্পন্ন হলে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা বাণিজ্য প্রসারে একটি বড় ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, টেলিযোগাযোগ, সড়ক ও সেতু, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) বাজারে রফতানি করার জন্য একটি বড় সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ ২০২৫ সালের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া বাংলাদেশের বৈশ্বিকভাবে ২৮তম বৃহত্তম বাণিজ্য অংশীদার। এবং দক্ষিণ এশিয়ায় ভারতের পর এটি মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ও আমদানির উৎস। গত বছরে এই দুই দেশের মোট বাণিজ্য ছিল ১২ দশমিক ১৮ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে মালয়েশিয়ার পেট্রোলিয়াম পণ্যসহ অন্যান্য রফতানি ছিল ১০ দশমিক ০৮ বিলিয়ন রিঙ্গিত, এবং বাংলাদেশের তৈরি পোশাক ও পাদুকা রফতানি ছিল ২ দশমিক ১০ বিলিয়ন রিঙ্গিত।

বাণিজ্য সম্পর্কের এই দৃঢ় অবস্থানের পাশাপাশি, আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়াতে বাংলাদেশ আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার জোরালো সমর্থন প্রত্যাশা করছে।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

জেলা পরিষদের আয়োজনের মাধ্যমে ১৩ টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির এবং ব্যক্তিগত আর্থিক অনুদানের জন্য ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আজ বুধবার দুপুর আড়াই টায় দিনাজপুর জেলা পরিষদের অডিটোরামে চলতি অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লাখ টাকার অনুদানের চেক সেসব প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক, এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে অনেক চেষ্টা করছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার জন্য আহ্বান জানান। চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করা প্রয়োজন। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পগুলোর কাজের তদারকি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, একই সাথে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর জেলা পরিষদের নব-নির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ দিন পর খুলল সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


৮ দিন পর খুলল সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬ ১৮:২৭

টানা ৮ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭ জুলাই সাজেক ভ্যালিতে পর্যটক যাতায়াতের ওপর জরুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বুধবার জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পূর্বের সেই নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। নতুন এই আদেশ জারির পর থেকে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটকরা নির্বিগ্নে ভ্রমণ করতে পারবেন।

ভ্রমণ উন্মুক্ত করা হলেও পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বর্ষা ও দুর্যোগ মৌসুমে রাঙামাটি জেলায় যাতায়াত এবং চলাচলের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে রাস্তাঘাট ও পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় সময়ে যেসব নির্দেশনা জারি করা হবে, তা সবাইকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত কয়েকদিন সাজেক ভ্যালির যোগাযোগ ও পর্যটন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় রিসোর্ট, হোটেল-মোটেল এবং জিপ বা চান্দের গাড়ি চালকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার এই সিদ্ধান্তের পর সাজেকজুড়ে ব্যবসায়ী ও পর্যটন কর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

রিসোর্ট-কটেজ ওনার্স অ্যাসোশিয়শেন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেছেন, ‘এটি আমাদের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সুখবর। গত ৮ দিন যাবৎ আমাদের ব্যবসা বন্ধ ছিল। যেহেতু বর্ষার সময়টাতেই সাজেক সবচেয়ে সুন্দর হয়ে ওঠে, তাই এই সময় পর্যটকরা সাজেক ভ্রমণ করতে চান। কিন্তু অতিবৃষ্টির ফলে এত দিন সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ছিল।

এটি খুলে দেওয়াতে আমরা আশা করছি আবারও পর্যটকমুখর হবে সাজেক ভ্যালি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারসহ দেশের পর্যটন উন্নয়নে মেগা পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


কক্সবাজারসহ দেশের পর্যটন উন্নয়নে মেগা পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারসহ দেশের পর্যটন উন্নয়নে সরকারের একটি মেগা পরিকল্পনার কথা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছিলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের অন্যতম হাতিয়ার হচ্ছে পর্যটন শিল্প।

