মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
১০:৩২ পি.এম
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করার লক্ষ্যে অষ্টম শ্রেণির শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাউছার আশা, যিনি নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সভাপতি। সভার সভাপতিত্ব করেন মোঃ মাহমুসুল হাসান ভূইয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ। এটি ছিল ২রা আগস্ট ২০২৬, রবিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের জনপ্রিয় বিস্কুট কোম্পানি নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে অভিযোগের ভিত্তিতে ওজনে কম দেওয়ার কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জানা যায়, মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা হয়েছে এবং একই পণ্যের মোড়কে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা হত।
জানা যায়, রবিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা প্রশাসন করা হয়।
বিএসটিআই জানিয়েছে, অভিযানের সময় দেখা যায় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদের অনুযায়ী ওজন যাচাই করা হয়েছে এবং দেখা গেছে, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের এবং পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনও লঙ্ঘন করছে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে, আদালত ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ রবিবার (০২ আগস্ট ২০২৬) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার (২৭ জুলাই ২০২৬) জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করে। এরপর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন গত বুধবার (২৯ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন।
আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান নবনিযুক্ত ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ট্রেজারারকে স্বাগত জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, "আমি বিশ্বাস করি, নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তিনি সফল হবেন বলে আমি প্রত্যাশা করি। তাঁর সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।"
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা এবং সুশাসন নিশ্চিত করা আমার অন্যতম অগ্রাধিকার হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে কার্যকর আর্থিক পরিকল্পনা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারে আমি আন্তরিকভাবে কাজ করব। মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।"
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফোকলোর বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ‘বাংলাদেশের লোকনাট্য: ঐতিহ্য ও আধুনিকতা’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন ফোকলোর বিষয়ক পত্রিকা 'ঐতিহ্য' এর সম্পাদক। বাংলাদেশের লোকজ ঐতিহ্যকে সফলভাবে তুলে ধরতে তিনি প্রতিষ্ঠা করেছেন 'বাংলাদেশ ফোকলোর গবেষণা কেন্দ্র'। ইতোমধ্যে তিনি মৌলিক গবেষণা গ্রন্থ 'বাংলাদেশের ফোকলোর সাধক'-এর জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কলা, মানবিক, আইন ও শিক্ষা শাখা থেকে ইউজিসি এওয়ার্ড-২০০৭ অর্জন করেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কারসহ অন্যান্য পুরস্কার লাভ করেন। গবেষণাক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান; দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তাঁর ৪৫টি মৌলিক গবেষণা প্রবন্ধ এবং ১৮টি গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- বাংলাদেশের ফোকলোর সাধক (২০০৭), ফোকলোর: যোগাযোগ ও উন্নয়ন (২০১১), বাংলার লোকনৃত্য পরিচিতি (২০১২), লোকনাট্য: দাইঘুরা গান (২০১৩), দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য: গাজীর গান (২০১৪), বাংলাদেশের পেশাজীবী ও ফোকলোর (২০১৫-যৌথ), ফোকলোর অধ্যয়ন (২০১৫), লোকশিল্প (ইউজিসি কর্তৃক প্রকাশিত ২০১৬), বাংলাদেশের লোকনাট্য (২০১৯), বাঙালির ঐতিহ্যবাহী লোকখাদ্য খেজুরের গুড় (২০২৪), বাঙালির উৎসব ও সম্প্রীতি (২০২৪)। সম্পাদিত গ্রন্থ: লোকসংস্কৃতির অঙ্গনে কুষ্টিয়া (২০১৩), বাংলার জনজাতি ও সংস্কৃতি (২০১৯)। সম্পাদিত গবেষণা পত্রিকা: ঐতিহ্য, ফোকলোর বিষয়ক পত্রিকা (২০০৯), ঐতিহ্য (লোকমেলা ও লোকউৎসব সংখ্যা-201৩)। গল্পগ্রন্থ: ছোটদের প্রিয় ভূত মামা (২০১৪)। উপন্যাস: যুদ্ধে ফুলবানু (২০১৪) ও ট্রেনের জানালার বাইরে (২০২৫)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জসিম শেখ নামের এক ব্যক্তি।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিন বিকেল ৪টার দিকে আহত গৃহবধূ জোনাকি খানমের মৃত্যু ঘটে।
পুলিশ ও পরিবারের সূত্রমতে, পারিবারিক কলহের জেরে জোনাকি খানমকে মারধর করার পর তার স্বামী জসিম শেখ হাতুড়ি নিয়ে থানায় যান। এসময় তিনি পুলিশের কাছে স্ত্রীকে মারধর করার বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে জানতে পারে যে, গুরুতর আহত অবস্থায় জেসমিন খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়ে আমরা পরিবারের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল হিসেবে চিহ্নিত একটি গোডাউন থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ সহযোগিতা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
মৎস্য বিভাগ জানিয়েছে যে, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