সরকার এই খাতকে টেকসই করার পাশাপাশি অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার জন্য একটি সমন্বিত ও সুদূরপ্রসারী পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছিলেন, সরকারের সুনির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে তৈরি হতে যাওয়া এই মহাপরিকল্পনার ওপর ভিত্তি করেই আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে জাতীয় পর্যটন নীতিমালার হালনাগাদকরণের কাজও সমানতালে এগিয়ে চলছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে দেশের পর্যটন অবকাঠামো আধুনিকায়ন, এর ব্যাপক সম্প্রসারণ এবং নতুন নতুন পর্যটন গন্তব্য চিহ্নিতকরণের কাজ নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, কক্সবাজারকে বিশ্বমানের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন ১৩২.৪৪ একর ভুমিতে আন্তর্জাতিকমানের পর্যটন সুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তথা পিপিপি পদ্ধতিতে বাস্তবায়িত হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কক্সবাজারের মোটেল লাবনী কমপাউন্ডে একটি আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু হয়েছে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য।

এর পাশাপাশি কক্সবাজার, সিলেট ও খুলনা জেলায় পর্যটন করপোরেশনের নিজস্ব জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণের প্রক্রিয়াটি অনেকটাই এগিয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কর্তৃক এই প্রকল্পগুলোর ডিমান্ড এসেসমেন্ট এবং মার্কেট স্টাডি মূল্যায়ন কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সরকারপ্রধান জানান, দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত ও তথ্য প্রাপ্তি সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আধুনিক ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। পর্যটন সংক্রান্ত তথ্য ও প্রচারের সুবিধার্থে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, স্থলবন্দর ও রেলওয়ে স্টেশনগুলোতে উন্নত প্রযুক্তির এলইডি বোর্ড স্থাপন করা হচ্ছে।

পর্যটকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য জনবহুল স্পটগুলোতে বিশেষ ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে ব্যাপকভাবে সিসি ক্যামেরা সংযোজন করা হচ্ছে। এছাড়া পর্যটন আকর্ষণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাকরণ এবং বিশ্বদরবারে দেশের রূপ তুলে ধরতে ভার্চুয়াল ট্যুর প্রস্তুত ও প্রচারের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, পর্যটন খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আকৃষ্ট করার জন্য সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, যেখানে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি পিপিপির আওতায় বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইকো-ট্যুরিজম, কমিউনিটি-বেইজড ট্যুরিজম এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের টেকসই বিকাশ, ডিজিটাল প্রচারণা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ব্র্যান্ডিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

ট্যুর অপারেটর, পর্যটন উদ্যোক্তা, বিনোদন পার্ক কর্মী, আবাসন কর্মী ও পরিবহন কর্মীদের জন্য নিয়মিত বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছিলেন তারেক রহমান। তিনি বলেন, কমিউনিটি ট্যুরিজম, এথনিক ও ওয়াটার ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন পেশাদার কোর্স নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ট্যুর গাইডকে একটি মর্যাদাপূর্ণ পেশায় রূপান্তরের লক্ষ্যে প্রত্নতাত্ত্বিক, এথনিক ও ইকো-ট্যুরিস্ট সাইটসমূহের জন্য দক্ষ গাইড তৈরির বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ২০২৬ সালের মে মাসে বাংলাদেশ পর্যটন করপোরেশন ১০১ জনকে সফলভাবে পেশাদার প্রশিক্ষণ দিয়েছে। সরকারের লক্ষ্য পর্যটন খাতকে আধুনিক, সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি শক্তিশালী শিল্পে পরিণত করা। এর জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে সমন্বিতভাবে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

গত ২৪ ঘণ্টায় সারাদেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯১ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত ডেঙ্গু সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যায় রয়েছেন যারা, তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩, ঢাকা বিভাগের বাইরে (সিটি করপোরেশন) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১২, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ২ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৩৭০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%